ধারাবাহিক প্রবন্ধঃ অগ্নিশপথ - ৫৭ () সুকুমার বন্দ্যোপাধ্যায়

অগ্নিশপথ

সুকুমার বন্দ্যোপাধ্যায়


(স্বাধীনতা' - শৈশব থেকে এই একটা শব্দ যে আবেগ, যে অনুভূতির সৃষ্টি করে, দিনে দিনে তা কেমন যেন বদলাতে শুরু করে। সময়ের সাথে সাথে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বদলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে স্বাধীনতার স্বাদ অধরাই থেকে যায়। এখন আবার কে কতো বড় সেক্যুলার তার প্রমাণ করার প্রতিযোগিতায় ধর্মের দণ্ড হাতে ক্ষমতা ধরে রাখার এই যে নিরন্তর প্রচেষ্টা তা আমাদের দেশের স্বাধীনতার জন্য অগ্নিযুগের আন্দোলনকে কলুষিত করছে, রাষ্ট্রের পরিবেশকে চরম আঁধারপথে ঠেলে দিচ্ছে। এই অন্ধকারময় সময়ে একটু আলোর সন্ধানে আমরা ফিরে দেখি অগ্নিযুগের সেই আগুন পাখিদের কর্মকাণ্ড। গত  বছরের ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ ধারাবাহিক প্রবন্ধ - 'অগ্নিশপথ' ।  প্রিয় সাংবাদিক ও প্রাবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায় এক বছর ধরে নিয়ম করে প্রতি রবিবার এই ধারাবাহিকটির পর্বগুলি যত্ন সহকারে লিখছেন এবং আগ্রহী পাঠকদের সামনে আমরা তুলে ধরছি। আজ  সাতান্ন পর্ব - সম্পাদক ।)  


মেদিনীপুর আদালতে মামলা চলাকালীন ক্ষুদিরামের বিচারের সওয়াল জবাব শুনতে প্রচুর কৌতুহলী মানুষের ভিঁড়। ক্ষুদিরাম নিজেকে বাঁচানোর জন্য আত্মপক্ষ সমর্থন করেন নি। কোনও চেষ্টা করেননি মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য। আজও ব্রিটিশ বিচারক বারবার প্রশ্ন করেছেন,- এই পুস্তিকা কে তোমাকে বিলি বন্টন করতে দিয়েছিল?
মাথা উঁচু করে ভয়লেশ কণ্ঠে বললেন, তার নাম জানি না। এড়িয়ে গেলেও আবার প্রশ্ন বিচারকের- সে এই আদালতে থাকলে দেখিয়ে দাও। সামনেই মুখোমুখী দাঁড়িয়ে আছেন সত্যেন্দ্রনাথ। ক্ষুদিরামের চোখাচখি হলেও ধৈর্য আর সংযমের পরীক্ষা চলছে দু'জনেরই। ভয়ডরহীন ভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে এক কিশোরকে আপাদমস্তক দেখছেন সত্যেন। ভয় ও আশঙ্কা বাসা বেঁধেছিল তাঁর মনে, পাছে কুট কৌশলী বিচারকের প্রশ্নের চাপে পড়ে নাম ধাম বলে দেয় ক্ষুদিরাম! তাহলেই সর্বনাশ নেমে আসবে সমিতির। ফেঁসে যাবে পুরো নেটওয়ার্ক। দীর্ঘ সওয়াল জবাব শেষে বিচারক আসামীকে বেকসুর খালাস করে দিলেন। নাবালক বলেও তাঁকে সমস্ত ধারা থেকে রেহাই করে দেওয়া হয়। সরকারিভাবে বলা হয়েছে যে , এই আসামী নিতান্তই ছেলেমানুষ এবং এই দেশদ্রোহের কাজ নিজের ইচ্ছাতে করেনি। তাই মহামান্য আদালত এই সিদ্ধান্ত গ্রহন করেছে। ক্ষুদিরামের মুক্তির খবর তীর বেগে ছড়িয়ে পড়লো শহর, গঞ্জ ও পল্লীর় আনাচে কানাচে। ছাত্রদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। উল্লসিত অগণিত ছাত্র যুব এমনকি সাধারণ মানুষ সামিল হলেন ক্ষুদিরামের মুক্তির আনন্দে। আদালত থেকে বীরদর্পে বেরিয়ে আসছেন ক্ষুদিরাম। বিজয়ী বীর যোদ্ধার মর্যাদায় সম্মাননা, সংবর্ধনা জানাচ্ছেন আপামর মানুষ। শহরের গণমান্য ব্যাক্তিত্ব ব্যারিষ্টার কে.বি. দত্তের ফিটন গাড়িতে তোলা হল ক্ষুদিরামকে। আজ আর ঘোড়া নয়, ফিটন গাড়িকে টেনে নিয়ে যাবে ছাত্র যুবদের দল। ফিটনের একেবারে সামনের সিটে ফুল মালায় সাজিয়ে ক্ষুদিরামকে বসানো হয়েছে ফিটনে। একদিকে আনন্দোল্লাস অন্যদিকে গগন বিদারী বন্দেমাতরম্ ধ্বনিতে মুখরিত আদালত থেকে কলেজিয়েট স্কুলের দেউড়ি অবধি। সারা শহর জুড়ে এই মিছিল পরিক্রমা করে। যে যেদিক থেকে পেরেছে মিছিলে অংশ নিয়েছে। সৌভাগ্যবশত সেদিন মেদিনীপুরে হাজির ছিলেন অরবিন্দ ঘোষ। ক্ষুদিরাম মাথা নিচু করে দুহাত দিয়ে পা ছুঁয়ে প্রণাম করতেই বুকে টেনে নিয়ে মনপ্রাণ উজাড় করে আশির্বাদ করলেন অরবিন্দ। বিপ্লববাদের অগ্নিপুরুষ বুকে টেনে নিতেই অনুভব করলেন কতটা আগুন জ্বালিয়ে রেখেছেন এই আগুন পাখি। 
নিজে মুক্তি লিখেও সন্তুষ্ট নন মাননীয় বিচারক। খটকা মেটানোর জন্য নিজের কক্ষে ডেকে পাঠালেন ক্ষুদিরামের জামাইবাবু অমৃতলাল বাবুকে। .......... 

অনিবার্য কারণে রবিবার এই পর্বটি প্রকাশ করা সম্ভব হয়নি। সেকারনে আমরা দুঃখিত। 
চলবে 

1 টি মন্তব্য:

  1. বড় মন কেমন করা কাহিনি।নিজের জীবন বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল মুক্তিতে বিপ্লবীদের জানাই স্যালুট
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন