বিশেষ নিবন্ধঃ বাঁকুড়ায় ছাত্রদের উদ্দেশে- শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

 বাঁকুড়ায় ছাত্রদের উদ্দেশে

শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

{ প্রায় আশি বছর আগে ১৯ ফা1ল্গুন ১৩৪৬, ইংরেজি ৩ মার্চ ১৯৪০ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বাঁকুড়ায় ছাত্রদের সভায় এক বক্তৃতা দিয়েছিলেন। সেটি শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত ১৩৪৭ সালের বৈশাখ সংখ্যা “প্রবাসী” পত্রিকায় প্রকাশিত হয়। কবির সেদিনের সেই কথা এখনও সমান প্রাসঙ্গিক । আজকের পুণ্য দিনে সেই বক্তৃতাটি পুনঃপ্রকাশ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হল। - সম্পাদক}


আমার শরীর অসুস্থ। ইচ্ছা ছিল তোমাদের কাহে কিছু বলব না, কিন্তু পরে ভাবলাম, হার তোমাদের কাছে স্বীকার করব না কিছুতেই। তাই শরীরের অসুস্থতাকে উপেক্ষা করতে প্রবৃত্ত হলুম। প্রথমেই একটা কথা বলব। এই নে – ‘বন্দেমাতরম’ সংজ্ঞিতটি গাওয়া হ’ল এর প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ অশুদ্ধ ভাবে উচ্চারিত হ’ল। আজ তোমরা এই জাতীয় সংগীতের মূল বাহন যে সংস্কৃত ভাষা তার অবমাননা করেছ। বন্দনার কী এই রীতি ? আমাদের পরিবারে আরয পিতামহদের বানীর সঙ্গে আমাদের প্রথম পরিচয় এমন অশুদ্ধ আবহাওয়ার মধ্যে হয় নি। আমার পিতার নাম শুনেছ। কতকগুলি ব্রাহ্মণ-পণ্ডিতকে তিনি কাশী পাঠিয়েছিলেন সেখানকার পণ্ডিতদের কাছ থেকে বৈদিক ভাষার বিশুদ্ধ উচ্চারণ শিখে আসবার জন্য।। বাল্যকালে উপনিষদের শ্লোক বিশুদ্ধ উচ্চারণে আবৃত্তি করবার শিক্ষা আমাদের বিশেষ যত্নে দেওয়া হয়েছে, তাই তোমাদের মুখে এই সংস্কৃত উচ্চারণের বিকৃতিতে আমার কানে কঠোর আঘাত দিয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা দেশেই সংস্কৃত ভাষার এ-রকম অনার্য উচ্চারণ শোনা যায়। এ-রকম ভাবে সংস্কৃত ভাষার কদাচরণ অন্য কোন প্রদেশে দেখি নি। বিশেষত স্তুতিমন্ত্রে এ-রকম বাণীবিকারকে অপরাধ বলেই গণ্য করা উচিত। 

