বাঁকুড়ায় বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শহর নগর প্রতিবেদন, বাঁকুড়াঃ বাঁকুড়া অগ্রণী সংঘের উদ্যোগে শহরের পাঠকপাড়ায় সংঘের নিজস্ব ভবনে একটি স্বাস্থ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে পাঠকপাড়া এবং তৎসংলগ্ন তিন চারটি ওয়ার্ডের ২০০ জন বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। শিবিরে কার্ডিও, নিউরো, মেডিসিন প্রভৃতি বিষয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শদানের পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষা করা হয়। এলাকার বরিষ্ঠ নাগরিক তথা অগ্রণী সংঘের প্রাক্তন সভাপতি লালমোহন চট্টোপাধ্যায়, প্রবীণ চিকিৎসক ডাঃ রামরঞ্জন ব্যানার্জি, ডাঃ শম্ভুনাথ সরাফ সহ এলাকার বহু বিশিষ্টজন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংঘের সভাপতি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক অশোক ভট্টাচার্য সংঘের সারা বছর ব্যাপী ধারাবাহিক কর্মসূচি তুলে ধরেন। ডাঃ শম্ভুনাথ সরাফ বলেন বিগত তিরিশ বছর আগে অগ্রণী সংঘের উদ্যোগে প্রতি সপ্তাহে নিয়মিত ভাবে এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছিল। সেই সময় তিনিও একটানা দশ বছর এখানে রোগী দেখেছেন। বর্তমানে শহরে সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হওয়ায় সেটা বন্ধ হয়েছে। তিনি সংঘের কর্মকর্তাদের ভবিষ্যতে দু তিন মাস অন্তর রোগ নির্ণয়ের জন্য এধরনের শিবির আয়োজন এবং রক্ত দান শিবিরের আয়োজনের পরামর্শ দেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন