আর্য অনার্য তথা তাড়কার কথা
(রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের কাহিনী নিয়ে গল্প প্রবন্ধ লেখার শেষ নেই। ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দুই মহাকাব্যের চরিত্ররা। বাঁকুড়া জেলার প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায়ের কলমে এবার উঠে এলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা রামায়ণের অমর কাহিনীর টুকরো টুকরো অংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক উপাখ্যান। আজকের পর্বে "আর্য অনার্য তথা তাড়কার কথা"। প্রতি সোমবার ও শুক্রবার শহর নগর ব্লগজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ধারাবাহিকটি। আজ পঞ্চম পর্ব। - সম্পাদক)
(৫)
ত্রেতা যুগে আমরা দেখতে পাই আর্য অনার্যের বৈরিতা। না ছিল কোন বন্ধন, আর না ছিল পারস্পরিক কোন বৈবাহিক সম্পর্ক। বরং এক্ষেত্রে উল্টো চিত্রই চোখে পড়ে। অথচ এই রামচন্দ্র সীতা উদ্ধারে অনার্যদের উপরই বেশি নির্ভরশীল ছিলেন। রামায়নের যুদ্ধ প্রকৃতপক্ষে ছিল আর্য অনার্যের যুদ্ধ। এই যুদ্ধে রামচন্দ্র যে সব অনার্যদের সাহায্য সবথেকে বেশি লাভ করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বানর সেনার সাহায্য। এ ছাড়াও বনবাসের প্রাথমিক পর্যায়ে নিশাদ রাজ গুহকের (গুহক চন্ডাল) সাহায্য গ্রহন করেছিলেন। তাছাড়াও অনার্য জটায়ুর ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।সীতাকে হরণ করার কারনেই এই যুদ্ধ সংগঠিত হলে, আরো অন্যান্য অনার্য বংশীয় রাজন্যদের ভূমিকা আমরা খুব একটা দেখতে পাই না। আর এসবের ভিত্তিতে আমরা লক্ষ্য করেছি যে, অনার্য সম্প্রদায়ের উত্থান পুরো দেশকে বিচলিত করেছিল। আর এই লক্ষ্যকে সামনে রেখেই রাম রাবণের যুদ্ধ সংগঠিত হয়েছিল।
আমরা আসি তাড়কার সম্পর্কে। অনার্য সম্ভুত তাড়কাকে দুষ্ট রাক্ষসী হিসাবেই জানি। কিন্তু কেন তার এই পরিনতি? সেটাই আজ আলোচনা করার চেষ্টা করি। তাড়কা রাক্ষসী হিসাবে দুষ্ট রাক্ষসী হিসাবে পরিচিত হবার আগে রয়েছে এক করুণ উপাখ্যান।তাড়কা 'রাক্ষসী' হবার আগে ছিল এক রূপসী নারী তথা রাজকন্যা।যক্ষরাজ সুকেতু ছিলেন অপুত্রক। তার কোন সন্তানাদি না থাকার কারণে তিনি ব্রহ্মার তপস্যা করেন। বহু বছর তপস্যার পর, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেন। কিন্তু তিনি পুত্রের পরিবর্তে লাভ করেন এক অপরূপ সুন্দরী ও বলশালী কন্যা। আদতে তিনি ছিলেন রাজকন্যা। সময়ের সাথে সাথেই রাজকন্যা শিক্ষা সাহিত্য ও শাস্ত্র বিদ্যাতে পারদর্শী হয়ে উঠেন। রাজকন্যা একা একাই ভ্রমণ করতেন, শিকারও করতেন। এই রকমই একদিন যুবতী রাজকন্যার সাথে এক অনার্য শ্রেণীর রাক্ষসের পরিচয় ঘটে। তার প্রেমে পড়ে যান রাজকন্যা। সুপুরুষ ও শাস্ত্র বিদ্যাতে পারদর্শী হলেও তিনি ছিলেন এক দরিদ্র সন্তান। নাম ছিল সুন্দ। সুন্দ-র সাথে রাজকন্যা তাড়কার প্রেম প্রনয় চলতে থাকে। মনে মনে সুন্দকে নিজের স্বামীর আসনে বসিয়েই ফেলে রাজকন্যা। একদিন সুন্দকে সাথে নিয়ে তাড়কা পিতার কাছে উপস্থিত হয়ে দুজনের ভালোবাসার কথা বলার সাথে সাথেই বিবাহের কথাও বলে স্পষ্টবাদী তাড়কা। কিন্তু পিতা তার এই প্রস্তাবে রাজী হলেন না। অনেক বোঝানোর চেষ্টা করেও রাজকন্যার মনের মানুষকে পৃথক করতে পারলেন না।একমাত্র পুত্রীর কাছে হার মানতে রাজী ছিলেন না সুকেতু। তিনি তার কন্যাকে রাজ্য থেকে বিতাড়িত করলেন। রাজসুখ ভোগ করে আসা তাড়কা বনে ছোট কুটির বেঁধে বাস করতে লাগল। সংসারে নিত্য অনটন। সংসার চালানোর জন্য কাঠ কেটে বিক্রি করে উপার্জনের সাথে সাথে বনজঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে এনে উদর পূর্তি ঘটাতে লাগল। ওদের দুজন পুত্র সন্তান হল- নাম মারীচ আর সুবাহু।
একটা সময়ে জঙ্গলে প্রচন্ড খাদ্যসঙ্কট দেখা দিল। ফলমূল পাওয়াও দুস্কর হয়ে উঠল। এদিকে বাড়িতে দুই পুত্র সহ চারজনের সংসার। এরকমই একদিন খাদ্য আহরনে গিয়ে কোন ফলমূল জোগাড় করতে পারল না। বাড়িতে নিষ্পাপ দুটি শিশুর মুখচ্ছবি ফুটে উঠল। ঘুরতে ঘুরতে সুন্দ উপস্থিত হল এক মুনির আশ্রমে। বাইরে যজ্ঞকুন্ড সাজানো। পাত্রে রয়েছে বিভিন্ন ফলমূল। সুন্দ আর কালবিলম্ব না করে ঐ ফল থেকে কিছু ফল চুরি করে আসার সময় আশ্রমে উপস্থিত মুনি ঋষিদের দল তাকে ধরে ফেলে। তারপর তার কাছ থেকে ফলমূল কেড়ে নিয়ে প্রহারপূর্বক তাকে জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরে ফেলে।
মুনি ঝষিরা সমাজের কল্যান সাধনের জন্য নিবেদিত প্রান হয়েও, এতটা অমানবিক আচরণ কি ভাবে করতে পারেন? এই ঘটনা কি নিন্দনীয় নয়? কিন্তু কাহিনীকার এই ঘটনাকে লঘু করে দেখিয়ে ব্রাহ্মন্যবাদকে প্রশ্রয় দিয়েছেন। এই ঘটনা তো একটা হত্যা। না কি অনার্য বংশোদ্ভুত বলেই এই অন্যায় আইনসিদ্ধ। কোন জায়গা থেকে সুন্দ কিন্তু যজ্ঞস্থলে কোন ব্যাঘাত সৃষ্টি করেনি। তার পুত্রদ্বয়ের অভুক্ত মুখচ্ছবি তাকে চুরি করতে বাধ্য করেছিল।
কুটিরে তখন দুই পুত্র নিয়ে তাড়কা অস্থির পায়ে বাইরে বেরিয়ে সন্দের সন্ধান করতে থাকেন। হঠাৎ খবর আসে যে, অগস্ত্য মুনির আশ্রমে একজন মারা গেছে। তাড়কা ওখানে পৌঁছেই মৃত স্বামীকে দেখতে পান। সে একজন ক্রুদ্ধ বাঘিনী সম হয়ে উঠে। সরাসরি প্রশ্ন করেন কেন তার স্বামীকে এই ভাবে মৃত্যু বরণ করতে হল? তার অপরাধ তো শুধু পুত্রদের খাবারের জন্য কিছু ফল চুরি করেছিল।তারজন্য তাকে এতবড় শাস্তি কেন দেওয়া হল? কেনই বা বিনা অপরাধে একজন পত্নীর স্বামীকে কেড়ে নেওয়া হবে? এ প্রশ্নের কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায় নি। রাগে ক্ষোভে তাড়কা যজ্ঞস্থল ধ্বংস করে দেয়। সবকিছু তছনছ করে দেয়।
তার এই রণ চন্ডীনী মূর্তি দেখে অগস্ত্য সহ অন্যান্য মুনিরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেন। তাকে সামলানো কারো পক্ষেই সম্ভব হল না।পিতৃগৃহ যে স্বামীর জন্য পরিত্যাগ করেছিল,তার মৃত্যু সে মেনে নিতে পারে নি। এদিকে তাড়কার তান্ডব দেখে আর চুপ করে থাকতে পারেন নি অগস্ত্য মুনি। সে যে কাজ করেছে, সেটা একজন রাক্ষসীর পক্ষেই সম্ভব। আর তাই তিনি অভিশাপ দেন যে সুরূপা তাড়কা আজ থেকে কুরূপা রাক্ষসী হবে। আর হলোই তাই। এরপর সে প্রতিদিন বিভিন্ন মুনি ঋষিদের আশ্রমে গিয়ে যজ্ঞস্থলে রক্ত, হাড় মরা প্রানীর দেহ ফেলে দিয়ে যজ্ঞ পন্ড করার কাজ করতে থাকল।
চিত্র ঋণঃ 'জাগরণ'
চলবে

খুব ভালো।
উত্তরমুছুনঅসাধারণ । অসাধারণ
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনঅজানা তথ্য জেনে ভালো লাগল
উত্তরমুছুনদীনবন্ধু বন্দ্যোপাধ্যায়
পর্বটি ভালো লাগলো। অভিনন্দন।
উত্তরমুছুন