বাংলা ভাষা উচ্চারিত হলে
বিভাস কুমার সরকার
বাংলা ভাষা উচ্চারিত হলে
নিকোনো উঠানে সত্যিই কি সেদিন ঝরে যেত রোদ ?
বারান্দায় লাগত জ্যোৎস্নার চন্দন ?
সত্যিই কি শোনা যেত অন্ধ বাউলের একতারা
উদার গৈরিক মাঠে, খোলা পথে ?
সত্যিই শোনা যেত উত্তাল নদীর বাঁকে বাঁকে
নদীর নর্তকী হওয়া ?
আপনি ভাগ্যবান কবি, আমরা অভাগা বাঙালি ----
আজ বাংলা ভাষা উচ্চারিত হলে তাই
শুনি কেবলই খিস্তি খেঁউড়, ধমকানি চমকানি
রাজনীতি সর্বস্ব তথাকথিত নেতা নেত্রীর মুখে !
ইংরাজি ও হিন্দির সদর্প শাসনে, তর্জন গর্জনে
লাস্ট বেঞ্চে বসে থাকা নতমুখে কুণ্ঠিত বাংলা
মনে মনে ভাবে ----- “ ভবিষ্যতে কি হবে আমার
সঠিক পরিচয় ------ ইংলা না হিংলা ? “
বাংলা ভাষা উচ্চারিত হলে তবু কিছু স্বপ্ন বেঁচে থাকে আজও
আকাশ যখন কালো মেঘে ঢেকে যায় ,শন শন হাওয়া বয়,
আর শুনি রবীন্দ্র গানে-- “ ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে"
কিম্বা নজরুলের উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয় শিকল ভাঙ্গার গান----
“কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট '”
কিম্বা অতুলপ্রসাদের সেই হৃদয় নিংড়ানো বাণী ----
“মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা"
তখন মনে হয়,
এই তো আমি দেখছি বাংলার রূপ
কিবা প্রয়োজন আর পৃথিবীর মুখ খুঁজতে যাওয়ার !
বাংলা ভাষা উচ্চারিত হলে
একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি তাই আজও চলে,
চলবে আবহমানকাল।
.jpg)
বক্তব্য হিসেবে ভাল।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনসম্প্রতি আমার এই কবিতাটি প্রকাশিত হয়েছে শহর নগর পত্রিকায় ।সুধী পাঠকদের মতামত পেলে ভালো লাগবে ।
উত্তরমুছুন