ধারাবাহিক উপাখ্যানঃ অথ আর্য অনার্য তথা তাড়কার কথা (পর্ব ৬) - অতনু চট্টোপাধ্যায়

আর্য অনার্য তথা তাড়কার কথা

অতনু চট্টোপাধ্যায় 

(রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের কাহিনী নিয়ে গল্প প্রবন্ধ লেখার শেষ নেই। ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দুই মহাকাব্যের চরিত্ররা। বাঁকুড়া জেলার প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায়ের কলমে এবার উঠে এলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা রামায়ণের অমর কাহিনীর টুকরো টুকরো অংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক উপাখ্যান। আজকের পর্বে "আর্য অনার্য তথা তাড়কার কথা"। প্রতি সোমবার ও শুক্রবার  শহর নগর ব্লগজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ধারাবাহিকটি।  আজ ষষ্ঠ পর্ব। - সম্পাদক)

(৬)

না, কোন সদুত্তর পেল না তাড়কা। দুটো সন্তান নিয়ে কিভাবে দিন গুজরান করবে, তার কোন দিক নির্দেশ দিলেন না কাহিনিকার। তার মাতৃত্বের কোন খোঁজ খবর মিলল না। খবর মিলল না পিতা মাতার। সব যেন ধোঁয়াশাতে ঘেরা। একজন নারীর প্রেমের সুন্দর কাহিনির কথা কেউ মনে রাখল না। দুজন পিতৃহারা সন্তানের শুভ চিন্তা আদৌ আসবে কিনা, তার খবর মিলল না। শুধুই দেখতে পাওয়া যায় তাড়কার যজ্ঞ পন্ড করার এক চিত্র। যেন মনে হয়, তাড়কার মানবিক দিকগুলো অন্ধকারে রেখেই, শুধু অনার্যভূত এক নারীর প্রতিশোধস্পৃহা জাগ্রত করে তুললেন কাহিনিকার।

যে মানুষটাকে কাছে পেতে, নিজের করে পেতে সমস্ত সুখ ঐশ্বর্য সবকিছু বিসর্জন দিয়ে একটা সুখের সংসারের স্বপ্ন দেখেছিল, তার ঐ স্বপ্নকে চুরমার করে দিয়ে একাকি নিঃসঙ্গ করার নেপথ্যের মানুষগুলো আর্য সম্প্রদায়ভুক্ত বলেই কি সব কিছুর ঊর্দ্ধে? উত্তর মেলেনি। শুধু তার প্রতিশোধের স্পৃহাকে চিরতরে কিভাবে সমাপ্তি ঘোষনা করতে হয়, তারই পরিকল্পনা চলতে লাগল। অথচ তাড়কার আর সন্দের প্রেমকাহিনি এক অমরগাঁথা হিসাবে চিত্রিত হতে পারত। কিন্তু সেটা আশা করা যে অন্যায়। তাই তো তার মৃত্যুর মধ্য দিয়ে যজ্ঞ পন্ড করা নারীর মৃত্যুই একমাত্র পথ। তবে এর মধ্যে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। শোনা যায় তখন মুনিঋষিদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে, কারো মৃত্যু চাইলে অনায়াসে সেই দন্ড দিতে পারতেন। কিন্তু তার মৃত্যুর জন্য রামচন্দ্রের উপর ভরসা করতে হল কেন?‌ তবে এটাও একটা কৌশল? রামচন্দ্র স্বয়ং হরির অবতার।তাঁর হাত দিয়ে দন্ড দান করলে একটা ভিন্ন সংবাদ পরিবেশন করা সহজ হবে। রামচন্দ্র ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। তাড়কার অন্যায় আচরনের বিবরণ শুধু বলা হল, কিন্তু তার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের কোন প্রতিবিধান দেখা গেল না। অথচ এই রামচন্দ্রের পাদস্পর্শে অহল্যা প্রান ফিরে পেয়েছিল। তাড়কারও তো ন্যায় পাওয়ার অধিকার ছিল। কিন্তু হল না কেন? অনার্যসম্ভূত নারী আর আর্য গোষ্ঠীর উপর সরাসরি বিদ্রোহ ঘোষনাতেই কি তাড়কার ঐ রকম পরিনতি ঘটেছিল?

পরের ঘটনা আমাদের সকলের জানা। ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে আসেন তপোবনে তাড়কার অত্যাচার বন্ধ করতে । যজ্ঞ নষ্ট করতে আসা তাড়কা আর তার পুত্রদ্বয় এলে, রামচন্দ্র তাকে এই কাজ থেকে নিরস্ত হতে বলেন, এমনকি মা বলেও সম্বোধন করেন।তাড়কা কিছুটা সম্মোহিত হয়ে পড়েন স্বল্প সময়ে। ঈশ্বরের প্রতিভূ হিসাবে রামচন্দ্রকে নিজের আর্তি জানানোর পরেও, রামচন্দ্র কোন সদুত্তর দিতে পারেন নি। তিনি হয়ত তার প্রতি অন্যায় হবার সঠিক বিচার প্রার্থনা করেছিলেন। কিন্তু রামচন্দ্রের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে পৃর্বের মতই যজ্ঞ নষ্ট করার কাজ করতে শুরু করে। রামচন্দ্র প্রথমে নারী হিসাবে তার প্রান হরণ করতে চাননি।তাই প্রথমে তাড়কার হাত পা ছেদন করে শাস্তি দিতে চেয়েছিলেন।এতে ক্রুদ্ধ ও অপমানিত তাড়কা আরো অত্যাচারী হয়ে উঠল। আর সেই অবস্থায় প্রান নিলেন শ্রী রামচন্দ্র। মুক্তি দিলেন আর্য গোষ্ঠীর মুনি ঋষিদের। কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে গেলেন। সেটা সঠিক বিচারের বিপক্ষে।

রামচন্দ্রের বনবাস পর্বের পরম্পরা লক্ষ্য করলে, একটা জিনিস চোখে ভাসে। অনেকেই হয়ত আমার মতের বিরোধিতা করবেন, কিন্তু আমি বিষয়টাকে নিজের মত করে আলোচনা করছি। বনবাস পর্বের প্রধান প্রধান ঘটনা সমূহে কিন্তু অভিন্ন চিত্র চোখে ধরা পড়ে।ইতিহাস পাঠ করলে আমরা দেখতে পাই রাজা কিংবা সম্রাটদের রাজ্য বিস্তারের কথা। যে সময়ের কথা রামায়নে বর্ণিত হয়েছে, সেই সময়কালে ভারতের বিভিন্ন অঞ্চলে রাজ্য শাসন করতেন অনার্য রাজ শক্তি। এই সমস্ত রাজাদের দক্ষতা, প্রজাপালনের ভূমিকা ছিল ঈর্ষণীয়। আমরা যে বালির কথা পূর্বেই আলোচনা করেছি, ঐ বালিও কিন্তু ছিল অনার্যসম্ভূত রাজা। শাসনক্ষমতা ছিল যথেষ্ট ইর্ষনীয়। রামচন্দ্র সুগ্রীবকে রাজা বানিয়ে নিজের অধীনস্ত করে, সেই রাজ্য নিজের অধীনে আনার ছিল একটা কৌশল। বালি রামচন্দ্রের বশ্যতা স্বীকার করত না, তাই বালিকে গুপ্ত হত্যা করে পরোক্ষে রাজ্যে নিজের আধিপত্য বজায় রাখাই ছিল তাঁর লক্ষ্য।

রামচন্দ্রের বনবাস পর্বের প্রাথমিক পর্যায়ে আমরা পাই নিশাদ রাজ গুহের (গুহক চন্ডাল) বিবরণ। নিশাদরাজ ছিলেন অনার্যসম্ভূত রাজা। আর এখান থেকেই রামচন্দ্রের বিজয় অভিযান শুরু। রাজ্য বিজয়ের দুটি পর্ব বিদ্যমান। একটি হল বশ্যতা স্বীকারের মাধ্যমে রাজ্য জয় আর অন্যটি হল যুদ্ধের মাধ্যমে রাজ্যের বিস্তার। গুহক চন্ডাল ছিলেন গঙ্গা তীরবর্তী শৃঙ্গবেরপুরের রাজা। তিনি ছিলেন নিষাদ মানে ব্যাধ বংশীয় রাজা। এরা চন্ডাল নামেও অভিহিত।বৈদিক যুগে কিংবা ত্রেতা যুগেও জাত পাতের বেড়াজাল যথেষ্টই ছিল। আর তা না থাকলে, রামচন্দ্রের সাথে গুহকের মিলন চিত্র এত ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে হত না।