কেবল উচ্চারণের নয় আচরণের উচ্ছৃঙ্খলতা সেও কম অপরাধ নয়। তাতে সমাজকে শ্রীভ্রষ্ট ক’রে দেয়। আজকাল তরুণদের মধ্যে অত্যন্ত উদ্ধত ভাবে এই সামাজিক অবৈধতা উত্তরোত্তর উদ্দাম হয়ে উঠেছে, এ যে সকল সভ্যদেশের ভদ্রবিধির বিরুদ্ধে। যে সকল বিধিবিধান করমের মধ্যে কেবল শোভনতা নয় সার্থকতা আনে যখন- তখন তাকে অন্যায়রূপে অমান্য করার স্পর্ধা কুশ্রীভাবে প্রকাশ পাচ্ছে। যে সীমার মধ্যে মানুষ বাল্যকাল থেকে আত্মসংযম করতে শিক্ষালাভ করে সেই সীমাকে ধূলিসাৎ ক’রে ছাত্রেরা নিজের চরিত্রে ভ্রষ্টতা আনছে। যে-বিরোধের মধ্যে নৈতিক বলিষ্ঠতা আছে, এ তা নয়; এতে দুর্বলতারই পরিচয় দেওয়া হচ্ছে, একে বলে আবদার, নারীজাতির হাতে লালিত প্রশ্রয় প্রাপ্ত চিত্তবৃত্তির এ স্বৈরাচার। কোন সংগত নিয়মের মর্যাদা মানব না এ-কথা যারা ছেলেবেলা থেকে বলতে অভ্যস্ত হ’ল তারা  - ভবিষ্যতে দেশকে চালনা করবার দায়িত্বশক্তি হারাচ্ছে। যে-সব ছেলেরা সকলের চেয়ে দুর্বল প্রকৃতির, সকলের চেয়ে অসংগত আদুরেগিরি তাদেরই। এ-কথা তারা ভুলে যায় যে, যারা অকুণ্ঠিত মনে নিয়ম ভাঙতে চায় তারা নিয়ম গড়তে কোনোদিন পারে না। এই ভাঙন ধরানো মন সাংঘাতিক ভাবে বিস্তার লাভ করছে, এদের হাতে কীর্তি গথিত হচ্চে না, কীর্তি ভাঙছে। দলাদলিতে ক্রমাগতই ফাটল ধরিয়ে দিচ্ছে দেশের আশ্রয়সৌধকে। ছাত্রদের মধ্যে যারা এই সৃষ্টিশক্তি সৃষ্টিপ্রীতির মূলে আঘাত করেছেন তাঁরা এটা করেছেন স্বাজাত্য-কর্তব্যের দোহাই দিয়ে। সভা-ভাঙা দল-ভাঙা ইস্কুল-ভাঙা মাথা-ভাঙা সমস্ত এর অন্তর্ভুক্ত। ক’রে মারণ-তাণ্ডবের পিছনে দাঁড়িয়ে বাহবা দিয়েছেন। যে-বয়সে কোনো একটা গড়ে তোলবার শক্তি বা অভিজ্ঞতা থাকে না সেই বয়সে তাঁরা নিজের দলের সুযোগ ঘটাবার জন্যে এদের কানে ভাঙার মাহাত্ম্য ঘোষণা ক’রে নেশা জমিয়েছেন, - এই কাজটা সবচেয়ে সহজ কাজ। বাংলা দেশের পলিটিক্সের ক্ষেত্র আরম্ভ থেকেই আত্মবিচ্ছেদের ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পরিকীর্ণ। এই ক্ষুধার্ত তৃষ্ণার্ত রোগজীর্ণ শিক্ষা-বঞ্চিত নিরানন্দ নিঃসম্বল দেশের জন্য আজ পর্যন্ত কোনো সৃষ্টিসাধিনী কর্তব্যবিধি পাওয়া গেল না – কেবল কলহ। 

এই দুয়ো দেবার আনন্দ এতকাল বাংলা দেশে কন্যা-কর্তার খরচে বরকর্তারা নির্লজ্জভাবে সম্ভোগ করে এসেছে। এখন সেটা চেপে বসেছে অপমানিত ইস্কুল মাষ্টারদের উপরে, প্রতিকুল রাষ্ট্রসম্প্রদায়ের উপর, এর মধ্যে আছে স্ত্রৈণ কলহবুদ্ধি, নেই পৌরুষ। এই চরিত্রের মূলগত ভাঙন-বিলাসী ছেলেমানুষীর অন্ধ মত্ততায় বাংলা দেশের কর্মক্ষেত্র নিস্ফল রিক্ততায় ধূ ধূ করচে – কোন প্রোগ্রাম নেই কেবলি আস্ফালন, এতে আমাদের যত লজ্জিত করেছে ততই মনে করছি এই পথেই আরো দূরে গিয়ে লজ্জা দূর হবে। এই বিনাশবুদ্ধি বয়স্ক পলিটিশিয়ানরা চর্চা করুন আমরা অগত্যা সহ্য করব, কিন্তু বাংলা দেশের ছেলেমেয়েদের উচ্ছৃঙ্খল মত্ততার আবর্তের মধ্যে আকর্ষণ করার মতো স্বদেশের পক্ষে আত্মঘতকতা আর কিছু হতে পারে ন। 

