সংবাদ সাংবাদিকতা ও গণমাধ্যম
সন্তোষ ভট্টাচার্য
(সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে চর্চা করতে মন্দ লাগে না। কিন্ত কতটা স্বাধীন আজকের সংবাদ মাধ্যম, সাংবাদিক ও সম্পাদকরা। প্রবীণ সাংবাদিক ডঃ পার্থ চট্টোপাধ্যায় কয়েকবছর আগে বাঁকুড়া বইমেলা উদ্বোধন করতে এসে বলেছিলেন যে তিনি রামানন্দ চট্টোপাধ্যায়কে এদেশের শেষ স্বাধীন সম্পাদক মনে করেন। এসম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। গতকাল ৩ মে ছিল"ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে" । সেদিন থেকে শুরু হয়েছে প্রাসঙ্গিক একটি নতুন ধারাবাহিক সম্পাদক সন্তোষ ভট্টাচার্যের কলমে। অনুগ্রহ করে সম্পূর্ণ লেখাটি পড়তে অনুরোধ জানাই। আজ অন্তিম কিস্তি)
চার
গণমাধ্যমের ভাবমূর্তি, চরিত্র, আচরণ এবং এর উপর সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা - এনিয়ে চর্চা হয় সবসময়ই।
'হিন্দুস্থান সমাচার' এর ব্যুরো চিফ সন্তোষ মধুপ তাঁর পশ্চিমবঙ্গে সাংবাদিকতার দেড় দশকের অভিজ্ঞতায় বলছেন- "এখানকার গণমাধ্যমের কার্যকলাপ বাজারের চেয়ে বেশি শাসক দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। অনেক সময় গণমাধ্যমও স্বেচ্ছায় নিজস্ব চরিত্র বিসর্জন দিয়ে ক্ষমতা ও মুনাফার লোভে শাসকের হাতের পুতুলে পরিণত হয়েছে।" কাগজ ভর্তি সরকারি বিজ্ঞাপন দেখলেই বোঝা যায় সাংবাদিক ও সম্পাদক কতটা স্বাধীন। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন চিফ রিপোর্টার দেবদূত ঘোষ ঠাকুরের কথায় - "সাংবাদিকের স্বাধীনতা কোথাও আছে বলে শুনিনি। বেতনভুক কর্মচারী হলে 'স্বাধীনতা' থাকে না। আর সাংবাদিকের স্বাধীনতা থাকলে, তবেই তো সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ আসবে।"
এরই মাঝে সমস্ত প্রতিকুল অবস্থার সঙ্গে লড়াই করে জেলায় জেলায় বেশ কিছু ক্ষুদ্র সংবাদপত্র সততার সঙ্গে সাংবাদিকতা ও পত্রিকা সম্পাদনা করে চলেছেন।
আরো কিছু বিষয় আলোচনা না করলে সততা থেকে বিচ্যুত হতে হবে। সরকারি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড আছে এমন সাংবাদিকরা কিছু সুযোগ সুবিধা ভোগ করেন। এর মধ্যে অন্যতম হলো এরাজ্যে সরকারি বাসে বিনা ভাড়ায় ভ্রমণ। ভারতীয় রেলও সাংবাদিকদের ভ্রমণে ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিয়ে থাকতো। করোনা অতিমারির সময় থেকে সে সুবিধা বন্ধ হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার সাংবাদিকদের পেনশন ও শারদীয়া উৎসবের সময় এক্স-গ্রেসিয়া দেওয়া শুরু করেছে। সরকার সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প শুরু করেছে। একই সঙ্গে সরকারি প্রশাসনিক বৈঠকে ও প্রকাশ্য মঞ্চে মাননীয়া মুখ্যমন্ত্রী সাংবাদিকদের হুঁশিয়ারি দিতেও পেছপা হন না। আসলে এ সবই হলো নরমে গরমে কলমকে কিনে নেওয়ার চেষ্টা। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আর এক ধাপ এগিয়ে কলমধারীদের বন্দুকধারী জঙ্গিদের সঙ্গে তুলনা করে তাঁদের প্রতি নজর রাখার হুঁশিয়ারি দিয়েছেন। এর থেকে এটা পরিস্কার যে এখনও বেশিরভাগ লেখক সাংবাদিক সম্পাদকের কলম বিক্রিত এবং বিকৃত হয়ে যায়নি। কলমের ভয়ে শাসকেরা চরম ভীত। ভাবতে ভালো লাগে এখনও "Pen is mighter than sword" এই তকমা উজ্জ্বল রয়েছে।
