নির্বাসিত সাগর
শুভাশীষ পাইন
বাঙালি এমন এক জাতি যে তার শ্রেষ্ঠ সন্তানদের পূজা করে মৃত্যুর পর, আর জীবদ্দশায় তাদের নির্বাসন দেয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন হল বাঙালির এই অকৃতজ্ঞতার সবচেয়ে বড় দলিল।
উনিশ শতকের কলকাতায় হিন্দু সমাজ যখন ভেতর থেকে ভেঙে পড়ছে, তখন দুটি পথ খোলা ছিল। একটি পথ ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের পথ। হিন্দু কলেজের মেধাবী ছাত্র, ডিরোজিওর শিষ্য কৃষ্ণমোহন ১৮৩২ সালে প্রকাশ্যে খ্রিস্টধর্ম গ্রহণ করলেন। তিনি শুধু ধর্মান্তরিত হলেন না, তিনি হিন্দু ধর্মকে প্রকাশ্যে অপমান করতে শুরু করলেন। তাঁর উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে হিন্দু হয়ে থাকা মানেই পিছিয়ে থাকা, প্রগতিশীল হতে হলে হিন্দুত্বকে ত্যাগ করতে হবে। এই ঘটনা শিক্ষিত বাঙালি সমাজে এক ভয়ঙ্কর ধাক্কা দিয়েছিল। বহু যুবক ভাবতে শুরু করেছিল ধর্ম ছেড়ে পালানোই মুক্তি।
ঠিক সেই অন্ধকার সময়ে দ্বিতীয় পথটি দেখালেন বীরসিংহের এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান। তিনি পালালেন না, তিনি লড়লেন। তিনি বেদ, উপনিষদ, পরাশর সংহিতা, স্মৃতিশাস্ত্র ঘেঁটে প্রমাণ করলেন যে হিন্দু ধর্মে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। তিনি প্রমাণ করলেন যে বাল্যবিবাহ, বহুবিবাহ, কুলীন প্রথা হিন্দু ধর্মের অঙ্গ নয়, এগুলি সমাজের শরীরে বাসা বাঁধা রোগ। কৃষ্ণমোহনরা হিন্দু ধর্মকে গালি দিয়ে যে ক্ষতি করতে চেয়েছিলেন, বিদ্যাসাগর হিন্দু ধর্মের ভেতরে থেকে তার চিকিৎসা করে হিন্দুত্বকে বাঁচিয়ে দিলেন। তিনি না থাকলে হিন্দু সমাজের শিক্ষিত অংশ কবেই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিত। এই অর্থে তিনিই হিন্দুত্বের প্রথম পুনরুত্থানের নায়ক। তিনি দেখিয়েছিলেন হিন্দু হয়েও কীভাবে প্রগতিশীল হওয়া যায়। তিনি নিজের একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে এক বিধবা কন্যার বিবাহ দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে বিধবা বিবাহের আয়োজন করে সেই সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই কারণেই তাঁর ওপর নেমে এসেছিল তৎকালীন তথাকথিত উচ্চ শ্রেণীর ভয়ঙ্কর ক্রোধ। রাধাকান্ত দেব বাহাদুরের নেতৃত্বে ধর্মসভা তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই ধর্মসভার কাছে ধর্ম মানে ছিল বিধবাদের আজীবন উপবাস করানো, দশ বছরের মেয়েকে পঞ্চাশ বছরের পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া। বিদ্যাসাগর যখন ছত্রিশ হাজার মানুষের স্বাক্ষর নিয়ে বিধবা বিবাহের পক্ষে সরকারের কাছে আবেদন করলেন, তখন এই রক্ষণশীল গোষ্ঠী পঞ্চাশ হাজার স্বাক্ষর জোগাড় করে তার বিরোধিতা করেছিল। কলকাতার রাজপথে তাঁকে ব্যঙ্গ করা হত, তাঁকে 'বিদবা-বিয়ে-ওলা' বলা হত, তাঁর প্রাণনাশের চেষ্টা পর্যন্ত হয়েছিল। সংস্কৃত কলেজের দরজা তিনি যখন শূদ্র এবং অব্রাহ্মণদের জন্য খুলে দিলেন, তখন কলকাতার ব্রাহ্মণ্য সমাজ তাঁকে প্রায় একঘরে করে দিয়েছিল।
