দোলের দিনে
স্বপন কুমার পাল
আজ খুব মনে পড়ছে বনানী কথা,
সে কি এখনো হুল্লোড়বাজ,
রঙ নিয়ে মাতে!
দোলের দিন এলে আমার
ঘরে খিল আঁটা,
বাইরে থেকে লোহার শিক
দিয়ে ওর খিল খোলা।
তারপর আর কি
আমি গোটাটাই রঙিন।
রঙকে আমার চিরদিনই ভয়,
তারই সাথে বনানীকে।
ঐ দিনটাতে কোথায় পালাব,
মামাবাড়ি না মাসিবাড়ি?
পালিয়ে গিয়েও দেখেছি,
সে আর এক জ্বালা,
রঙ পিছু ছেড়ে চলে গেলেও
বনানী তো পিছু ছাড়ে না!
দিনটা যেন আরো কর্কশ,
কোকিলের ডাকও কাকের মত।
সেই থেকে আর পালাই না ।
এমনি এক দোলের দিনেই
আমার কপালে আবীরের
টিপ দিয়ে তার বলা,
আমায় যেদিন টিপ দিবি
সেদিন কিন্তু দোল নয় --
টরেন্টো থেকে বনানী ছবি
পাঠাল, এক মাথা সাদা চুল
রাঙিয়ে দিয়েছে ওর নাতি।

সুন্দর নস্টালজিক প্রকাশ।
উত্তরমুছুন