ছোটাছুটি
অশোক বন্দ্যোপাধ্যায়
আমরা ছুটছি-- সব ছুটছি,
নাচতে নাচতে লাফাতে লাফাতে
সব সময় শুধু ছুটছি।
আবার, কখনো কখনো সঁটরে সঁটরে
হামাগুড়িও দিচ্ছি।
আসলে, রাগী জেঠুটা এক ঠেঙা মেরে
ঘুম থেকে টেনে তুলেছে।
আর হুইশল মেরে মাঠে নিয়ে গিয়ে
ম্যারাথন দৌড়তে বলেছে।
যতো বুড়ো বুড়ি করে হুড়োহুড়ি
হাঁপাতে হাঁপাতে দৌড়ায়।
দোরে দোরে ঘুরে খেয়ে ঠোক্করে
দলিল পড়চা দাবড়ায়।
সাত পুরুষের ভিটে মাটি ছেড়ে
কবে হয়ে যাবে বিদেশী।
স্বামী স্ত্রী ছাড়া, ছেলে মা হারা
ক্যাম্পে ঠুসে দেবে স্বদেশী।
কবে কোন কালে রেশনে নাম তুলে
কেটেছিল দিন হেসে খেলে।
সাহেব সেশন ঝেড়েই কাশেন
ভোটার কার্ডের লাইনে ঠেলে।
লাইন দিতেই জান জেরবার
আধার কার্ডের কারবার।
যতো ছেলে বুড়ো মা ও বোনেরা
ফটোর লাইনে খায় আছাড়।
ব্যাঙ্ক একাউন্ট করতে লাইন,
করো প্যান কার্ড নয়তো ফাইন।
গ্যাসে ভর্তুকি পেতে চাও যদি
আধার লিঙ্কের ফ্যাসাদি আইন।
লাইন দিয়েছো কোন্ সে সকালে
দুম্ করে নোট বাতিলে।
ফেলেছো ক্যানেলে পুরানো সে নোট
বুক নিংড়ানো চোখ জলে।
লাইন- লাইন- লাইন লাগাও
যতো দিন বাঁচো এ দেশে।
এই তুমি আর সেই তুমি কি না
বলবে দাঁড়িয়ে কে পাশে ?
চিত্রঃ শ্রী শ্রী দুর্গা - চিত্রকরঃ বিশ্বরূপ দত্ত।

ভালো হয়েছে। জাগানোর কবিতা। জেগে থাকার চেষ্টা।
উত্তরমুছুনভালো লাগল কবিতাটা
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়
A painful satire ! Enjoyed
উত্তরমুছুনKetaki Bagchi, Salt Lake City, Kolkata