উত্তর সম্পাদকীয়ঃ সংবাদ সাংবাদিকতা ও গণমাধ্যম (২) - সন্তোষ ভট্টাচার্য

 

সংবাদ সাংবাদিকতা ও গণমাধ্যম

সন্তোষ ভট্টাচার্য

(সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে চর্চা করতে মন্দ লাগে  না। কিন্ত কতটা স্বাধীন আজকের সংবাদ মাধ্যম, সাংবাদিক ও সম্পাদকরা। প্রবীণ সাংবাদিক ডঃ পার্থ চট্টোপাধ্যায় কয়েকবছর আগে বাঁকুড়া বইমেলা উদ্বোধন করতে এসে বলেছিলেন যে তিনি রামানন্দ চট্টোপাধ্যায়কে এদেশের শেষ স্বাধীন সম্পাদক মনে করেন। এসম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। গতকাল ৩ মে ছিল"ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে" । সেদিন থেকে শুরু হয়েছে প্রাসঙ্গিক একটি নতুন ধারাবাহিক সম্পাদক সন্তোষ ভট্টাচার্যের কলমে।  অনুগ্রহ করে সম্পূর্ণ লেখাটি পড়তে অনুরোধ জানাই। আজ দ্বিতীয় কিস্তি)

দুই 

সকালের দৈনিক খবরের কাগজের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে। নেতা মন্ত্রীদের দুর্নীতি, রাজনৈতিক ক্রিয়াকর্ম, হিংসা,  খুন, বোমাবাজি, নানান ধরনের অপরাধের খবর পড়তে পড়তে মানুষ আজ ক্লান্ত। অনেক সময়ই লক্ষ্য করা যায় যে ব্যক্তিগত কৃতিত্বের খবর বা সমাজের পক্ষে গৌরবের খবর স্থান পায় ভেতরের পৃষ্ঠায় কোনো এক কোণে। 

বছর চল্লিশ আগেও এ অবস্থা ছিল না।  "যুগান্তর", "বসুমতী"  "আনন্দবাজার পত্রিকা"র  সংবাদ  ও উত্তর সম্পাদকীয়র আকর্ষণ উপেক্ষা করতে পারতাম না। আমি সচেতন ভাবেই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় মুখপত্রগুলির উল্লেখ করছি না। 

রামানন্দ চট্টোপাধ্যায়ের মৃত্যুর বহুকাল পর পর্যন্ত তাঁর উত্তরসূরি কেদারনাথের সম্পাদনায়, সীতা দেবী ও শান্তা দেবীরা "প্রবাসী"  ও "মডার্ণ রিভিউ" প্রকাশনা চালিয়ে 
গেছেন পত্রিকা দুটির স্বকীয়তা বজায় রেখে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে প্রকাশিত হতে থাকে বেশকিছু ক্ষুদ্র সংবাদপত্র। এর মধ্যে অনেকগুলিই সম্পাদকের মৃত্যুর পর প্রকাশনা বন্ধ হয়ে গেছে।  স্বাধীন মতামত প্রকাশ করার ক্ষেত্রে এগুলির সাহস প্রশংসাযোগ্য। এদের মধ্যে উল্লেখযোগ্য 'বাঁকুড়া দর্পণ' সম্পাদক রায়বাহাদুর ডাঃ রামনাথ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র  রামরবি মুখোপাধ্যায় সম্পাদিত সাপ্তাহিক 'মল্লভূম', বিষ্ণুপুর থেকে প্রকাশিত গোকুল চন্দ্র ঘোষ  সম্পাদিত সাপ্তাহিক 'অভিযান', সুচাঁদ বিশ্বাস সম্পাদিত 'রাঢ় জন সমাচার', পাত্রসায়ের নিকটবর্তী পাটিত থেকে প্রকাশিত পাঁচকড়ি ঘোষাল সম্পাদিত 'ইচ্ছাশক্তি' বাঁকুড়া থেকে প্রকাশিত  তারাপ্রসাদ সিকদার সম্পাদিত 'সরণ', লীলাময় মুখোপাধ্যায় সম্পাদিত 'বাঁকুড়া হিতৈষী', আশ্বিনী মহান্তী সম্পাদিত 'বাঁকুড়া বার্তা', শ্যামাপদ চৌধুরী সম্পাদিত 'রাঢ় বাঁকুড়া',  মানিক চৌধুরী সম্পাদিত 'বঙ্গদূত' ও 'বঙ্গ পরিচিতি',  জয়ন্ত বরাট সম্পাদিত 'পরশুরামের কুঠার',  সুনীল দাস সম্পাদিত 'রাঢ় লোক মঙ্গল', অমরনাথ দে সম্পাদিত 'পুষ্পাঞ্জলি' উত্তম লোহার সম্পাদিত 'ভাইব্রেশন',  খাতড়া থেকে প্রণব হাজরা সম্পাদিত 'শাল পিয়াল', সঘন চট্টোপাধ্যায় সম্পাদিত 'কাঁসাই সংবাদ', অপূর্ব রায়ের 'গ্রাম বাংলার মুখ',  অনুপ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 'জঙ্গলমহলের খবর' , সুকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 'জঙ্গলমহল এক্সপ্রেস'', এবং বাঁকুড়া থেকে আমার নিজের সম্পাদনায় 'মাদল' পরবর্তীতে 'ধামসা মাদল' এবং 'শহর নগর'। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ পত্রপত্রিকাই সেভাবে সংরক্ষিত নেই কোনোখানে। কারো কারো ব্যক্তিগত সংগ্রহে দু এক কপি খুঁজে পাওয়া গেলেও ধারাবাহিক কিছু পাওয়া খুবই কষ্টকর।  বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক পাক্ষিক পত্রিকা "মুক্ত বিহঙ্গ" প্রকাশ জেলায় সংবাদপত্রের ইতিহাসে এক ব্যতিক্রমী সংযোজন।

