প্রকাশিত হলো 'নীল জঙ্গলের পদাবলি'
শহরনগর প্রতিবেদন, বিষ্ণুপুর (বাঁকুড়া): রবিবার মার্চের আট তারিখ দ্বারকেশ্বর নদের তীরে অযোধ্যা গ্রাম পঞ্চায়েত শিশু উদ্যানে আয়োজিত এক মনোজ্ঞ কবিসভায় প্রকাশিত হলো বিশিষ্ট কবি ও গল্পকার জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ 'নীল জঙ্গলের পদাবলি'। আগরতলা, ত্রিপুরার বজ্রকণ্ঠ প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটির প্রকাশক কবি রাজেশ চন্দ্র দেবনাথ। শিশু উদ্যানের মনোরম পরিবেশে বিকেলের মেঘ, ছায়া ও আলোর ত্রিবেণীসংগমে বর্ষীয়ান কবি এবং ঘাসমাটি পত্রিকার সম্পাদক মুরলী দে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সঙ্গে ছিল স্পর্শ পত্রিকার কবিতার গাড়ি। মঞ্চে উপস্থিত ছিলেন কবি নবকুমার শীল, শীতল বিশ্বাস, অংশুমান কর্মকার, কবিতানুরাগী গোপালকৃষ্ণ ঘোষ এবং অজয় শীল। উপস্থিত সবার হাতে একটি করে বই তুলে দিয়ে তাঁদের সম্মানিত করেন কবি জয়ন্ত চট্টোপাধ্যায়।
গ্রন্থ প্রকাশের পর শুরু হয় কবিতা পাঠ ও কাব্য আলোচনা। উদ্বোধক কবি মুরলী দে জয়ন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কলেজ জীবনের স্মৃতি ও কাব্যকৃতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জয়ন্তকে কবি বলে চিনতাম, কিন্তু সে যে মনেপ্রাণে কবিতা সাধক তা বুঝে উঠতে আমার সময় লেগেছে।
উপস্থিত সকলেই সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থটি থেকে জয়ন্তবাবুর লেখা কবিতা পাঠে অংশগ্রহণ করেন এবং পঠিত কবিতার উপর তন্নিষ্ঠ আলোচনা চলে। কবিতায় মুখরিত এই সন্ধ্যায় উদ্যানে আগত দর্শকেরাও কৌতূহলী শ্রোতা হয়ে ওঠেন।

ধন্যবাদ প্রিয় শহর নগর পত্রিকা এবং সম্পাদক মাননীয় সন্তোষ ভট্টাচার্য মহাশয়।
উত্তরমুছুনজয়ন্তবাবুর জন্য থাকল ভালোবাসা
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়