উত্তর সম্পাদকীয়ঃ সংবাদ সাংবাদিকতা ও গণমাধ্যম (৩) - সন্তোষ ভট্টাচার্য


সংবাদ সাংবাদিকতা ও গণমাধ্যম

সন্তোষ ভট্টাচার্য

(সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে চর্চা করতে মন্দ লাগে  না। কিন্ত কতটা স্বাধীন আজকের সংবাদ মাধ্যম, সাংবাদিক ও সম্পাদকরা। প্রবীণ সাংবাদিক ডঃ পার্থ চট্টোপাধ্যায় কয়েকবছর আগে বাঁকুড়া বইমেলা উদ্বোধন করতে এসে বলেছিলেন যে তিনি রামানন্দ চট্টোপাধ্যায়কে এদেশের শেষ স্বাধীন সম্পাদক মনে করেন। এসম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। গতকাল ৩ মে ছিল"ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে" । সেদিন থেকে শুরু হয়েছে প্রাসঙ্গিক একটি নতুন ধারাবাহিক সম্পাদক সন্তোষ ভট্টাচার্যের কলমে।  অনুগ্রহ করে সম্পূর্ণ লেখাটি পড়তে অনুরোধ জানাই। আজ তৃতীয় কিস্তি)

তিন 


রাজ্যের মানুষ ৩৪ বছরের বামপন্থী শাসন দেখেছে এবং ১৩ বছরের তৃণমূল কংগ্রেসের শাসন দেখছে। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী ৭৫ বছরের বেশিরভাগ সময় এরাজ্য অকংগ্রেসীদের দখলেই। ব্রিটিশ শাসনের সময় থেকে অদ্যাবধি সব শাসকের মুখেই সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার কথা শোনা গেলেও শাসকের অপছন্দের  জন্য সাংবাদিক সম্পাদকের বিরুদ্ধে গলার সুর চড়াতে অভ্যস্ত সকলেই। তাই গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে নড়বড়ে করে দিতে সকল শাসককে একই পথে হাঁটতে দেখা গেছে বারংবার। ভারতে সংবাদপত্রের জনক জেমস্ অগাস্টাস হিকিকে সংবাদপত্র প্রকাশ করার মাত্র দুবছরের মধ্যে চরম দারিদ্র্যকে সঙ্গী করে কপর্দকহীন অবস্থায় এদেশ ছাড়তে হয়েছিল রাজ রোষে পড়ে। "মডার্ণ রিভিউ" প্রকাশের একবছরের মধ্যে রামানন্দ চট্টোপাধ্যায়কে এলাহাবাদ ছাড়তে হয়েছিল।  ১৯৭৫এ জরুরী অবস্থা জারীর বিরুদ্ধে কলম ধরায় জেলে যেতে হয়েছে কুলদীপ নায়ার, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত সহ আরও বেশকিছু সাংবাদিককে। 
কুলদীপ নায়ার, গৌর কিশোর ঘোষ ও বরুণ সেনগুপ্ত 
২০০২ সালে সত্য কথা লেখার জন্য খুন হতে হয় হরিয়ানার সিরশা থেকে প্রকাশিত স্থানীয় সান্ধ্য দৈনিক পত্রিকা "পুরা সচ্" এর সম্পাদক রামচন্দ্র ছত্রপতিকে এবং ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর খুন হন ব্যাঙ্গালুরুর সাংবাদিক ও সম্পাদক গৌরী লঙ্কেশ। 
গৌরী লঙ্কেশ, রামচন্দ্র ছত্রপতি ও তাঁর পত্রিকা 

আরও অনেক আছে, পরিস্থিতি বোঝাতে এগুলো কয়েকটি উদাহরণ মাত্র।  ২০১৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স অনুসারে ভারতের স্থান ছিল ১৩৩। ২০১৯এ ১৮০টি দেশের মধ্যে ভারত ১৪০ তম স্থানে। ২০২৪ এ আরও অবনমনের ফলে তা হয়েছে ১৫৯ তম স্থানে।  অভিজ্ঞ সাংবাদিক এবং একটি বহুভাষিক সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচারের কনসাল্টিং এডিটার অশোক সেনগুপ্ত  "সাংবাদিকের স্বাধীনতা কি নিছকই সোনার পাথর বাটি" শীর্ষক এক প্রতিবেদনে  সাম্প্রতিক সময়ের চারজন প্রখ্যাত সাংবাদিক সম্পাদকের  বক্তব্য তুলে ধরেন। সেখানে সাংবাদিক তথা সাংবাদিকতার শিক্ষক প্রশান্ত কুমার বসু বলেছেন "সাংবাদিকের স্বাধীনতা একটি myth! একটি Utopia! জীবনে compromise করে আমাদের সবাইকেই চলতে হয়, স্বীকার করি বা না করি। নিজের ঘরে হয়তো সে পরিস্থিতি manage করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে নৈব, নৈব চ। কী করে হবে? প্রতিবাদ করলে যতই মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করি না কেন চাকরিটি খোয়াতে হবে।" এপ্রসঙ্গে আমার নিজস্ব অভিজ্ঞতার কথা শেয়ার করা যেতে পারে বলে মনে করছি। ১৯৮৪ সালের ২৭ ফেব্রুয়ারি আসানসোল থেকে প্রকাশিত দৈনিক "পশ্চিমবঙ্গ সংবাদ" পত্রিকার উত্তর সম্পাদকীয়তে আমার একটি লেখা প্রকাশিত হয়। লেখাটিতে রাজ্য সরকার কর্তৃক পৌরসভাগুলিতে নির্বাহী আধিকারিক নিয়োগ সংক্রান্ত নীতির সমালোচনা করা হয়।   একজন পৌরকর্মী হিসেবে এই লেখা আমি লিখতে পারি না এই কারণ দেখিয়ে আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অবশ্য ট্রেড ইউনিয়ন আন্দোলন ও শহরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে বাঁকুড়া পৌরসভা পিছিয়ে আসে। 
১৯৭৭ সালে এ রাজ্যে বামেরা ক্ষমতায় আসার পর  ক্ষুদ্র পত্র পত্রিকার প্রতি গুরুত্ব দেয়।  জেলা থেকে প্রকাশিত ক্ষুদ্র সংবাদপত্র ও গ্রামীণ সাংবাদিকতার নানান সমস্যার বিষয়টি সরকারের নজরে আসে। সান্যাল কমিটির সুপারিশ মেনে রাজ্য সরকার জেলা থেকে প্রকাশিত পত্রিকাগুলিতে নিয়মিত সরকারি বিজ্ঞাপন দিতে শুরু করে। এতে ক্ষুদ্র পত্রিকা সম্পাদক প্রকাশকরা উৎসাহিত হন। কিন্তু সরকারি বিজ্ঞাপন নিলেও কলম দুর্বল হয়নি অনেকেরই।  ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের গণমাধ্যম কেন্দ্রর উদ্যোগে গ্রামীণ সাংবাদিকদের সমস্যা নিয়ে আলোচনা ও তাদের বৃত্তিগত শিক্ষা ও পেশাদারিত্ব বৃদ্ধির উদ্দেশ্যে 'সংবাদপত্র নির্মাণ কৌশল' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। ১৯৮৯ এ কলকাতায় দুটি ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি এরকম কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে নিয়মিত বেশকিছু এরূপ কর্মশালা হয়েছিল। ১৯৯০ এর নভেম্বরে কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ কর্মশালায় একজন শিক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। সাতদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কৃষ্ণ ধর, ডঃ পার্থ চট্টোপাধ্যায়, কল্পতরু সেনগুপ্ত, রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সুহাস তালুকদার, রণেন মুখোপাধ্যায়, অসীম মিত্র সহ বেশ কিছু প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক ও সাহিত্যিকদের কাছ থেকে কিছু শেখার  এবং তাঁদের সান্নিধ্যে আসার সুযোগ ঘটে।
হীরেন মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও কৃষ্ণ ধর
এই কর্মশালায় অংশ নেওয়ার আরো অন্তত পনের বছর আগে থেকে পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত থাকা ও "প্রবাসী"র কিছু পুরাতন সংখ্যা পড়ার সুবাদে এবিষয়ে সামান্যতম যে অভিজ্ঞতা হয়েছিল, এই কর্মশালায় যোগ দিয়ে তা আরও সমৃদ্ধ হয়েছে। তবে  সরকারী আয়োজনে এই কর্মশালা একেবারে নিঃস্বার্থ ছিল এমন মনে করারও কারণ দেখি না। 
 চলবে 

৬টি মন্তব্য:

  1. সাংবাদিকের স্বাধীনতা একটি myth! একটি Utopia! জীবনে compromise করে আমাদের সবাইকেই চলতে হয়, স্বীকার করি বা না করি। নিজের ঘরে হয়তো সে পরিস্থিতি manage করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে নৈব, নৈব চ। কী করে হবে? প্রতিবাদ করলে যতই মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করি না কেন চাকরিটি খোয়াতে হবে।" খুব, খুব সত্য। চলুক, পড়ছি।

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগল দাদা।সংবাদমাধ্যম হল বিরোধীপক্ষের একটা মুখ।জনসাধারন সরকারের দৃষ্টিভঙ্গীর মূল্যায়ন করার সূযোগ পায়।যদি সংবাদ মাধ্যম সরকারের গুনগান করে মাধ্যমকে চালিয়ে নিয়ে যায়,তবে সেটা স্লোগানসর্বস্বতার উদাহরন হিসেবে বিবেচিত হয়।সরকারের কৃপাধন্য থেকে হয়ত পার্থিব সূযোগসুবিধা লাভ করা সম্ভব,কিন্তু সংবাদমাদ্যম তার নিজস্বতা হারিয়ে ফেলে।অনেকটা সেই রাজতন্ত্রের সভাকবিদের মত।এই লেখা পড়ে অন্তত জেলার সাংবাদিককুল কিছুটা ঋদ্ধ হবে-বিশেষতঃপ্রশ্ন করার ক্ষেত্রে আর লেখার গুনমানে।এটা এখন চলুক।পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলুক।
    অতনুচট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  3. আজ যারা বিরোধী ,কাল তারা শাসক,কিন্তু শাসকের তাঁবেদারি না করলে শাসকই শোষক,এটা যুগে যুগে চলে আসছে ।কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার পর ১৯৬২র চীনা আগ্রাসনের আগে পর্যন্ত ভারতীয় সংবাদ পত্রের হাল এত খারাপ ছিল না ।কিন্তু ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থা জারির পর থেকে সেই যে তলানিতে নামল তা আর উঠতে পারে নি ।
    আপনি এর সাথে আরো কিছু ঘটনার বিবরণ দিলে আরো ভাল হয় ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ। নিয়মিত শহর নগরের সঙ্গে থাকুন।🙏

      মুছুন