এর আগে শুধু খেলাধুলা ও সংস্কৃতি সংবাদ নিয়ে কোনো পত্রিকা প্রকাশ হয়নি। পত্রিকাটির প্রথম সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আজও গর্ববোধ করি। ১৯৮৩ সালের ১ ফেব্রুয়ারি প্রথম প্রকাশের পর থেকে একটানা ৪১ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই পত্রিকা। বর্তমানে রবীন মণ্ডল এর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও  বাঁকুড়া থেকে প্রকাশিত  বাংলা ও সাঁওতালিতে দ্বিভাষিক পত্রিকা স্বপন প্রামাণিক সম্পাদিত 'লাহান্তি', ও মলিন্দ হাঁসদা সম্পাদিত 'সার সাগুন' বিশেষ উল্লেখযোগ্য। 
১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫শে জুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরী অবস্থা জারি করে বিরোধী কন্ঠস্বর বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত আনলে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়। সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে সেন্সরশিপ চালু করা হয়। 
২১ মাস পর ১৯৭৭ এর ২১শে মার্চ জরুরী অবস্থা প্রত্যাহারের পর  সংবাদপত্র ও সাময়িকীর প্রতিবেদন দেশজুড়ে ইন্দিরা গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে যে জনমত সৃষ্টি করেছিল তার ফলে কেন্দ্রে দীর্ঘ তিরিশ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটেছিল। শুধু কেন্দ্রের সরকার পরিবর্তন নয় অনেকগুলি রাজ্য থেকেও কংগ্রেসের রাজপাট মুছে যায়। পশ্চিমবঙ্গ তার অন্যতম। ১৯৭৭ এ এরাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস।
চলবে 

৪টি মন্তব্য:

  1. আপনার আজকের লেখাতে জেলার পত্রপত্রিকার নামোল্লেখ করেছেন,কিন্তু সেগুলোর সমাজজীবনে ভূমিকা নিয়ে সেভাবে কিছু বর্ননা করেন নি।আরো একটু বিস্তৃত আলোচনার দাবী জানাচ্ছি।
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ। জেলার পত্র পত্রিকাগুলোর সমাজজীবনে কি ভূমিকা, এবিষয়ে পৃথক নিবন্ধে আলোচনা করার চেষ্টা করব।

      মুছুন
  2. মূল্যবান লেখা।

    উত্তরমুছুন