এই দ্বন্দ্বের মাঝেই ঘটেছিল সেই মহাজাগতিক সাক্ষাৎ। ১৮৭৫ সালের ৫ই আগস্ট, বাদুড়বাগানের বাড়িতে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস। একজন জ্ঞানের সাগর, আর একজন ভাবের সাগর। বিদ্যাসাগর তখন বাংলার সবচেয়ে বিদ্বান মানুষ, আর ঠাকুর তখন প্রায় নিরক্ষর। কিন্তু ঠাকুর ঘরে ঢুকেই বলেছিলেন, এতদিন খাল, বিল, নদী দেখেছি, আজ সাগর দেখলাম। বিদ্যাসাগর তাঁকে প্রশ্ন করেছিলেন, ব্রহ্ম কি? রামকৃষ্ণ বলেছিলেন, তাঁকে মুখে বলা যায় না। এই সাক্ষাৎ প্রমাণ করে দেয় বিদ্যাসাগর নাস্তিক ছিলেন না। তিনি মন্দিরের পাথরের মূর্তিতে ঈশ্বর খুঁজতেন না, তিনি মানুষের মধ্যেই ঈশ্বরকে খুঁজতেন। তাই তিনি বলতে পেরেছিলেন, আমার কাছে এক একটি বিধবার দুঃখ মোচনই এক একটি ঈশ্বর দর্শন।
এই মানুষটিকেই আমরা কলকাতায় থাকতে দিলাম না। বিধবা বিবাহের জন্য তাঁর প্রায় সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল। তাঁর বন্ধুরা তাঁকে ছেড়ে গিয়েছিল। পুত্রের সঙ্গে বিচ্ছেদ তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। অকৃতজ্ঞ বাঙালি সমাজের প্রতিদিনের অপমানে তিনি বুঝেছিলেন এই শহর তাঁর নয়। তাই তিনি চলে গিয়েছিলেন বর্তমান ঝাড়খণ্ডের কর্মাটাঁড়ে। সেখানে সাঁওতালদের সঙ্গে তিনি তাঁর শেষ জীবন কাটিয়েছিলেন। তিনি লিখেছিলেন, কলকাতার ভদ্রলোকদের চেয়ে আমার কর্মাটাঁড়ের সাঁওতালরা অনেক বেশি ভদ্র এবং সৎ। যে ব্রাহ্মণকে কলকাতার ব্রাহ্মণরা ঘৃণা করত, সেই ব্রাহ্মণই সাঁওতাল মেয়েদের জন্য স্কুল খুলেছিলেন, তাদের জন্য নিজের হাতে হোমিওপ্যাথি ওষুধ দিতেন, তাদের চাল-ডাল দিতেন।
১৮৯১ সালের ২৯শে জুলাই তিনি যখন মারা গেলেন, তখন কলকাতায় তাঁর জন্য কোনও শোকসভা হয়নি। একজন মহামানব নিঃশব্দে চলে গেলেন। আজ আমরা তাঁর মূর্তি নিয়ে রাজনীতি করি, কিন্তু তাঁর আদর্শকে ভুলে যাই। বিদ্যাসাগর প্রমাণ করে গেছেন, ব্রাহ্মণ হওয়া মানে জন্মসূত্রে শ্রেষ্ঠ হওয়া নয়, ব্রাহ্মণ হওয়া মানে ত্যাগ, করুণা এবং সংস্কারের সাহস রাখা। আর বাঙালি প্রমাণ করেছে, সে তার শ্রেষ্ঠ সন্তানকে চিনতে আজও ভুল করে।
নিবন্ধের বক্তব্য লেখকের নিজস্ব

শুভাশিসবাবু,আলোকপাত করেছেন কিন্তু মন ভরল না।আসলে সাগরকে কি আর কোন পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপ করা যায়?যায় না।তবে আমার একটা প্রশ্ন আছে।আর সেটা হল,বিধবা বিবাহের কথা বলতে গেলে কিন্তু উচ্চশ্রেণীর হিন্দুদের কথা উল্লেখ করতে পারতেন।কেননা অনার্যভূত অন্ত্যজ শ্রেণীর মধ্যে বিধবি বিফাহ আগেও প্রচলিত ছিল,আর অদ্যাবধি সেটা থেকেই গেছে।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়