অণু কবিতার আসরঃ দেবানন্দ মুখোপাধ্যায়

 অণু কবিতার আসর   

দেবানন্দ মুখোপাধ্যায়  

(বেশ কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছে শহর নগর ব্লগজিনের প্রকাশনা। প্রিয় পাঠকদের অনেকেই ফোন এবং হোয়াটসঅ্যাপ বার্তায় এর কারণ জানতে চেয়ে মানসিক উদ্বেগ প্রকাশ করেছেন। এজন্য সকলের কাছে কৃতজ্ঞ। এবার পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা। আপনাদের আগ্রহ ও ভালবাসা আমাদের প্রেরণা। আজ প্রিয় কবি, সুসাহিত্যিক দেবানন্দ মুখোপাধ্যায়ের একগুচ্ছ অণু কবিতা দিয়ে ছন্দে ফেরা শুরু। কবিতার সাথে ব্যবহৃত চিত্রগুলিও কবির নিজস্ব সৃষ্টি। নিয়মিত শহর নগর ব্লগজিনের সঙ্গে থাকুন।)

 জীবন ১

আমরা সবাই রেসের ঘোড়া

কেউ আনকোরা ,কেউ বর্ণচোরা ।


  একদিন

একদিন --

একদিন শব্দের মৌমাছি হয়ে,

গড়ে তুলবো মৌচাক হৃদয়ে ।

  বিস্মরণ

মানুষ ভুলে যায়

গাছের রক্ত বইছে 

তার শিরায় শিরায় !


৪  অহংবোধ

চারিদিকে যখন ঘনঘোর অন্ধকার,

জোনাকিও পায় সূর্যের অহংকার ।

৫  গ্রহণকাল

তুমি , আমি আর ভালোবাসা

এক সরলরেখায় এলেই গ্রহণকালের শুরু ।


৬  ফেরিওয়ালা

কালের ফেরিওয়ালা রোজ দেয় ডাক,

নতুন বা পুরোনো কিছু পাক্ বা না পাক্ ।

৭   জীবন ২

হাইটেনশন লাইনে বসে কাটানো একতারা  জীবন ,

যে কোনো মুহূর্তে নীচের তার

ছুঁয়ে ফেলতে পারে ।

  যদি

চুল নখের মতো যদি,

জীবনটাও  কেটেছেঁটে

মানানসই রাখা যেতো নিরবধি !

৯  উত্তাপ

চালে জলে ভাত হয়না,

উত্তাপও দরকার হয় ।


১০  মন

এমন এক কোষের সমাহার

কখনও সে ললিত

কখনও বা সে ভৈরব ।

১১  স্কেল

মাপতে চাইলে মাপো,ভাঙ্গতে চাইলে

ভাঙ্গো পিঠে ,পরে সে নেবে মেপে

ইঞ্চিতে ইঞ্চিতে !


১২  ত্রিভূজ 

তিনটি সরলরেখা মানেই ত্রিভূজ নয় ,

তাদের মধ্যে স্পর্শও চাই ।

১৩  জীবন  ৩

 বেলুনে যতটুকু হাওয়া,

জীবন মানে ঠিক

ততটুকুই পাওয়া !


১৪  সুখী

এ জীবন  টানতে টানতে

একদিন হই সূর্যের মুখোমুখি,

শংসাপত্র কে দেবে ? আমি ছিলাম কতো সুখী ?


১৫  আঁচড়

জীবনের কাগজে একটু কালির আঁচড়

জীবন হয়ে ওঠে রণাঙ্গন বা গুলবাগিচা ।

১৬  প্রেম

প্রেমের জীবন একটা ভাবনা মাত্র

কখনও সে শুঁয়োপোকা ,কখনও প্রজাপতি !



১৭  দহন

সব আগুনই পোড়ায় না,

কিছু আজীবন জ্বলে প্রদীপের মতো ।

শীতলতাই বরং পুড়িয়ে ছারখার করে অনেক কিছুই ।



১৮  স্বপ্ন

পাখির যেমন ডানা থাকে

মানুষের তেমন স্বপ্ন !

১৯  জল

অজস্র বৃষ্টিধারা মাঝে

বৃথা  খোঁজা চোখের জল !

২০  ভালোবাসা

ভালোবাসা খুঁজে পাওয়া যায়না

সেই তোমাকে খুঁজে নেয় !


২১  সূর্য

সূর্য উঠলেই, 

আকাশের ক্যানভাস ফাঁকা হয়ে যায় ৷



২২  জীবন ৪

তালা ,চাবি ,দরজা

এই নিয়েই জীবনের তরজা !



২৩  রাস্তা

রাস্তা প্রতিনিয়ত পদপিষ্ট হয় 

তবু পৌঁছে দেয় নিজস্ব নিলয় ৷

২৪  বৃষ্টি

বৃষ্টি জানে তার জনমের দিন

তাই, মাটির বুকে ঝাঁপিয়ে মেটায় 

মায়ের সে ঋণ ৷ 

২৫ মৃত্যু

মৃত্যু যখন পটচিত্র বাঁধানো এক ফ্রেমে,

জীবন তখন ডুবে থাকে স্বপ্ন এবং প্রেমে ৷ 



৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹



১৫টি মন্তব্য:

  1. অভূতপূর্ব, জীবনকে এতো সুক্ষ্ম ভাবে বর্ণনা করা বোধহয় এই কবির পক্ষে ই সম্ভব। Really mind blowing 👍

    উত্তরমুছুন
  2. জীবনসত্যের সুন্দর সার সংক্ষেপ।

    উত্তরমুছুন
  3. অতনু চট্টোপাধ্যায়-অনেকদিন পর ভালো কবিতা পড়লাম।অর্থবহ কবিতাগুলো মনে দাগ কেটে যায়।কবিকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

    উত্তরমুছুন
  4. খুব ভালো। এতগুলো ভাল একসঙ্গে পাওয়া যায় না।

    উত্তরমুছুন
  5. কবিতা ও অলঙ্করণ দুই-ই ভালো লাগলো, খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  6. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  7. নতুন করে শুরু হতে দেখাটা আনন্দদায়ক । অণু কবিতা ও ছবি দুইই উপভোগ্য ।
    কেতকী বাগচী।

    উত্তরমুছুন
  8. ওহ! কী সুন্দর! প্রত্যেকটি অণু কবিতায় আছে অনুভবের ব্যাপ্তি আর সূক্ষ্ম বীক্ষণ। অলংকরণ উপরি পাওনা।

    উত্তরমুছুন