ধারাবাহিক উপাখ্যানঃ মিথিলা বিজয় কথা (পর্ব ৯) - অতনু চট্টোপাধ্যায়

 মিথিলা বিজয় কথা 

অতনু চট্টোপাধ্যায় 

(রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের কাহিনী নিয়ে গল্প প্রবন্ধ লেখার শেষ নেই। ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দুই মহাকাব্যের চরিত্ররা। বাঁকুড়া জেলার প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায়ের কলমে এবার উঠে এলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা রামায়ণের অমর কাহিনীর টুকরো টুকরো অংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক উপাখ্যান। আজকের পর্বে "মিথিলা বিজয় কথা "। প্রতি সোমবার ও শুক্রবার  শহর নগর ব্লগজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ধারাবাহিকটি।  আজ পর্ব - নয়। - সম্পাদক)

(৯) 

একটা প্রশ্ন থেকেই যায়। আর সেটা হল রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করেছিলেন, এটা না হয় মেনে নিলাম, তার কনিষ্ঠা কন্যা ঊর্মিলারও বিবাহ দেওয়ার মনস্থির করলেন, এতদুর পর্যন্ত ঠিক আছে, কিন্তু কুশধ্বজের কন্যা দ্বয়ের বিবাহে জনকের ইচ্ছা কেন পূরণ করবেন? তার পেছনে কি কোন ইতিহাস আছে? সেটা নিয়েই একটু আলোচনা করে নিতে পারি। কুশধ্বজ জনক রাজের ভাই হয়েই মিথিলাতে অবস্থান করতেন। সাহায্য করতেন দাদাকে বিভিন্ন রাজকার্যে। এই অবস্থায় রাজা জনক সঙ্কোশ রাজ্য আক্রমন করে ঐ রাজ্য লাভ করেন। আর ঐ রাজ্যের রাজা করেন ভাই কুশধ্বজকে।  সেকারনেই ধরে নেওয়া যেতে পারে, জনক রাজার মানে দাদার অবাধ্য হওয়ার সাহস কিংবা শক্তি তার ছিল না। তার জন্য দুই ভাইয়ের চার কন্যার সাথে রামচন্দ্রের চার ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এখানে রামচন্দ্রের পরাক্রমী শক্তি মেনে নিয়ে রামচন্দ্রের হাতে দুটি রাজ্য দখলে আসে। এই সঙ্কোশ রাজ্য বর্তমান নেপালে অবস্থিত। রামচন্দ্রের ইচ্ছা পূর্ণ হল বিনা যুদ্ধে। বৈবাহিক বন্ধনে মিত্রতা এল সহজেই। একসাথে দুটি রাজ্যের উপর আধিপত্য। প্রাক বিবাহে জনক রাজাদের দু ভাই বিপদে কাছে থাকার বার্তা দেন দশরথের উপস্থিতিতে। এইভাবেই কৌশলে রাজ্য বিস্তার ঘটেছিল রামচন্দ্রের। তার সাথে সাথে অন্যান্য রাজ্যেও একটা সঙ্কেত পৌঁছেছিল যে, রামচন্দ্র কোন সাধারন মানুষ নন, তিনি ভগবান বিষ্ণুর অবতার রূপে মর্তে আগমন করেছেন।

রামচন্দ্র সহ চার ভাইয়ের বিবাহ জনকরাজের রাজ্য মিথিলাতে অনুষ্ঠিত হয়েছিল। এই বিবাহ অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন ঋষি বিশ্বামিত্র, তেমনই ছিলেন রাজ পুরোহিত বশিষ্ঠ সহ আরো অনেক মুনি ঋষি।  অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আর্যাবর্তের সব ক্ষত্রিয় রাজাদের। বরযাত্রী হিসাবে ছিলেন দশরথ সহ তাঁর মন্ত্রীসভার সকল সদস্য। প্রধান অমাত্য সুমন্ত্রও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এখানে একটা প্রশ্ন থেকে যায়। আর সেটা হল রাবণকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? এই প্রসঙ্গে রামায়ণে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।অনেকেই বলে থাকেন যে, রাবণকে আমন্ত্রণ জানানো হলেও, রাবণ ঐ অনুষ্ঠানে আসেন নি। তার কারন হিসাবে বলা হয় যে, সীতার সয়ম্বর সভাতে রাবণও নাকি উপস্থিত হয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।কিন্তু এই ধারনাকে মন থেকে মেনে নেওয়া যায় না। এর পেছনে যে যুক্তি আছে, সেগুলো হলঃ

একঃ রাবণ সীতার সয়ম্বর সভাতে আসেন নি, মানে ডাক পান নি।

দুইঃ রাবণের মত বীর সেই সময়ে সমগ্র ভৃভারতে ছিল না।

তিনঃ রাবণ ছিলেন শিবের প্রধান ভক্ত, তাই শিবের আশীর্বাদে তিনি হরধনু তুলতে ব্যর্থ হতেন না।

চারঃ সয়ম্বর সভাতে শুধু আর্যাবর্তের আর্য রাজাদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল। কোন অনার্য রাজশক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকটা মহাভারতে বর্ণিত দ্রৌপদীর সয়ম্বর সভাতে কর্ণের অংশগ্রহনে বাধা দান করার মত অবস্থা।

উপরোক্ত কারণ সমূহ নির্দেশ করে যে, সীতার সয়ম্বর সভাতে রাবণ অংশগ্রহন করেন নি। এখানেও সেই আর্য অনার্য বিরোধ তত্ত্ব। তবে রাম সীতার বিবাহে স্বর্গের দেবতারাও সাক্ষী হয়েছিলেন। কিন্তু উপেক্ষিত ছিলেন সেই সময়ের সর্বশ্রেষ্ঠ নৃপতি রাবণ। এই আমন্ত্রণ না পাওয়াতে, প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন রাবণ। অনেকটা সেই দক্ষরাজের যজ্ঞে শিবকে আমন্ত্রণ না জানানোর মত। রাবণের  প্রতিশোধ স্পৃহা ও ক্রোধ রামায়নে যুদ্ধ ডেকে এনেছিল।

চিত্র ঋণঃ ইন্টারন্যাশনাল ইণ্ডিয়ান ফোক আর্ট গ্যালারি 

চিত্র বিবরণঃ (Ram Sita Vivah- Madhubani Painting (22″X15″)

চলবে

৬টি মন্তব্য:

  1. শ্যামশঙ্কর বরাট৫ অক্টোবর, ২০২৬ এ ৩:৫২ PM

    অসামান্য বিচার বিশ্লেষণ ,সুন্দর সুন্দর।

    উত্তরমুছুন
  2. মানে তো অনেক কিছু

    উত্তরমুছুন
  3. ভালো লাগছে
    দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়

    উত্তরমুছুন
  4. খুব সুন্দর। অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারছি। ধন্যবাদ

    উত্তরমুছুন