সাংস্কৃতিক সংবাদঃ ঐতিহ্যবাহী আলপনা শিল্প এবার বিশ্বমঞ্চে

 বিশ্বমঞ্চে বাঁকুড়ার আলপনাঃ

স্বর্ণ পদক জিতে ঘরে ফিরল পম্পা

শহর নগর প্রতিবেদন (শুভ্রাচল চৌধুরী), ছাতনাঃ বাংলার ঐতিহ্যবাহী আলপনা শিল্প এবার পৌঁছে গেল আন্তর্জাতিক স্বীকৃতির শিখরে। সেই কৃতিত্বের অধিকারী বাঁকুড়ার ছাতনার মেয়ে পম্পা কুণ্ডু। পুজো-পার্বণ বা শুভ অনুষ্ঠানে বাঙালির ঘর সাজাতে আলপনার ভূমিকা বহুদিনের, তবে এই সূক্ষ্ম ও নান্দনিক শিল্পে দক্ষতা অর্জন করা মোটেই সহজ নয়।

এই শিল্পকেই নিজের সৃজনশীলতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে পম্পা। অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত “অঙ্কন রত্ন অন্বেষণ” প্রতিযোগিতায় ধাপে ধাপে ব্লক, জেলা ও জাতীয় স্তর অতিক্রম করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় সে। প্রতিটি পর্যায়ে নিজের প্রতিভার ছাপ রেখে শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্তরে বিশেষ স্বীকৃতি ও গোল্ড মেডেল অর্জন করে পম্পা।

রাজ্য স্তরে প্রথম হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে আলপনা শিল্পের জন্য এই সম্মান তার কাছে বিশেষ প্রাপ্তি। পম্পার কথায়, “দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেয়ে খুবই ভালো লাগছে।”

তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, গোটা বাঁকুড়া জেলার গর্ব। জানা গেছে, আলপনা বিভাগে এই প্রথম জেলার কোনও শিল্পী আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

ছাতনার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়ার এই সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী। পম্পার এই যাত্রা নতুন প্রজন্মকে দেখাচ্ছে - পরিশ্রম, নিষ্ঠা আর প্রতিভা থাকলে গ্রামবাংলার মাটিতেও লুকিয়ে থাকে বিশ্বজয়ের স্বপ্ন।



1 টি মন্তব্য: