এই সময়ের কবিতাঃ আদিম পাশবিকতা () রহিমা রহমান

 আদিম পাশবিকতা

ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি রহিমা রহমানের কবিতা। - সম্পাদক)

রহিমা রহমান 

একবিংশ শতাব্দীর অতি আধুনিক যুগেও

চিত্রটা বদলায় না,

আজও নিজের সম্ভ্রম বাঁচাতে ক্ষতবিক্ষত লাশ হতে হয় নারীকেই !

নারীখাদক পিশাচের দল আজও

খ্যাপা কুকুর শেয়ালের মত হিংস্র দাঁত নখের থাবা বসায়,

তার লালসার শিকার এক ফুটফুটে নারীশিশুও

বধ্যভূমির চেহারায় জেগে থাকে তথাকথিত নগ্ন সভ্যতা।

চিল শকুনের মত ছিঁড়ে খায় এক মানবী শরীর!!

দুর্মদ নরকের কীট ক্ষমতার আবডালে, ঘুণধরা আভিজাত্যের অহংকার!

ক্ষমতার অলিন্দে পচা শামুকের পূতিগন্ধ।

নারী লাঞ্ছনার অধিকার পায় কোন বলে বলীয়ান? 

কলঙ্কের দাগ লাগে লাঞ্ছিতার শরীর মন জুড়ে।

ভয়ঙ্কর পাশবিকতা বেড়ে চলে বেপরোয়া।

এ কার অক্ষমতায় দুর্বৃত্তের ক্ষমতার আস্ফালন?

একি অতি আধুনিকতার অভিশাপ? 

অবলা শিশুও মুখ ঢাকে এ লজ্জায়, আঁৎকে ওঠে নাগরিক সমাজ।

এ কোন আদিমতার চোরাবালিতে তলিয়ে যাচ্ছে মানবসভ্যতা!

৪টি মন্তব্য:

  1. আদিমতার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে সভ্যতা ঠিক তাই কবি দূরদৃষ্টি সম্পন্ন | সমাজ বাঁচাতে এগিয়ে আসার ডাক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ আপনাকে 🙏। আপনিও কলম ধরুন। শহর নগরের সঙ্গে থাকুন।

      মুছুন
  2. অতনু চট্টোপাধ্যায়
    নগরায়নের দৌলতে পোশাক বদলে শ্বাপদেরা
    লাফিয়ে পড়ে নারীর দেহের উপর।প্রতিবাদের
    হাতিয়ার হল লেখনী।এটার মাধ্যমে জনগনকে
    কতটা উজ্জীবিত করবে জানি না,তবে কবিতা
    র মধ্যে পুরুষদের প্রতি একটা সতর্কতা জরুরী ছিল।

    উত্তরমুছুন