গুহক অযোধ্যা নগরীর সূর্য রাজ বংশের সম্পর্কে যথেষ্টই অবগত ছিলেন। আর তাই রামচন্দ্র গুহকের রাজ্যে প্রবেশ করার সাথে সাথোই গুহক রামচন্দ্রকে সমাদর করে রাজ্যে আপ্যায়ন জানায় রাজকীয় মর্যাদায়। কিন্তু রামচন্দ্র গুহকের রাজ্য নিষাদ নগরীতে অবস্থান করলেও, রাজমহলে প্রবেশ না করে বৃক্ষের নিচে অবস্থান করেন ও রাত্রি যাপন করেন। ফলমূল ভক্ষন করেন, যেগুলো নৈবেদ্য আকারে রামচন্দ্রকে অর্পন করেন। নিষাদ রাজার কাছ থেকে ফল ভক্ষনে কোন দোষ নেই, তাই ফল ভক্ষন করেছিলেন। এরপর রাত্রে রাম সীতাকে সারারাত পাহারা দিয়েছিলেন লক্ষনের সাথে।

পরদিন সকালে দুজনে আলিঙ্গনবদ্ধ হয়ে সৌজন্যের নিদর্শন রাখেন, যেটা রামচন্দ্রের জাতপাত ধর্মের উর্দ্ধে থাকার এক কৌশল বলেই মনে হয়। মানব রামচন্দ্রের এই মহান কর্মকে ভগবানের আশীর্বাদ বলে বর্ণনা করা হয়েছে। নিষাদ রাজ রামচন্দ্র সহ তিনজনকে ভালো নৌকো করে অন্য প্রান্তে পৌঁছে দেন, যেখানে চিত্রকূট পর্বতের কাছে ভরদ্বাজ মুনির আশ্রম।

চলবে 

৩টি মন্তব্য:

  1. শ্যামাশঙ্কর বরাট২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০১ PM

    সুন্দর সুন্দর। ছোট বড় সকলের সমস্ত সময়ের পছন্দের শীর্ষে।

    উত্তরমুছুন
  2. সুন্দর লিখেছেন, সত্যিই সুন্দর।

    উত্তরমুছুন
  3. ভক্তি ও মুগ্ধতার পরকলা চোখ থেকে সরিয়ে রেখে একটি ঐতিহ্যবাহী মহাকাব্যের এই পর্যবেক্ষণ অবশ্যই প্রশংসার যোগ্য। সমকালের রাজনৈতিক, কূটনৈতিক, সামাজিক চিত্রটা পরিষ্কার হচ্ছে । প্রকৃতি লালিত অনার্য সভ্যতাকে সরিয়ে দিয়ে লৌহ যুগের কৃষিভিত্তিক আর্য্য সভ্যতা বিস্তার লাভ করছে। রাজা, পুরোহিত, কবিও তার শরিক। কুঠারের ঘায়ে বনভূমি নাশ হচ্ছে, অস্ত্রের ঘায়ে উত্যক্ত আদিবাসীরা ক্রমশ: আরো গভীর বনে আশ্রয় নিচ্ছে। সেখানেও তাদের শান্তি নেই। কৃত্তিবাসী রামায়ণে বনপর্বে রামের হাতে তাদের গণহত্যার উল্লেখে শিউরে উঠতে হয়। (আজও কি উন্নয়নের গ্রাসে কবলিত নয় তাদের বাসভূমি, জীবন?)।
    রামায়ণে রাম হিরো। কাউকে হিরো বানাতে গেলে একজন জোরদার ভিলেন চাই ( রাবণ - অমিশ ত্রিপাঠী ) ঋষি ও কবি রাবণকে ভিলেন করলেন। রাজায় রাজায় রাজ্য বিস্তারের যুদ্ধ হয়। কিন্তু প্রজাদের ভিতরে একদিকে অন্ধভক্তি আর একদিকে অন্ধঘৃণার সংস্কৃতি মসীর মাধ্যমে ছড়িয়ে গেল। 'আজও সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে '।
    কেতকী বাগচী
    সল্ট লেক কলকাতা।

    উত্তরমুছুন