ধারাবাহিক উপাখ্যানঃ মিথিলা বিজয় কথা (পর্ব ৮) - অতনু চট্টোপাধ্যায়

 মিথিলা বিজয় কথা 

অতনু চট্টোপাধ্যায় 

(রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের কাহিনী নিয়ে গল্প প্রবন্ধ লেখার শেষ নেই। ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দুই মহাকাব্যের চরিত্ররা। বাঁকুড়া জেলার প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায়ের কলমে এবার উঠে এলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা রামায়ণের অমর কাহিনীর টুকরো টুকরো অংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক উপাখ্যান। আজকের পর্বে "মিথিলা বিজয় কথা "। প্রতি সোমবার ও শুক্রবার  শহর নগর ব্লগজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ধারাবাহিকটি।  আজ পর্ব - আট। - সম্পাদক)

(৮) 

রামচন্দ্রের বনবাসের আগেই বিশ্বামিত্রের অনুগামী হয়ে যজ্ঞ ভন্ডকারী তাড়কা রাক্ষসীকে বধ করার জন্য আশ্রমে আনয়ন করেন। তাড়কা বধ করার পর, তারা গৌতম মুনির আশ্রমে উপস্থিত হয়ে অহল্যার প্রস্তর মূর্তি থেকে মানবী  আকার প্রদান করেন। ঋষির অভিশাপের মূক্তির শর্ত ছিল এটা। এক অলৌকিক শক্তির প্রদর্শনকারী হিসাবেই এটি চিহ্নিত করা যায়। কিন্তু কাহিনিকার কাহিনিতে রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বানাতে মরীয়া  হয়ে এই দৃশ্যের অবতারনা করেছেন। যদি এটাই সম্ভবপর হত, তাহলে রাক্ষসী তাড়কার কান্না তাঁকে বিচলিত করত আর তাড়কার স্বামীর প্রানদান করতে সমর্থ হতেন। তা কিন্তু হয়নি। পরন্তু পরের কাহিনিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাড়কার পুত্র মারীচকে ব্যবহার করতে পারতেন না। মারীচকে মায়াবী করে তোলা ও রামচন্দ্রের ক্ষতি সাধন করতে রাবনের অনুচর হয়ে কাজ করত না।

যাইহোক, ফিরে আসি রামচন্দ্রের মিথিলা যাত্রার কথাতে। বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে হাজির হলেন মিথিলা রাজ্যে। ওখানে তখন  রাজত্ব করতেন রাজা জনক। তাঁর আতিথেয়তা গ্রহণ করার উদ্দেশ্য ছিল একটাই- রাম সীতার মিলন। তাঁরা যে প্রকৃত লক্ষ্মী জনার্দন সেটা প্রমান করা। জনক রাজের জৈষ্ঠ্যা কন্যার নাম সীতা।বিবাহযোগ্যা। কিন্তু সীতাকে বিবাহ করার প্রাথমিক শর্ত ছিল হরধনুতে ছিলা পরানো। বড় বড় রাজা মহারাজারা পরাজিত। এই অবস্থায় সদ্য যৌবনপ্রাপ্ত রামচন্দ্র কি ঐ হরধনুতে ছিলা পরাতে সক্ষম হবেন?

হরধনু পর্ব ও রামের বিবাহ সম্পর্কে বলার আগে, একটু অতীত ইতিহাস জেনে নেওয়া যেতে পারে। মিথিলাপতি জনক ছিলেন ধার্মিক ও নিষ্ঠাবান এক রাজা। তিনি ছিলেন প্রজা দরদী ও ন্যায়পরায়ণ। একদিন যজ্ঞের জন্য ভূমি ঠিক করতে গিয়ে নিজ হাতে লাঙল চালাচ্ছিলেন। লাঙল চালানোর সময় তার লাঙলের অগ্রভাগ একটা কাঠের বাক্সের উপর আঘাত করে। ঐ বাক্স উঠিয়ে দেখেন ওতে একটি কন্যা সন্তান আছে। তিনি বাক্স থেকে শিশু কন্যাকে বাইরে বের করে আনেন। ঈশ্বরের আশীর্বাদ জেনে তিনি ঐ কন্যাকে তুলে এনে কন্যাসম পালন করতে থাকেন। তিনি কন্যার নাম দেন সীতা। সীতা নামের পেছনে যে কারণ,সেটি হল লাঙলের ফলাকে বলা হয় "সীত"। আর এই সীত থেকেই কন্যার নাম রাখেন সীতা।

সীতার জন্মকাহিনি রহস্যে মোড়া। কিভাবে সীতা মর্তে এলেন?বিভিন্ন গবেষক ও পুরাণ বিশেষজ্ঞ সীতার জন্ম কাহিনি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেন কোন অপ্সরার সন্তান, তাঁকে ফেলে রেখে চলে যান স্বর্গে। আবার কেউ কেঊ বলেন- সীতা হলেন বসুন্ধরার কন্যা। আরো একটা ব্যাখ্যা রয়েছে। সেটি হল মর্তে কৃষির আগমণ ও লক্ষ্মীদেবীর আগমন। শিব কতৃক মর্তে কৃষি চালু করার লক্ষ্যে মাতা অন্নপৃর্ণা ও লক্ষ্মী দেবীও নারায়নের আরাধনা করেন। মা লক্ষ্মী তুষ্ট হন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মা লক্ষ্মীকে মর্তে ধারণ করবেন কে? দুর্গারূপিনী মা বসুন্ধরা রাজী হন প্রস্তাবে।মা লক্ষ্মী আগে জন্মগ্রহন করেন সীতারূপে,আর জনার্দন পরে জন্ম নেন রামচন্দ্র রূপে। লক্ষ্মী জনার্দনের মিলনের অঙ্গ হল রাম সীতার বিবাহ।

সীতা জনকের গৃহে বড় কন্যা হিসাবে প্রতিপালিত হতে থাকেন। সময়ের সাথে সাথে বয়স বাড়তে থাকে সীতার। এদিকে জনক রাজা পণ করেছেন যে, যিনি হরধনু বেঁকিয়ে জ্যা পরাতে সক্ষম হবেন, তিনিই হবেন সীতার পতি। উল্লেখ্য, রাজা জনক এই হরধনু লাভ করেন শিবের কাছ থেকে। তিনি ছিলেন শৈব আর সেই প্রেক্ষিতেই এই ধনুক ভাঙা পন ছিল জনকের। এই বিষয়টাকে বলা হত "বীর্যশুল্ক"। হরধনুতে জ্যা লাগানো তো দুরস্ত, কোন রাজাই এই হরধনু তুলতে সক্ষম হন নি। বিশ্বামিত্র এই ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। উদ্দেশ্য ছিল দুটি। একটি হল রামচন্দ্রকে ভগবানের আসনে প্রতিষ্ঠা আর দ্বিতীয় কারণটি ছিল বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে রামচন্দ্রের রাজ্য বিজয়ে সহায়তা করা।

জনকরাজের কাছে আতিথেয়তা গ্রহন করার পর বিশ্বামিত্রের অনুরোধে ঐ হরধনু সভাতে আনতে হয় জনকরাজকে। সদ্য যৌবনে উত্তীর্ণ ঐ বালককে দেখে মন সায় না দিলেও,কিছু বলিষ্ঠ সেনা দিয়ে ঐ হরধনু রাজসভাতে এনে রামচন্দ্রর কাছে রাখা হয়।রামচন্দ্র মৃদু হেসে ঐ হরধনু বেঁকিয়ে জ্যা পরালেন কিন্তু পুরাতন হরধনূ এর ফলে ভেঙে যায়। সভাসদ সহ রাজা জনক বেশ আনন্দিত হয়।

দশরথকে খবর পাঠানো হল। জনক রাজার নিজের দুই কন্যা-সীতা ও উর্মিলা। আর ভাই কুশধ্বজ যিনি ছিলেন জনকের অনুজ ও সঙ্কাশ রাজ্যের রাজা। কুশধ্বজের দুই কন্যা-মান্ডবী ও শ্রুতকীর্তি। জনক রাজ ও তাঁর অনুজ দুজনের চার কন্যা। আর অন্যদিকে রামচন্দ্ররাও চার ভ্রাতা। রাজা দশরথের উপস্থিতি ও বিশ্বকর্মার মধ্যস্থতাতে রামচন্দ্রের চার ভাই যথাক্রমে রামচন্দ্রের সাথে জনক কন্যা সীতার, ভরতের সাথে রাজা কুশ্বধ্বজ কন্যা-মান্ডবী ,লক্ষ্মণের সাথে জনক কন্যা ঊর্মিলা ও শত্রুঘ্নের সাথে শ্রুত কীর্তির বিবাহ স্থির হল। এর মাঝে আমরা দেখেছি পরশুরামের ক্রোধ। ঐ ক্রোধ প্রশমিত করেন রামচন্দ্র। পরশুরামের ক্রোধের কারন ছিল হরধনু ভঙ্গের বিপক্ষে। পরে অবশ্য পরশুরামের আশীর্বাদ বর্ষিত হয় সব ভাইদের মস্তকে।

কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আর সেটা হল এই ঘটনা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো গুঢ় পরিকল্পনা লুকিয়ে ছিল? ঘটনার পরম্পরা বিচার করলে একটা বিষয় পরিষ্কার। আর সেটা হল এটাও ছিল বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজ্য বিস্তারের এক পরিকল্পনা।

চলবে

১২টি মন্তব্য:

  1. শ্রীযুক্ত অতনু চট্টোপাধ্যায় একজন কথা সাহিত্যিক । তাঁর এই ধারাবাহিক রচনা ,নতুন দৃষিকোণ থেকে রামায়ণ কাহিনীকে অন্য আঙ্গিক দান করে । দারুন লাগছে ,দারুন এই বলতে পারি ।

    উত্তরমুছুন
  2. শ্যামাশঙ্কর বরাট২ অক্টোবর, ২০২৬ এ ১২:২৮ PM

    এক কথায় বলতে পারি অসাধারণ । এক্কেবারে অসাধারণ। ভালো থাকুন দাদা । আরো লেখে যান ।

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর ভালো লাগছে

    উত্তরমুছুন
  4. একটি ভাল কাজ। প্রাচীন মহাকাব্য -কাব্য- নাটক - সাহিত্যের যে কোনও বস্তুর যত নতুন চর্চা হয় তত ভাল। নতুন যুগের দৃষ্টি দিয়ে সেগুলি বোঝা বা রসাস্বাদন করাও দরকার। কিন্তু মনে হয়, এ ক্ষেত্রে মূল রামায়ণের কাহিনি অপরিবর্তিতরূপে বলে নিয়ে পর বর্তমান লেখক তাঁর ব্যাখ্যা -বিশ্লেষণ বা আধুনিক ধ্যান ধারণায় ঘটনা কী হতে পারে তা জানালে ভাল। পাঠকের কাছে আগে মূল কাহিনি উপস্থাপনা করলে তিনিও ভাবার সুযোগ পাবেন। তারপর নাহয় কথকের নিজের কথা শোনা গেল। মেঘ মুখোপাধ্যায়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ জানাই। নিয়মিত শহর নগরের সঙ্গে থাকুন।

      মুছুন
  5. একদম সঠিক মূল্যায়ণ

    উত্তরমুছুন