কবিতাঃ বাংলা ভাষা উচ্চারিত হলে () বিভাস কুমার সরকার

বাংলা ভাষা উচ্চারিত হলে   

         

বিভাস কুমার সরকার 


বাংলা ভাষা উচ্চারিত হলে 

নিকোনো উঠানে সত্যিই কি সেদিন ঝরে যেত রোদ ?

বারান্দায় লাগত জ্যোৎস্নার চন্দন ?

সত্যিই কি শোনা যেত অন্ধ বাউলের একতারা  

উদার গৈরিক মাঠে, খোলা পথে ?

সত্যিই শোনা যেত উত্তাল নদীর বাঁকে বাঁকে 

নদীর নর্তকী হওয়া ?  


আপনি ভাগ্যবান কবি, আমরা অভাগা বাঙালি ---- 

আজ বাংলা ভাষা উচ্চারিত হলে তাই 

শুনি কেবলই খিস্তি খেঁউড়, ধমকানি চমকানি

রাজনীতি সর্বস্ব তথাকথিত নেতা নেত্রীর মুখে !

ইংরাজি ও হিন্দির সদর্প শাসনে, তর্জন গর্জনে 

লাস্ট বেঞ্চে বসে থাকা নতমুখে কুণ্ঠিত বাংলা 

মনে মনে ভাবে ----- “ ভবিষ্যতে কি হবে আমার 

সঠিক পরিচয় ------ ইংলা না হিংলা ? “ 


বাংলা ভাষা উচ্চারিত হলে তবু কিছু স্বপ্ন বেঁচে থাকে আজও  

আকাশ যখন কালো মেঘে ঢেকে যায় ,শন শন হাওয়া বয়,

আর শুনি রবীন্দ্র গানে-- “ ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে" 

কিম্বা নজরুলের উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয় শিকল ভাঙ্গার গান---- 

“কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট '”

কিম্বা অতুলপ্রসাদের সেই হৃদয় নিংড়ানো বাণী ----

“মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা" 

তখন মনে হয়, 

এই তো আমি দেখছি বাংলার রূপ 

কিবা প্রয়োজন আর পৃথিবীর মুখ খুঁজতে যাওয়ার ! 


বাংলা ভাষা উচ্চারিত হলে 

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি তাই আজও চলে, 

চলবে আবহমানকাল।                                                                                    

৩টি মন্তব্য:

  1. বক্তব্য হিসেবে ভাল।

    উত্তরমুছুন
  2. সম্প্রতি আমার এই কবিতাটি প্রকাশিত হয়েছে শহর নগর পত্রিকায় ।সুধী পাঠকদের মতামত পেলে ভালো লাগবে ।

    উত্তরমুছুন