ধারাবাহিক উপাখ্যানঃ সুমন্ত্র কথা (পর্ব ১৮) - অতনু চট্টোপাধ্যায়

 সুমন্ত্র কথা 

অতনু চট্টোপাধ্যায় 

(রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের কাহিনী নিয়ে গল্প প্রবন্ধ লেখার শেষ নেই। ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দুই মহাকাব্যের চরিত্ররা। বাঁকুড়া জেলার প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায়ের কলমে এবার উঠে এলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা রামায়ণের অমর কাহিনীর টুকরো টুকরো অংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক উপাখ্যান। আজকের পর্বে "সুমন্ত্র কথা"। প্রতি সোমবার ও শুক্রবার  শহর নগর ব্লগজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ধারাবাহিকটি। আজ পর্ব - আঠারো - সম্পাদক)

সুমন্ত্র এই শব্দের মধ্যে আছে দুটি শব্দঃ সু ও মন্ত্র। সু অর্থে শুভ এবং মন্ত্র অর্থে মন্ত্রণা দান করা। অর্থাৎ যিনি সু পরামর্শ বা সু মন্ত্রণা দান করে থাকেন, তিনিই সুমন্ত্র। এটা তো গেল নামের ব্যাখ্যা। কিন্তু তাঁর বংশ পরিচয় কি ছিল? বাল্মিকী রামায়ণে তাঁর বংশ নিয়ে অর্থাৎ তাঁর বংশ পরিচয় ঠিক ভাবে পাওয়া যায় না। তবে যেটুকু আলোচনা করা হয়, তা হল তিনি নাকি ঋষি বংশজাত সন্তান।আবার অনেকে অনুমান করেন যে, তিনি সূত বংশের হবার দরুন তিনি সুমন্ত্র নামে পরিচিত। ঐ সমযকালে সূত অর্থে ব্যবহৃত হত সারথী।

সে যাই হোক,রামায়ণে সুমন্ত্র একটি বর্ণময় চরিত্র। যদিও তাঁর ভূমিকা নিয়ে সেভাবে আলোচনা হয়নি। তাঁর ভূমিকা ছিল রাজপরিবারে বেশ উল্লেখযোগ্য। কথিত আছে যে, রাজা দশরথ যখন কোশল রাজকন্যাকে বিবাহ করেন, তখন সুমন্ত্র ও বিবাহ করেন কোশল রাজ্যের মন্ত্রীর কন্যাকে। রাজা দশরথ তাঁকে একজন প্রধান অমাত্য হিসাবে নিজ মন্ত্রীসভাতে স্থান  দিয়েছিলেন।বিভিন্ন সমস্যাতে দশরথকে তিনি সু পরামর্শ দান করতেন। তিনি একজন রাজ কর্মচারীই ছিলেন না, তিনি ছিলেন পরিবারেরও একজন পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষী।

রাণী কৈকেয়ী যখন দশরথের কাছ থেকে বর চেয়ে রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস ও ভরতের রাজা হিসাবে নিযুক্তি চেয়ে বসেন, তখন পরিবারের একজন সদস্য হিসাবে কৈকেয়ীকে বোঝানো ছাড়াও ধমকেও ছিলেন।

রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের উদ্দেশ্যে বনবাসে গেলেন, তখন সুমন্ত্রই রামের রথের সারথী হয়ে নদী পার করিয়ে,ঋষিশৃঙ্গের আশ্রমে পৌঁছে দিয়েছিলেন। আবার যখন রামচন্দ্র বনবাস সেরে অযোধ্যাতে ফিরে আসেন, তখন রামচন্দ্রের রাজ্যাভিষেক সহ বিভিন্ন কার্য পিতৃব্য হিসাবে পালন করেন। তিনিও রামচন্দ্রের একজন পরামর্শদাতা ও প্রধান অমাত্য হিসাবে রাজসভা অলঙ্কৃত করেন। বিভিন্ন সমস্যা সমাধানে সুমন্ত্রের পরামর্শ ছিল রামচন্দ্রের কাছে বেদবাক্য।

রামচন্দ্র বনবাসে যাবার পর অনভিজ্ঞ ভরত ও শত্রুঘ্নের পাশে থেকে রাজ্য শাসনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।তাঁর নির্লোভ স্বভাব ও রাজভক্তি সেভাবে আলোকিত না হলেও, বর্তমান পরিস্থিতিতে তাঁর ভূমিকা অনুকরণীয়। যখন চারিদিকে শুধুই স্বার্থ নিয়ে জগত সংসার চলছে, তখন এই রকম একজন ব্যক্তিত্ব প্রণম্য। তিনি নীরবে নিজের কাজ করে গেছেন, যেটা এই কাব্যে আরো আলোচিত হওয়া প্রয়োজন ছিল।

চিত্র ঋণঃ রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিক 

চলবে

২টি মন্তব্য:

  1. শ্যামাশঙ্কর বরাট৯ নভেম্বর, ২০২৬ এ ৫:২২ PM

    অজানা কে জানতে ,আপনার এই লেখা অবশ্যই পড়তে হবে ।

    উত্তরমুছুন
  2. সংক্ষেপে বেশ ভালো রকম আলোচনা করেছেন দেখছি তো ! বেশ ভালো ।

    উত্তরমুছুন