একটি নির্বাচিত সরকারের সমস্যা, ব্যর্থতা যেমন আছে, সাফল্যও আছে। ব্যর্থতার পাশাপাশি সাফল্যের দিকগুলিও সংবাদে প্রতিফলিত হওয়া উচিত। এবিষয়ে সাংবাদিক কল্পতরু সেনগুপ্ত এক নিবন্ধে লিখেছেন -"স্বাধীনতা পরবর্তী সময়ে এবং জরুরি অবস্থা জারির পরবর্তীকালে যদি উন্নয়নমূলক কাজ কিছু হয়ে থাকে, পরিবর্তন ঘটে থাকে - তা সংবাদপত্রে দৃষ্টিগোচর না করলে নেতিবাচক দিকটা বড় হয়ে ওঠে।" সংবাদপত্র এখন বৃহত্তর প্রেক্ষিতে সংবাদমাধ্যম, জনমত গড়তে এরা একটা বড় ভূমিকা পালন করে। আমাদের মতো সুবিশাল রাষ্ট্রে কেন্দ্র রাজ্যে শাসন ক্ষমতা পরিবর্তনে এ অভিজ্ঞতা আমরা প্রত্যক্ষ করেছি। ইদানিং টেকনোলজির উন্নতির ফলে মুদ্রিত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের সঙ্গে পাল্লা দিচ্ছে ইউটিউবার, নিউজ পোর্টাল ও ব্লগগুলো। জনসাধারণকে আকৃষ্ট করতে এখানে খবরের থেকে চমক বেশি, খবরের থেকে অতিরঞ্জন বেশি। এদের অনেকেরই কোনো সাংবাদিকতার পাঠ নেই, আদর্শ নেই, লক্ষ্য - যেন তেন উপায়ে অর্থ উপার্জন। সবকিছু জেনেও এইসব বুমধারী সাংবাদিকদের সামনে নিজের শ্রীমুখ দেখিয়ে বাইট দেওয়ার জন্য নেতা মন্ত্রী থেকে সরকারি আমলাদের হ্যাংলামো দেখলে মাঝে মাঝে নিজেরই লজ্জা হয়। গণমাধ্যমের এই বিশালতাকে কোনভাবেই ছোট করা এই নিবন্ধের উদ্দেশ্য নয়, আমি এদের কলম ও কন্ঠ রুদ্ধ করার পক্ষেও নই। আজ যে নেতা মন্ত্রী আমলাদের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে এর পিছনে সকল গণমাধ্যমেরই যে ভূমিকা রয়েছে সেটা অস্বীকার করবে কে?
আশার কথা হলো - এতো সব বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যম সত্ত্বেও মুদ্রিত সংবাদপত্র ও সাময়িকীর প্রকাশনা মুখ থুবড়ে পড়ে নি। এখনো নিত্য নতুন সংবাদপত্র ও সাময়িকীর জন্ম হচ্ছে। পূর্বেই উল্লেখ করেছি ইদানিং খবরের সত্যতা যাচাই না করে সংবাদ প্রচারের একটা প্রবনতা দেখা যাচ্ছে। এটা কিন্তু মোটেও কাম্য নয়। বিরোধী শিবিরের এসব খবর দেখতে ভালো লাগলেও এটা সাংবাদিকের আদর্শের পরিপন্থী। মনে রাখতে হবে যে একজন রিপোর্টার হিসেবে যেন ভাড়াটে সাংবাদিক না হয়ে যাই। ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকের সততা ও নিরপেক্ষতার নীতি লঙ্ঘন অনুচিত। তবে একটা বিষয় এখানে উল্লেখ না করলে সততা থেকে বিচ্যুত হতে হয়, সেটা হল - এতো ঝাঁ চকচকে মিডিয়া হাউজ, তাদের হয়ে কর্মরত এতো তরুণ সাংবাদিকদের বেশীরভাগ আজ আর পাঁচটা ক্ষেত্রের মতোই শোষন ও বঞ্চনার শিকার। এদের অধিকাংশের কোনো নিয়োগপত্র, বেতন কাঠামো সহ সুযোগ সুবিধা নেই। সেই কারণে এদের অনেকেই সংবাদ "চাপতে" এবং "ছাপতে" ঘুরিয়ে হাত পাতে দুপক্ষের কাছেই। খবর করতে যাওয়ার নামে গাড়িভাড়া বা মটোর সাইকেলের তেলের জন্য হাত পাতাতে অনেক সাংবাদিকের কোনো সংকোচ নেই। কে আগে 'এক্সুক্লুসিভ' না 'সুপার এক্সক্লুসিভ' খবর সম্প্রচার করবে তার প্রতিযোগিতা চলছে সবসময়। তাই বন্যার খবর করতে গিয়ে কোথাও সাংবাদিককে হাঁটু জলে বসে পড়তে দেখি, কোথাও খনিজ সম্পদ খোঁজার জন্য মেশিনে কাটা সুড়ঙ্গকে আদিম মানুষের গুহা আবিস্কার বলে সম্প্রচারিত হতে দেখি। কলকাতা কেন্দ্রিক সংবাদপত্রগুলি এখন জেলার পাতা করে ক্ষুদ্র সংবাদপত্রের উপর থাবা বসিয়েছে। এতদসত্ত্বেও জেলার ক্ষুদ্র সংবাদপত্র হারিয়ে যায়নি। কলকাতার বাইরে বিভিন্ন জেলা থেকেও এখন অনেক দৈনিক সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। রামানন্দ চট্টোপাধ্যায়ের জেলার একজন সাংবাদিক হিসেবে এখনও এই পেশায় যুক্ত সকলকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই মনে করি। ডুবন্ত জাহাজকে বাঁচাতে যেমন নির্ভীক কাণ্ডারী চাই, তেমনি গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে পারে ভয়হীন নির্লোভ বলিষ্ঠ কিছু কলম, কন্ঠ ও আলোকচিত্রীরা। পরিশেষে প্রখ্যাত সাংবাদিক ও শিক্ষক প্রয়াত কৃষ্ণ ধর সাংবাদিকতা বৃত্তি ও তার আদর্শ বিষয়ে যে কথা বলেছেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই - "শুধু তথ্য জ্ঞাপন নয়, তাঁর বস্তুনিষ্ঠতা যেমন জরুরি তেমনি যুক্তিবাদী ন্যায়সঙ্গত চিন্তা ও বিশ্লেষণের দ্বারা সেই তথ্য বা সংবাদে প্রকৃত তাৎপর্য তুলে দেওয়াও সাংবাদিকের ধর্ম। জাতীয় ও আন্তর্জাতিক প্রশ্নে সঠিক বিচার ও ব্যাখ্যা সংবাদপত্রের মাধ্যমেই সাধারণ মানুষ জানতে পারে। তার সেই ভূমিকা থেকে সরে গিয়ে সস্তা চটকদার খবর প্রকাশ ও তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতির মতো নেতিবাচক ভূমিকা সংবাদপত্রের বা সাংবাদিকদের পক্ষে অগৌরবের। বৃত্তি হিসেবে সাংবাদিকতা যে মর্যাদার অধিকারী তাকে রক্ষা করতে হলে তাকে নিজের এই ভূমিকা সম্বন্ধে সচেতন থাকতে হবে। এর কোনো বিকল্প সাংবাদিকদের সামনে নেই।"
শেষ





অতনু চট্টোপাধ্যায়
উত্তরমুছুনবাঃ আজকে সাংবাদিকতার সমস্যা ও অসুবিধার কথা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।তবুও বলতে হয় একটা কথা,যেটা হল-খবরের গুরুত্বকে অনুধাবন না করে,খবর খাবে কিনা,সেটাই এখন বিষয় হয়ে ওঠে।সত্যি ভাবতে অবাক লাগে যে,খবরও খাবারের বস্তু হিসাবে বিবেচনা করা।বেতনভূক কর্মচারী হলেও,নিজের বিবেকটা ঋজু রাখলেই খবরের সত্যতা
কিছুটা হলেও পাঠকের কাছে পৌঁছায়
যাইহোক,বলতে গেলে অনেক কিছুবলা
হয়ে যাবে।বিতর্কে না যাওয়াই ভালো।আলোচনা চলুক।খুব ভালো লাগছে।
নিষ্ঠাভরে ধারাবাহিকটি পড়ার জন্য ধন্যবাদ। এইভাবে শহর নগরের সঙ্গে থাকুন ও পরামর্শ দিয়ে একে আরও সমৃদ্ধ করুন। 🙏
মুছুন