ধারাবাহিক উপাখ্যানঃ নিষাদ রাজের কাহিনি (পর্ব ৭) - অতনু চট্টোপাধ্যায়

নিষাদ রাজের কাহিনি

অতনু চট্টোপাধ্যায় 

(রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের কাহিনী নিয়ে গল্প প্রবন্ধ লেখার শেষ নেই। ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দুই মহাকাব্যের চরিত্ররা। বাঁকুড়া জেলার প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায়ের কলমে এবার উঠে এলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা রামায়ণের অমর কাহিনীর টুকরো টুকরো অংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক উপাখ্যান। আজকের পর্বে "নিষাদ রাজের কাহিনি"। প্রতি সোমবার ও শুক্রবার  শহর নগর ব্লগজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ধারাবাহিকটি।  আজ পর্ব - সাত। - সম্পাদক)

(৭)

নিষাদ রাজ গুহক মিত্র হিসাবে রামচন্দ্রকে পেয়ে যারপরনাই আনন্দিত ও আর্য সমাজে মর্যাদা লাভ করে উচ্ছ্বসিত। এদিকে কূটনৈতিক সম্পর্কের কারনে রামচন্দ্রের প্রথম মিত্রশক্তি হিসাবে আত্মপ্রকাশ করল নিষাদ রাজ গুহক। এই মিত্রতার সৌজন্যে গুহক রামচন্দ্রের সেবক হয়ে থেকে তাঁকে রাজা করতেও চেয়েছিলেন। রামচন্দ্র কোথায় বসবাস করবেন, সেই তথ্যও কিন্তু গুহকের কাছে ছিল। উদ্দেশ্য একটাই- রামচন্দ্র কোন বিপদে পড়লে যেন তাঁর সুরক্ষাতে সর্বশক্তি নিয়ে লড়াই করতে পারেন।

এদিকে রামচন্দ্র,সীতা ও লক্ষ্মণকে সাথে নিয়ে যখন ভরদ্বাজের আশ্রমে পৌঁছান, তখন তাঁর কুটির তৈরিতেও সহায়তা করেছিল,গুহক রাজ কতৃক লোকজন। ঋষি ভরদ্বাজের পরামর্শ মত রামচন্দ্র কুটির নির্মাণে প্রস্তুতি নিলেন চিত্রকুট পর্বতের পাদদেশে এক মনোরম স্থানে। অবশ্যই ওখানে বনজ ফলমূল ও জলের প্রাচুর্য ছিল। রামচন্দ্রকে নৌকোতে তুলে দেবার সময় রামচন্দ্রকে বিদায় জানাতে হাজির ছিলেন গুহকযাজ সহ মন্ত্রী পরিষদ ও রামচন্দ্রের সারথী সুমন্ত্র। ওখানেই নতুন কুটিরে অবস্থান করে বসবাস শুরু করলেন রামচন্দ্র।

এদিকে কৈকেয়ীর চাওয়া বরের খবর কিন্তু ভরত কিছুই জানত না।সেই সময়ে ভরত অবস্থান করত নন্দীগ্রামে- ভরতের মামার বাড়িতে। তাঁর মা যেহেতু একা সন্তান ছিল, তাই ভরত সেখানেই রাজা হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। অযোধ্যা থেকে দূত মারফত খবর পেয়ে ভরত ফিরে আসে অযোধ্যা। এসে সব খবর শুনে ভরত অসন্তুষ্ট হয় ও রামচন্দ্রকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। সুমন্ত্রর কাছ থেকে খবর পেয়ে সৈন্য সামন্ত সহ উপস্থিত হল ভরত। উদ্দেশ্য রামচন্দ্রের সঠিক অবস্থান জানা। এদিকে ভরত সহ সৈন্য সামন্ত দেখে গুহক তার সৈন্যবাহিনী প্রস্তুত রাখে গঙ্গা তীরবর্তীস্থানে। ভরত ওখানে পৌঁছে নিজের পরিচয় দান করে ও উদ্দেশ্য ব্যক্ত করতে ভরতকে রামচন্দ্রের সঠিক অবস্থানের খোঁজ দেওয়াই নয়, ভরতকে ওখানে পৌঁছানোর জন্য সাথে বিশ্বস্ত লোকজন পাঠান। এটাও ছিল মিত্রশক্তির একটা ভেট। ভরত ওখানে পৌঁছাতেই আরো এক নাটকের অবতারনা ঘটে। লক্ষ্মণ সৈন্য সামন্ত লক্ষ্য করে ভরতের উপর ক্রোধান্বিত হয়ে তীর ধনুক উঁচিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়। পরে ভরতের কাছ থেকে সবকিছু শুনে লক্ষ্মণ শান্ত হয়। ভরত রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কাকুতি মিনতি করতে থাকলেও, রামচন্দ্র রাজী হলেন না। অবশেষে ভরত সময় সূযোগে সৈন্যবাহিনীর সাহায্যের আশ্বাস পেয়ে রামচন্দ্রের পাদুকা নিয়ে ফিরে আসে।

ফেরার পথে ভরত নিষাদ রাজের আতিথেয়তা গ্রহন করে। গুহককে রামচন্দ্রের খবরাখবর নেওয়ার অনুরোধ করে অযোধ্যাতে ফিরে আসে ভরত। এই নিষাদ রাজের সাথে রামচন্দ্রের মিত্রতা এতটাই প্রগাঢ় ছিল যে, রামচন্দ্র সীতাকে নিয়ে ফিরে আসার সময় গুহকের সাথে দেখা করে আসেন। আর রামচন্দ্রের অভিষেকেও গুহক আমন্ত্রিত ছিলেন। রাজ্য বিস্তারের প্রথম পদক্ষেপ ছিল গুহক রাজ্যের আনুগত্য। এই ক্ষেত্রে রামচন্দ্রের কৌশল ছিল একেবারে সঠিক। একদিকে তাঁকে বুকে জড়িয়ে মর্যাদা দান ও নিজেকে মহান বলে প্রতিপন্ন করা, আর অন্যদিকে রাজ্য বিস্তারের প্রাথমিক অবস্থাতে সসম্মানে উত্তীর্ণ হওয়া।

চিত্র ঋণঃ উইকিপিডিয়া 

চলবে

২টি মন্তব্য: