অনন্ত মিথ্যা তেলের প্রদীপ
সোনাই চ্যাটার্জ্জী
এই ভাঙাচোরা শহরে ঈশ্বর থাকেন?
তবে কেন রাস্তার ধুলো চেটে খায় পথশিশু,
শরীর বেচে কষ্টে থাকা শালুক- মালা- জরিনা-মেরিন
জানতে চাই- কোথায় তুমি?
একবার হাওয়া ও ছায়াকে দেখি
কোন কাজ নেই
সেই ত্রিশ পার করা বেকার যুবকের মতো বসে আঁটি বাঁধে
মা উনুনে চাল ছাড়া ভাত চাপান
অথচ উঠোনে ধূপ পোড়ে
শরীর এলিয়ে পড়ার আগে গাছের পাতাটাও চোখ মারে-
কি হে! তোমার ভারী পৃথিবীতে তিনি কোথায়?
ভগবান-ঈশ্বর-পরমাত্মা
সে তো নিজেই একাকীত্বের বাগানে আপেল চিবোয়
তুমি শুধু শুধু প্রদীপে তেল ঢালো
পারলে বুকে মাখো
দেখবে হৃদয় দেবতা জেগে যাবে...
চিত্রকরঃ বিশ্বরূপ দত্ত

বেশ ।
উত্তরমুছুনS খুব ভালো কবিতা।
উত্তরমুছুন