বাঁকুড়ায় ২৭৫ কেজি গাঁজা উদ্ধার আন্তঃরাজ্য মাদক কারবারির হদিস
শহর নগর প্রতিবেদন বাঁকুড়াঃ গোপন সূত্রে খবর পেয়ে মেজিয়ায় এক গৃহস্থের বাড়িতে হানা দিয়ে মিলল ‘গাঁজার ভান্ডার’। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ কয়েক লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক মহাদেব কেওড়াকে। ধৃত ব্যক্তি আন্তঃরাজ্য মাদকপাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত বলে পুলিশের অনুমান।
অবৈধ গাঁজা ও চোলাই মদের কারবার ঠেকাতে কিছুদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে অভিযানে নেমেছে বাঁকুড়া জেলা পুলিশ। সম্প্রতি বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় হানা দিয়ে কয়েকজন গাঁজা কারবারিকে আটকও করেছেন তারা।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের অপরাধদমন শাখা এবং মেজিয়া থানার পুলিশ যৌথ ভাবে হানা দেয় মেজিয়ার একটি বাড়িতে। উদ্ধার হয় গাঁজার প্যাকেট ভর্তি একটি ট্রাঙ্ক । পুলিশের দাবি উদ্ধার হওয়া গাঁজার ওজন ২৭৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
এছাড়াও তল্লাশির সময় নগদ ৭ লক্ষ টাকাও উদ্ধার হয়। ধৃত বাড়ি মালিককে সোমবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার পি.ভি.জি সতীশ সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘প্রাথমিক তদন্তে অনুমান, ধৃত গাঁজা পাচারকারীর সঙ্গে সরাসরি আন্তঃরাজ্য পাচারকারীদের যোগ রয়েছে বলে জানা গেছে। ধৃত মহাদেব কেওড়া রাজ্যের সীমান্তবর্তী এলাকার নাকা অভিযান ফাঁকি দিয়ে ওড়িশা থেকে গাঁজা নিয়ে ঢুকেছিলেন এবং এই বিপুল পরিমাণ গাঁজায়বাড়িতে মজুত রেখেছিলেন।’’ পুলিশ সুপার জানান, তাঁর সঙ্গে এই চক্রে আরও কে কে রয়েছেন খতিয়ে দেখা হচ্ছে। এই কারবারে যুক্ত সুনীল কেওড়া নামে অপর এক অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা গেছে। সকলকেই শীঘ্রই ধরা হবে পুলিশ সুপার জানান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন