ধারাবাহিক প্রবন্ধঃ অগ্নিশপথ - ৫৮ () সুকুমার বন্দ্যোপাধ্যায়

অগ্নিশপথ

সুকুমার বন্দ্যোপাধ্যায়


(স্বাধীনতা' - শৈশব থেকে এই একটা শব্দ যে আবেগ, যে অনুভূতির সৃষ্টি করে, দিনে দিনে তা কেমন যেন বদলাতে শুরু করে। সময়ের সাথে সাথে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বদলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে স্বাধীনতার স্বাদ অধরাই থেকে যায়। এখন আবার কে কতো বড় সেক্যুলার তার প্রমাণ করার প্রতিযোগিতায় ধর্মের দণ্ড হাতে ক্ষমতা ধরে রাখার এই যে নিরন্তর প্রচেষ্টা তা আমাদের দেশের স্বাধীনতার জন্য অগ্নিযুগের আন্দোলনকে কলুষিত করছে, রাষ্ট্রের পরিবেশকে চরম আঁধারপথে ঠেলে দিচ্ছে। এই অন্ধকারময় সময়ে একটু আলোর সন্ধানে আমরা ফিরে দেখি অগ্নিযুগের সেই আগুন পাখিদের কর্মকাণ্ড। গত  বছরের ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ ধারাবাহিক প্রবন্ধ - 'অগ্নিশপথ' ।  প্রিয় সাংবাদিক ও প্রাবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে আসছে সেই অগ্নিযুগের কাহিনি এবং আগ্রহী পাঠকদের সামনে আমরা তুলে ধরছি। আজ আটান্ন পর্ব - সম্পাদক ।)  

ক্ষুদিরামের রাষ্ট্রদ্রোহী মামলার প্রাথমিক তদন্তের সাপেক্ষে ৯  এপ্রিল জয়েন্ট ম্যাজিস্ট্রেট মন্মথ কৃষ্ণদেব বাহাদুরের এজলাসে বিচাব পর্ব শুরু হয়েছিল । সরকার পক্ষের উকিল ছিলেন যোগেন্দ্রনাথ হালদার এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন বিখ্যাত আইনজ্ঞ কে.বি দত্ত । ১৬ মে সরকার পক্ষ মামলাটি তুলে নেয়। সরকারি পক্ষের আইনজীবি বলেন, - "Considering the tender age of the boy and that he might have been a tool in the hands of the others, the Govt wished to withdraw the case". সরকার পক্ষের হয়ে মোট ১৩ জন সাক্ষী ছিলেন। ১৭ এপ্রিল সমস্ত সাক্ষীর জবানবন্দী শেষ হলে হাকিম আসামীকে দায়রা সোপর্দ করলেন। ওইদিন জামিন হল না ক্ষুদিরামের। পরদিন ১৮ এপ্রিল জামিন হলে আদালত চত্বরে ব্যাপক আনন্দ, হৈ-হুল্লোড় পড়ে যায়। শুধু "বন্দেমাতরম্" আর "ক্ষুদিরামের জয়" ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল কোর্ট চত্বর ও সারা তল্লাট । ১০ মে সেসন জজের আদালতে বিচার কাজ শুরু হয়েছিল। জেলা জজ র‍্যানসম সাহেবের কাছে প্রথামাফিক অনুমোদন নিয়ে এজলাসে এলেন অমৃতলাল বাবু । জজ সাহেব বললেন - "আমি আপনার শ্যালককে ছেড়ে দিয়েছি বটে, কিন্তু তার চলাফেরার দিকে আপনি একটু বিশেষ নজর রাখবেন যাতে সে বিপ্লবীদের সঙ্গে মেলামেশা না করার সুযোগ পায়। শুনলাম, সে স্কুল ছেড়ে দিয়েছে। এটা কিন্ত ওর পক্ষে ঠিক নয়। দেখলে মনে হয় ছেলেটি খুব বুদ্ধিমান, ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা আছে। এই জন্যে ওকে আবার স্কুলে ভর্তি করে দেবার পরামর্শ দিচ্ছি আপনাকে।" ধীর স্থির ও সংযত হয়ে জজ সাহবের কথাগুলো শুনলেন অমৃতলাল বাবু। কয়েক মূহুর্ত পর তিনি জজ সাহেবকে বিনীতভাবে বললেন - "এই ইংরেজি ভাষাটাই আমাদের দেশে যুবকদের মনে বিদ্রোহের ভাবনা সৃষ্টি করার জন্য দায়ী"। জজ সাহেব ছাপোষা অমৃতলাল বাবুর কাছ থেকে এমন সপাটে চড়ের মতো ঝাঁঝাঁলো উত্তর আশা করেন নি। প্রথমটায় হকচকিয়ে গেলেও যারপরনাই খুশিই হলেন। মিঃ র‍্যানসম আবার জিজ্ঞেস করলেন এটা কি সত্যি? অমৃতলাল বাবু আগের মতোই আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,- "খোঁজ নিয়ে দেখলেই জানতে পারবেন, যাদেরকে বিপ্লবী বলে সন্দেহ করা হয় তারা সকলেই সেই স্কুল- কলেজের ছাত্র যেখানে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হয় । সেই চতুষ্পাঠী বা টোলের কোন ছাত্র এই দলে নেই।" তখনকার বঙ্গীয় সমাজ জীবনে সাধারণ ছাপোষা মধ্যবিত্ত ধ্যানধারণা পোষন করা সরকারি কর্মচারী এই অমৃতলাল বাবুকে পল্লী বাংলার "রোল মডেল" হিসেবে বেশ মানানসই। সাধাসিধে মানুষ তিনি। নিজের ছেলে ললিতমোহনকে যেভাবে দেখেন ক্ষুদিরামকেও একই স্নেহ ভালোবাসা দিয়ে যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তিনি ও তার স্ত্রী অপরূপাদেবী। অন্যদিকে ক্ষুদিরামও বাবা মায়ের মর্যাদায় তাঁর একান্ত আপন জন দিদি- জামাইবাবুকে প্রতিষ্ঠিত করেছেন। ক্ষুদিরামের কাজকর্মে তাঁর আন্তরিক সমর্থন ছিল । মাঝে মাঝে শুধু ভাগ্নে ললিতমোহনের সঙ্গে সাময়িক বিরোধ, তর্ক বচসা বাধে । ললিত মাঝে মাঝে বিপ্লবীয়ানার নীতি আদর্শ ও স্ববিরোধ নিয়ে প্রশ্ন তোলে তখনই মামা ক্ষুদিরাম গর্জে ওঠেন। 

চলবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন