সংবাদঃ মাধ্যমিকে সেরা দশে বাঁকুড়ার চার

 মাধ্যমিকের সেরার তালিকায় বাঁকুড়ার চার 

বাম দিক থেকে চন্দ্রচূড় সেন, সম্যপ্রিয় গুরু ও নৈঋতরঞ্জন পাল

শহর নগর প্রতিবেদনঃ পরীক্ষা শেষ হওয়ার আশি দিনের মাথায় এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। বুধবার  প্রকাশিত ফলাফলে জানা যায় যে এবার ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন।  পাশের হার ৮৬.৩১ শতাংশ, গতবছর ছিল ৮৬.১৫ শতাংশ। এবারের এক থেকে দশ পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের ৫৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৬৯৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের, সম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থান অর্জন করেছেন তিনজন। এরা হলেন - ১) উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৯১। ২) পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুল (বীরভূম), প্রাপ্ত নম্বর ৬৯১। ও ৩) নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৯১। নবম স্থানে রয়েছেন মোট ১৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অরুণিমা চট্টোপাধ্যায় রয়েছেন।

অরুণিমা চট্টোপাধ্যায় 
 
 অরুণিমার প্রাপ্ত নম্বর ৬৮৫।
দশম স্থান অধিকার করেছেন মোট ১৮ জন। এদের মধ্যে বাঁকুড়ার তিনজন ছাত্র আছেন। এরা হলেন ১) সৌভিক দত্ত, বাঁকুড়া জেলা স্কুল, ২) সৌমিক খাঁ, তালডাংরা ফুলমতী হাইস্কুল, ও ৩) সৌমদীপ মণ্ডল, গড় রায়পুর হাইস্কুল। এদের সকলের প্রাপ্ত নম্বর ৬৮৪।

জঙ্গলমহলের গর্ব গড় রাইপুর হাই স্কুলের ছাত্র সৌম্যদীপ

মা বাবার সাথে সৌম্যদীপ

রাইপুর থেকে সাধন মণ্ডলঃ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় দশম স্থান অধিকার করল জঙ্গলমহলের গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ মণ্ডল। তার তার বাবা লক্ষীকান্ত মণ্ডল ফুলকুসমা হাই স্কুলের অংকের শিক্ষক। মা মহুয়া গৃহবধূ,  অবসর সময়ে স্ট্যাম্প ভেন্ডার।  সৌম্যদীপ ডাক্তার হতে চায় । তার প্রিয় বিষয় অংক । বাবার হাত ধরেই তার এই ভালোলাগা বলে সে জানায়। পড়াশোনা ছাড়া তার ক্রিকেট খেলাতেও আগ্রহ ।  প্রিয় ক্রিকেটার ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। গড়ে প্রতিদিন সে ১১ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করত। অংক ছাড়া প্রতিটি বিষয়ে তার গৃহ শিক্ষক ছিল বলে তার বাবা জানান। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন তার গৃহ শিক্ষক ইন্দ্রজিৎ দুলে বলেন ছোটবেলা থেকেই ওর পড়াশুনার প্রতি ছিল গভীর আগ্রহ তখন থেকেই আমার মনে হয়েছিল ও আগামী দিনে ভালো কিছু করবে। আজ ওর এই সাফল্যে আমিও গর্বিত।  গড় রাইপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল বলেন আমাদের খুব ভালো লাগছে আমরা গর্বিত । এবারে আমাদের আশা ছিল সৌম্যদীপ এক থেকে দশের মধ্যে স্থান করবে। এবং তার ফল হাতেনাতে পেয়েছি।আমাদের স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিভিন্ন সময়ে কোন না কোন স্থান দখল করে এসেছে এবছর দশম স্থান অধিকার করেছে আমাদের প্রিয় ছাত্র সৌম্যদীপ মন্ডল। আমরা অত্যন্ত গর্বিত ও খুশি। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দেবাশীষ মন্ডল বলেন আমি সৌম্যদীপের সার্বিক সাফল্য কামনা করি। বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব রবি মন্ডল, প্রবীর মুখার্জি, পার্থ সারথী মহান্তি ,ধর্মদাস সৎপতি, চন্দন ঘোষরা বলেন আমরা গর্বিত ওর এই সাফল্যে। ও আগামী দিনে আরো ভালো কিছু করে বিদ্যালয়ের নাম বজায় রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।  পড়াশোনার জন্য ওকে আলাদা করে কোন চাপ দেওয়া হয়নি ওর ইচ্ছেমতো পড়াশোনা করত বলে জানান সৌম্যদীপের বাবা ও মা। যখন পড়াশোনা করতে ভালো  লাগতো না তখন ক্রিকেট খেলতো বা টিভি দেখতো। এখানে উল্লেখ্য সৌম্যদীপের আসল বাড়ি সারেঙ্গা ব্লকের বাসুদেবপুর গ্রামে। বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নাম্বার বাংলা ৯৯, ইংরেজি ৯১,অংক ৯৮, ভৌত বিজ্ঞান ১০০, জীবন বিজ্ঞান ১০০, ইতিহাস ৯৭ ভূগোল ৯৯।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার শুক্রবার সৌম্যদীপের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক মিষ্টি প্যাকেট দিয়ে সংবর্ধনা জানান। তিনি বেশ কিছুক্ষণ সৌম্যদীপের সাথে আগামী ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তার ডাক্তার হওয়ার স্বপ্নকে সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে সুভাষ বাবু জানিয়েছেন।

ডাঃ সুভাষ সরকার শুক্রবার সৌম্যদীপের বাড়িতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন