বাঁকুড়ার ডোকরা শিল্পী ও শিল্পগ্রামের কথা
স্বপন কুমার কর্মকার
বঙ্গের অঙ্গ বাঁকুড়া। এই জেলাকে আদর করে- লাল পাহাড়ির দেশ, রাঙামাটির দেশ বলা হয়ে থাকে। বহু গুণী মানুষ এখানে জন্মগ্রহণ করেছেন। এই মাটি আবার শিল্প-সংস্কৃতির রত্ন ভাণ্ডার।
বাঁকুড়া শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বিকনা শিল্পগ্রাম। একসময় এখানে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত হাতে গোনা কয়েকটি ঘরে বাস করত ডোকরা শিল্পীরা। ছিলনা দালান বাড়ি। কোন মতে মাথা গুঁজে দিন গুজরাতেন তাঁরা। নুন আনতে পান্তা ফুরানোর মতো দৈনদশা। হাড় জিরজিরে পাংশুটে দেহে কঠোর পরিশ্রম করে তাঁরা বাঁচিয়ে রেখেছেন এই শিল্পটিকে। গনগনে আঁচে আগুনের ভাটায় কাজ করতে গিয়ে তাদের শরীর ঝলসে যেত। কিন্তু শিল্পকে বাঁচিয়ে রাখতে ভালোবাসায় তৈরী হয় অপূর্ব সব সৃষ্টি। গোবরে পদ্মফুল ফোটার মতো এমনি এক পরিবার থেকে উঠে আসে এক প্রতিভা- যুদ্ধ কর্মকার। আর্থিক অনটনের মাঝেও জীবন যুদ্ধে তিনি সফল হয়েছিলেন। তাঁর সৃষ্টি শিল্পকর্ম রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেছিল। এমন বিরল উপহারটি প্রচণ্ড অর্থাভাবে ক্ষুধা নিবারণের জন্য বিক্রি করতে উদ্যাত হন। –ভাবা যায়'! আজ রাজ্য সরকারের উদ্যোগে কালো মেঘের দৈনদশা কাটিয়ে শিল্পীদের মুখে হাসি ফুটেছে।
জাতীয় শড়কের ধারে সাইনবোর্ডে, জ্বল জ্বল করছে— বাঁকুড়া বিকনা ডোকরা হস্তশিল্পজাত কুটির শিল্প কল্যান সমিতি, বিকনা শিল্পডাঙ্গা, বাঁকুড়া। বেশ কিছু পরিবারকে এক ছাদের তলায় এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
কিছুটা পিছনে ফিরে গেলে চোখে পড়ত এক শ্রেনীর মানুষ তল্পি-তল্পা গুটিয়ে ভিন্ন ভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে আস্তানা গাড়ত। আর চাল, কাপড় ভিক্ষে করত। ধাতু গলিয়ে তাঁরা ডাইসের মাধ্যমে শিল্পদ্রব্য বানাত এবং বিক্রি করত। ভ্রাম্যমান এই যাযাবর প্রাণীর অধিকাংশই ছিল সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত। অথচ উঠানে থাকত তুলসি মঞ্চ।
আশির দশকে যেখানে আট-দশটি পরিবার বসবাস করত, আজ সেখানে পঁচাশিটি পরিবার বাস করে। শুধু তাই নয়, রীতিমতো ডোকরা হস্তশিল্প বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। আর্থিক অস্বচ্ছলতা কাটিয়ে ক্রমোন্নতি ঘটিয়ে চলেছে ।
কী এই ডোকরা শিল্প? ডোকরা শিল্প কিভাবে তৈরী হয়? কৌতুহলী মনের প্রশ্নের উত্তর খুঁজতে, শিল্প-সৃষ্টির নেপথ্য কাহিনীর রহস্য উন্মোচনের জন্য এই কলম ধরা ।
ডোকরা শিল্প তৈরীর কয়েকটি ধাপ:
প্রথমত:-- মাটির ছাঁচ বা ডাইস বানাতে হয়। কাপড়ে চালা মাটির সাথে ধুনো, কালো পিচ দিয়ে একটি সুন্দর মিশ্রণ তৈরী করা হয়। জলে ডোবানো মৌচাকের মোম প্রেসার মেশিনের সাহায্যে চাপ দিলে সরু সুতার মতো অংশ বের হবে। এরপর শিল্প বস্তুটির উপর যত্ন সহকারে নক্সা অলংকরণ এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরী করা হয় । ধুনো ও পিচের মিশ্রণটি ১:২ অনুপাতে তৈরী করা হয়, তাতে কিছুটা সরষের তেল মেশানো হয়।
দ্বিতীয়ত :--শিল্পবস্তুটি কাপড় চালা মাটি দিয়ে ঝাঁকুনি দিতে হয়। বালির সঙ্গে পলি বা চিটেল মাটি ৩:১ অনুপাতে ভালোভাবে মেশাতে হয়। এর ফলে আগুনে পোড়ানোর সময় ফেটে যাবে না। চারপাশটি ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দেবার সময় উপরে একটা চোঙ জাতীয় জায়গা থাকে যার মাধ্যমে ধাতব তরল পদার্থটি প্রবেশ করানো হয় । সেগুলো আবার ভেতরে কালো কালো পয়েন্ট হিট পেলে গলে যাবে এবং তরল ধাতু সেইসব জায়গায় পৌঁছে যাবে।
