শারদোৎসব ১৪৩৩ঃ প্রবন্ধ - সুকুমার বন্দ্যোপাধ্যায়

শহর নগর শারদোৎসব ১৪৩৩

 সর্ব স্বরূপিনী- সদা প্রসন্নময়ী 

 সুকুমার বন্দ্যোপাধ্যায় 

দেবি প্রপন্নার্তিহরে প্রসীদ

        প্রসীদ মাতর্জগতোঽখিলস্য ।

প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং

        ত্বমীশ্বরী দেবি চরাচরস্য ।।

- শ্রীশ্রীচন্ডী ( দুর্গা সপ্তশতী ,১১ অধ্যায়,শ্লোক নং -৩ )

-- "হে দেবী যারা আপনার শরণাপন্ন হয়, আপনি তাদের সকল দুঃখ বা আর্তি হরণ করেন। আপনি প্রসন্ন হোন, আপনি সমগ্ৰ জগতের মাতা, আমাদের প্রতি প্রসন্ন হোন এবং এই সমগ্র বিশ্বকে রক্ষা করুন। হে দেবী আপনিই এই স্থাবর ও জঙ্গম ( চরাচর ) সমস্ত জগতের ঈশ্বরী বা অধিকারিণী "। 

কিম্বা 

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে।

ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোহস্তুতে।।

তিনি শুধু উদ্ধারকারিণী, সংহারিণী নন। তিনি সকলের সর্বস্বরূপিণী, আনন্দময়ী মা। তিনি সদা প্রসন্নময়ী।

শ্রীশ্রী চন্ডী'তে বলা আছে - রূপং রূপং প্রতিরূপং বহু ব । তিনি দশপ্রহরণধারিণী হয়ে সব জায়গাতেই বিরাজমানা। তাঁকে, তাঁর স্বরূপ চিন্তা করে এই সদা প্রসন্নময়ী চিন্ময়ী প্রতিরূপটি উপলব্ধি করতে হয় ।কায়মনোবাক্যে, শুদ্ধ চিত্তে, ভক্তিতে, নিরাসক্ত ও নিরহঙ্কারী হয়ে, জাগতিক মায়া - মোহ ত্যাগ করে তাঁকে ডাকতে হয়। তিনি সন্তানের, জীবজগতের, সমস্ত চরাচরের শুভ করেন ও মঙ্গল করেন। শুধু জীবের কল্যানের জন্য নয়, দেবকুলের অস্তিত্ব রক্ষার তাগিদে দেবীকে আবির্ভূত হতে হয়েছিল। তার জন্য তাঁকে সর্বসমন্বিত রূপে, সর্বশক্তি নিয়ে অবতীর্ণ হতে হয়েছিল জগত রক্ষায়, জগত পালনে। তাই তিনি চির নতুন, শুধুমাত্র রূপান্তর ঘটান। তিনি পরা-প্রকৃতির চিরন্তনী স্বরূপা । সব সময়ই তিনি নতুন, সব সময়ই তিনি বিপন্নতা, আর্তি দূর করে আমাদের রক্ষা করেন। দুর্গম দৈত্যদলনী সমস্ত অখিল জগতের মঙ্গল করেন। তাঁর করূণাধারা বৃষ্টি হয়ে জগতকে প্রাণবন্ত করে। শস্যশ্যামলা ধরিত্রীকে প্রাণীত করে ক্ষুৎ পিপাসা নিবারণ করেন। জীবজগতকে পরিপালিত করার জন্য তিনি শাকম্ভরী রূপে প্রকট হন। জগত কল্যানে তিনি বহুরূপে নিজেকে প্রকাশ করেছেন। যখন যেমন প্রয়োজন ঠিক তখুনি নানা রূপে আবির্ভূতা হয়েছেন । কখনো কালী, তারা, মহাবিদ্যা , ষোড়শী, ভূবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা রূপে ধরায় এসেছেন। সপ্তলোকে তিনি মহাশক্তি আদ্যাশক্তিরূপে বিরাজমানা। দেবী ত্রিগুণাত্মিকা। সত্ত্ব -রজ-তম গুণের অধিকারী হয়ে দেবী আদ্যাশক্তি মহামায়া। তাঁর মহা অলৌকিক প্রভাব বিস্তার করেন জগত সংসারে। দুর্গমতা, কাঠিন্য, অসুরত্ত্ব, পশুত্ব, নাশ করে দেবী হয়ে উঠলেন - জয়ন্তী - মঙ্গলা-কালী - ভদ্রকালী। তাঁর স্বরূপ বহুধা, বহুবলধারিনী। আদি ভাবনায় সঞ্জাত দেবীমাহাত্ম্য বৈদিক যুগ থেকে পৌরাণিক যুগে বিবর্তিত হয়ে এসেছে। শ্রীশ্রী চন্ডী থেকে মুন্ডক উপনিষদে দেবী মহামায়ার অসীম গুণকীর্তনের কথা জানা যায়। কালী কথার প্রথম ব্যবহারিক প্রয়োগ পাই মুন্ডক উপনিষদে। দেবী এখানে অগ্নির সপ্ত জিহ্বার একটি প্রজ্জ্বলিত অগ্নিশিখা। শ্রীশ্রী চন্ডী'তে বলা হয়েছে দেবী মহিষাসুরকে বধ করার পর দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন - অন্যায়, অবিচার, অসুরত্ত্ব প্রকট হলেই তিনি আবির্ভূতা হবেন । 


( সংক্ষেপিত )

চিত্র পরিচিতিঃ

১। পোখন্নায় প্রাপ্ত হাজার বছরের পুরনো দেবী প্রতিমা ।

২।গলসির পুকুর থেকে সদ্য প্রাপ্ত দেবী প্রতিমা।

৪টি মন্তব্য:

  1. তোমার লেখা বড়ো সুখপাঠ্য। মুগ্ধ হয়েছি দাদা

    উত্তরমুছুন
  2. দারুণ লাগল।শুধু সুকপাঠ্য নয়,গভীরতাতে ব্যপ্তি বিশাল।তোমার শারীরিক অসুবিধা সত্ত্বেও এই ধরনের লেখা কল্পনাতীত।মঙ্গলময়ীর কাছে প্রার্থনা করি,তিনি তোমাকে সুস্হ রেখে সাহিত্যের অঙ্গন আলোকিত হতে থাকুক।
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  3. এককথাতে দারুণ।তোমার অসুস্হতাকে উপেক্ষা করে নিবেদন করেছো প্রাসঙ্গিক এক নিবন্ধ।মা মহামায়া তোমাকে সুস্হ রাখুন,,এই আর্তি থাকুক।
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  4. অনবদ্য প্রাসঙ্গিক একটি লেখা। ভক্তি ও ভাবে তন্ময়তা আনে। লেখককে শ্রদ্ধা জানাই।
    তপন কুমার চন্দ

    উত্তরমুছুন