ধারাবাহিক প্রবন্ধঃ অগ্নিশপথ - ৫৯ () সুকুমার বন্দ্যোপাধ্যায়

 অগ্নিশপথ

সুকুমার বন্দ্যোপাধ্যায়


(স্বাধীনতা' - শৈশব থেকে এই একটা শব্দ যে আবেগ, যে অনুভূতির সৃষ্টি করে, দিনে দিনে তা কেমন যেন বদলাতে শুরু করে। সময়ের সাথে সাথে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বদলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে স্বাধীনতার স্বাদ অধরাই থেকে যায়। এখন আবার কে কতো বড় সেক্যুলার তার প্রমাণ করার প্রতিযোগিতায় ধর্মের দণ্ড হাতে ক্ষমতা ধরে রাখার এই যে নিরন্তর প্রচেষ্টা তা আমাদের দেশের স্বাধীনতার জন্য অগ্নিযুগের আন্দোলনকে কলুষিত করছে, রাষ্ট্রের পরিবেশকে চরম আঁধারপথে ঠেলে দিচ্ছে। এই অন্ধকারময় সময়ে একটু আলোর সন্ধানে আমরা ফিরে দেখি অগ্নিযুগের সেই আগুন পাখিদের কর্মকাণ্ড। গত  বছরের ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ ধারাবাহিক প্রবন্ধ - 'অগ্নিশপথ' ।  প্রিয় সাংবাদিক ও প্রাবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে আসছে সেই অগ্নিযুগের কাহিনি এবং আগ্রহী পাঠকদের সামনে আমরা তুলে ধরছি। আজ ঊনষাট পর্ব - সম্পাদক ।)  

এখন শুধু আর মেদিনীপুর জেলার গন্ডিতেই সীমাবদ্ধ রইলো না রাষ্ট্রদ্রোহ মামলার খবর। পাশপাশি জেলা ছাড়িয়ে গোটা বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়লো ক্ষুদিরামের বিপ্লবীয়ানার তেজোদীপ্ত কাহিনি । এমনকি দেশের মধ্যে যাঁরা সশস্ত্র সংগ্রামের আগুনে হাত সেঁকছেন সেই সব বীর জওয়ান ও তাদের সমিতি, সংগঠনের কাছে ক্ষুদিরাম এক রোল মডেল হিসেবে সম্মানিত হতে লাগলেন। সশস্ত্র সংগ্রামের হেডকোয়ার্টার মুরারিপুকুর বাগান বাড়ি, অনুশীলন সমিতি, যুগান্তর দলের সঙ্গে যোগসূত্র গড়ে উঠতে লাগলো। ছড়িয়ে পড়লো অখন্ড ভারতের কোনায় কোনায়। ক্ষুদিরামের ডাকে সশস্ত্র বিপ্লববাদের দুর্নিবার আকর্ষণে এক এক করে যোগ দিতে শুরু করে দিল তরুণ, কিশোর, যুবকের দল। অখন্ড বাংলা জুড়ে শুরু হয়ে গেল মহারণের জোরদার প্রস্তুতি। এখানে একটি প্রাসঙ্গিক কথা বলে নেওয়াটাও জরুরি। এই মুহূর্তে সেই কথাটি হল - ক্ষুদিরাম সামান্য প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে নেতৃত্বে উঠে এলেন যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে। তিনি রীতিমতো প্রশিক্ষিত বিপ্লবী। অরবিন্দ, বারীন্দ্র, উপেন্দ্র, ভূপেন্দ্র, হেমচন্দ্র, সত্যেনদের টিম ওয়ার্কে ক্ষুদিরাম এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সশস্ত্র সংগ্রামের জন্য দল গঠনে গুরুদায়িত্ব পড়লো ক্ষুদিরামের কাঁধে। এবার সরাসরি গ্ৰামে গ্ৰামে ঘুরে দক্ষ ও যোগ্য প্রতিনিধি সংগ্ৰহ অভিযান শুরু করে দিলেন। ১৯০৭ সালের ফেব্রুয়ারি মাসের পর ক্ষুদিরাম চলে গেলেন মুগবেড়িয়া গ্ৰামে । সেখানকার জমিদার বাড়িতে ডেরা বেঁধে শুরু করে দিলেন সমিতির কাজ। এই নন্দ পরিবারের আরও বাড়ি ছিল এগরা থানার কলাগেছিয়া গ্ৰামে। সেখানেও শুরু হয়ে গেল মহারণের জন্য মরণপণ প্রস্তুতি। শুধু শরীরচর্চাই নয় ,লাঠি , ছুরি খেলার পাশাপাশি বোমাবাঁধা , আগ্নেয়াস্ত্র চালানোর মতো কঠোর প্রশিক্ষণ কর্মশালার কাজ শুরু হয়ে গেল। বিপ্লববাদের প্রচার কাজে কিছুদিন বাঁকুড়া সীমান্তে বিণপুর থানার কুই গ্ৰামে ডেরা বেঁধেছিলেন ক্ষুদিরাম। নিজের মেজদি সরোজিনী দেবীর শশুরবাড়ি এখানে। প্রত্যন্ত এলাকার দুর্গমতাকে কাজে লাগানোই মূল উদ্দেশ্য ছিল বাহিনীর। তাদের সঙ্গে পাল্লা দিয়ে ইংরেজদের "টিকটিকি"পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। বিপ্লবী দলের খুঁটিনাটি বিষয় জানতে তারাও গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে জঙ্গলমহলের স্ট্র্যাটেজিক জোনে। মার্চ মাসে ক্ষুদিরামদের নিয়ে একদল বিপ্লবী পৌঁছে গেলেন মুগবেড়িয়ার নন্দদের কাছারি বাড়ি ছেন্দাপাথরে। 

চলবে

৩টি মন্তব্য:

  1. বেশ বিস্তারিতভাবে লিখেছো ভাই
    সবার জানা দরকার।ধন্যবাদ ভাই।
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  2. শুধু পাশে থাকুন ।‌‌ গ্ৰাম দিয়ে‌ শহর যাবো।

    উত্তরমুছুন