তৃতীয়ত:-- এরপর মাটিমোড়া শিল্পবস্তুটি বা বস্তুগুলি শুকনো হলে সেগুলো ভালোভাবে ভাটাতে পোড়ানো হয়। ভাটাটি একটু বড় আকৃতি হলে ভালো হয় । যেন ২০-২৫টি চোঙ ঢোকানো যায়। এরপর স্টিম কয়লার সাহায্যে ৩০ মিনিট ধরে পোড়ানো হয়। ধাতব বস্তুগুলি গলে তরল অবস্থায় মোম, পীচের জায়গাগুলো ভরাট করবে। অত্যধিক গরমে তরল ঢোকার সাথে সাথে মোম গলে বেরিয়ে যাবে। সেই স্থান অধিকার করবে। মোম বেরিয়ে যাবে এবং সেই স্থানটি অধিকার করবে ধাতব তরল। গরমে মোম বেরিয়ে ভ্যানিস হয়ে যাবে।
চতুর্থত :– কিছুটা ঠান্ডা হলে সেগুলো জল ঢেলে ঠাণ্ডা করে নিতে হবে। তারপর সেই মাটির ছাঁচগুলো হাতুড়ির আঘাতে ধীরে ধীরে ভেঙে ফেলতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন শিল্প বস্তুটির কোনোরূপ ক্ষতি না হয়।
পঞ্চমত:--উন্মুক্ত শিল্পবস্তুটিকে এবার লেগে থাকা ছাইপাশ বা ডাস্ট বা অন্যান্য বস্তু বা ধুলো বালি সুন্দরকরে পরিষ্কার করা দরকার ।
ষষ্ঠত:--এরপর তৈরী করা শিল্প সামগ্রীগুলি বিক্রির জন্য বাজার দেখতে হবে। কখনো মেলা বা স্টলে, কখনো বা দোকানের শোকেসে, কখনো আবার বরাত মতো কাজ করা হয়। কখনো কখনো সরকারি অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া হয় । কখনো-সখনো ফোড়ে বা দালালচক্রের সঙ্গে কথা বলে চুক্তি করে পার্টির মন জোগাতে হয়। কখনো বা সাপ্লাই ধরেও কাজ চলে । আসল কথা হল বিভিন্ন ভাবে এই শিল্পটিকে টিকিয়ে রাখা।
উৎপাদিত শিল্প-সামগ্রীঃ
ঐতিহ্যবাহী হাতি - ঘোড়া থেকে আরম্ভ করে হরিণ, রমনি, দুর্গা প্রতিমা, কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতী , নটরাজ, সাঁওতাল আদিবাসি, ময়ূর, টিয়া, পেঁচা, লক্ষ্মীর ঝাঁপি, মোমদানি, নৃত্যরতা মহিলা, শঙ্খ হাতে নারী, মনসা চালি প্রভৃতি। শিল্পীরা চাহিদা মতো ও অর্ডার অনুযায়ী দু-ভাবেই কাজ করে থাকেন । কাঁচামালের আধিক্য বেশী। তাই সংরক্ষণ করে রাখতে হয়।
বাজার বা মার্কেটিং:
এই সমস্ত উৎপাদিত সামগ্রী গুলি খুবই বিভিন্ন দামে বিক্রি করা হয়। ১০০ টাকা থেকে আরম্ভ করে ১ লক্ষ পর্যন্ত ধাৰ্য্য করা হয় । বড় সাইেজর ক্ষেত্রে দামের তফাৎ হয়। উচ্চতা এবং ওজন একটা ফ্যাক্টার। উদাহরণ স্বরূপ বলা যায় চেন্নাই থেকে জনৈক ব্যক্তি ২ ফুট বাই ২ ফুট সাইজের দুর্গা প্রতিমা বানিয়েছেন। কারুকার্য খচিত এই কাজটি করার বিনিময়ে তাঁকে একলক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। মূর্তিটি তৈরি করতে বেশ সময় লেগেছিল। তিন ফুট প্রতিমার দাম পড়বে ৩ লক্ষ থেকে ৩.৫ লাখ। এককথায় বলা বলা যায় বড় সাইজের দামও বেশী, সময়ও লাগে বেশী। মূলতঃ ওই শিল্প বস্তুগুলি সযত্নে রক্ষিত আছে। এই শিল্প দ্রব্যগুলি দিল্লী, বোম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, আমেরিকা, জাপান প্রভৃতি স্থানে রপ্তানি করা হয়। বর্তমানে অনলাইনেও বেচা-কেনা হয়।
বাঁকুড়া ছাড়া এই শিল্পকর্ম তৈরী হয় বর্ধমানের দরিয়াপুরে। বর্ধমান থেকে দুর্গাপুর হয়ে গুসকরা, বুদ্ বুদ্ লাইনেও এই কাজ হয়ে থাকে। ওখানকার কাজগুলো মূলতঃ সলিড এবং ভারি হয়। বিভিন্ন পূজো-পার্বনে বাঙালির ঘরে ঘরে লক্ষীনারায়ণ, গোপাল প্রভৃতি পুজোর চল আছে।পরিশেষে বলা যায় যে, এই শিল্পের গুরুত্ব অপরিসীম।
আলোকচিত্রঃ ডোকরার দুর্গা প্রতিমা।
দ্বিতীয় ছবিঃ অরুণাভ ব্যানার্জির ফেসবুক ওয়াল থেকে।


এক্ষেত্রেও কিন্তু শিল্পীর মূনাফা নামমাত্র।অনেক সময় ঠিকা শ্রমিকের মত মজুরীর বিনিময়ে এই শিল্পীর দল এই পরিশ্রমের কাজ করে সংসার নির্বাহ করে।এই শিল্পীদের আর্থিক দুরবস্হা এখনও কাটেনি।ফড়েরাই মুনাফা শুঠে নিচ্ছে।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়