ক্ষণপ্রভা
(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি স্বপন কুমার পালের কবিতা। - সম্পাদক)
স্বপন কুমার পাল
"ক্ষণপ্রভা প্রভা-দানে বাড়ায় মাত্র আঁধার পথিকে ধাঁধিতে"।
মধু কবির লাইন মনে পড়ে?
মধ্যরাতের রাজ্য জুড়ে জনস্রোত, সে কি ক্ষণপ্রভা!
কতদিন আগে নির্ভয়া কাণ্ডে দেখেছিলাম দিল্লির রাস্তায়,
দেখেছিলাম রাজ্যে ভারতবর্ষের নানা প্রান্তরে
সেই মোমবাতির শিখা এখন নিভন্ত।
আমাদের এই সাধের বাংলা ঢাকে গাঢ় অন্ধকারে
পার্ক স্ট্রীট থেকে কামদুনি হয়ে আর জি কর
কী নির্মমতা আর চাপা কান্না !
দিন কয়েক খবরের শিরোনাম,
তারপর -
"কালের কপোলতলে"সে কি সমুজ্জ্বল থাকে?
আসলে কবি, শঙ্খ ঘোষের কথায় - আমরা মেরুদন্ড খুঁজে বেড়াচ্ছি,
সে যে বাঁধা আছে উপঢৌকনে।
আমরা নিশ্চিত সরীসৃপ,
কখনো কখনো শীত ঘুম থেকে উঠে পড়ি।
কত লেখা, কত ছবি কতজনের হাহুতাশ,
ক্রমে ক্রমে স্তিমিত হয় রাজনীতির পৈশাচিক হাসিতে, উল্লসিত মনে মসনদের গদীতে পুনর্বার।
সরীসৃপ, তুমি শীত ঘুম থেকে জাগো,
একবারের জন্যও তোমার বিষধর ফনার ছোবল মারো ঐ সব কুৎসিত মসনদের দখলদারদের।
হাজার হাজার দধীচি প্রস্তুত হও
তোমাদের হাড়ে তৈরি হোক কঠিন বজ্র,
ধ্বংস কর মানুষের মুখোশধারী দখলদারদের।
সঙ্গের ছবিঃ শিল্পী বিশ্বরূপ দত্ত

বলিষ্ঠ লেখনী। প্রতিবাদ চলতে থাকুক।✊
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏
মুছুন