ধ্বংস করবার কাজে যখন আগুন লাগানো হয় তখন সর্বনাশ করতে করতে সেটা আপনি ছড়িয়ে পরে – তাতে কারো কোন কৃতিত্বের প্রয়োজন হয় না, বুদ্ধির তো নয়ই। যে-বয়সে স্বভাবতই পরিণাম-দৃষ্টি থাকে না, যখন দায়িত্ব-বোধের যথেষ্ট চর্চা হয় নি তখন আগুন লাগানোর মাতামাতিতে দল বাঁধতে প্রশ্রয় দেওয়ার মতো দেশের অনিষ্ট সাধন আমি তো কিছু মনে করতে পারি নে। গত মহাযুদ্ধের পরে আমি জার্মানি গিয়েছিলুম – আমি থাকতুম ডার্মস্টাডে,  সেখানে হাইডেলবুর্গ মারবুর্গের ছাত্ররা প্রতিদিন আমার কাছে আসত – তারা একদিন আমাকে বলেছিল, এতদিন যারা আমাদের চালনা ক’রে এসেছে সেই প্রবীণদের প্রতি বিশ্বাস আমাদের একেবারে ভেঙে গেছে, আমাদের এমন কিছু চাই যার মধ্যে সার্থকতার আশা আছে। প্রবীণেরা জাতিবিদ্বেষের আগুন লাগানোর কাজে তাদের অন্ধভাবে ঠেলে নিয়ে গেছে। তার সর্বনেশে ব্যর্থতা যখন সুস্পষ্ট হ’লতারা  ব্যাকুলভাবে এমন কিছুকে চাইল জাতে তাদের সৃষ্টির উদ্যমকে যথার্থভাবে ফলবান করতে পারে। আমাদের দেসেও কি একদিন কর্তব্য দায়িত্বহীন ব্যর্থতার মরুক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনের তরুণেরা বলবে না যে, যে-প্রবীণেরা আমাদের এই রিক্ততার মধ্যে নিয়ে এসেছে তাদের প্রতি আমাদের বিশ্বাস ভেঙে গেছে। আমরা এমন কিছুকে চাই যাতে সৃষ্টিকার্যের সার্থকতা আছে। যাতে আমাদের গড়ে তোলবার শক্তি, যাতে আমাদের শুভবুদ্ধির পরিচয় পাওয়া যাবে। 

একদিন বঙ্গমাতাকে সম্বোধন করে বলেছিলুম –

“এ বিশ্বসমাজে

তোমার পুত্রের হাত নাহি কোনো কাজে” –

আজ কি বলতে হবে, হাত আছে অকাজে – কিছু গড়ে তুলতে এরা কোমর বাঁধে নি, কোমর বেঁধেছে যা গড়া আছে তার ভিত্তিতে সাবল চালাতে, তা সে নিজের চরিত্রেই হোক, বা কোনো প্রতিষ্ঠানেই হোক। 

……………………………………………………………………………

[গত ১৯ শে ফাল্গুন, ৩রা মার্চ বাঁকুড়ায় ছাত্রদের সভায় রবীন্দ্রনাথ যাহা বলিয়াছিলেন, বাঁকুড়ার ছাত্রেরা শ্রদ্ধার সহিত তাহা শুনিয়াছিল। এই বক্তৃতায় রবীন্দ্রনাথ ছাত্রদের সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা সাধারণভাবে বলিয়াছেন, বাঁকুড়ার বা অন্য কোন স্থানের বিশেষ কোনও ঘটনা তাঁহার লক্ষীভূত ছিল না। - প্রবাসীর সম্পাদক]

৪টি মন্তব্য:

  1. আজকের দিনে এর তাৎপর্য কতটা,তা এই লেখায় স্পষ্টভাবে প্রতীয়মান।এই বক্তব্য থেকে আমাদের শিক্ষাগ্রহন করা উচিত।এটাই আমার মনে হয় কবিগুরুর প্রতি সম্মান জানানোর একটা প্রকৃষ্ট উদাহরন।ক্ষয়িষ্ঞু জাতিকে একটা সতর্কতা।
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ। নিয়মিত শহর নগরের সঙ্গে থাকুন।

      মুছুন
  2. বাঁকুড়ার ছাত্রদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের এই ভাষণ ভীষণই অপ্রত্যাশিত লাগছে । যে কবি ১৩২১ বঙ্গাব্দে লিখেছেন ওরে সবুজ ওরে অবুঝ ওরে আমার কাঁচা/ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা । লিখেছেন জীর্ণ এপুরাতন যাক ভেসে যাক, ভাঙনের জয়গান গাও ...তিনি তো রক্ষণশীল দের দলে ছিলেন না ! স্কুল ভাঙ্গা, দল ভাঙ্গা, মাথা ভাঙ্গা - এ তো নকশাল আমলে হয়েছিল, তাও আমরা নকশালদের গালমন্দ করিনা । কোন উচ্ছৃঙ্খলতার কথা এখানে উনি বলেছেন বুঝতে পারছি না, জীর্ণ সংস্কারের জগদ্দল ভাঙার না পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গা জাতীয়তা বাদী আন্দোলনের ? তাও আবার নারী জাতির দোষ দিচ্ছেন ! বন্দে মাতরম গানটি তো মিশ্রবাংলায় লেখা । শব্দগুলো তৎসম । সে শব্দগুলি তো বাংলার মতই উচ্চারণ করি আমরা । বাংলা ভাষার স্বর্ণ যুগে দাঁড়িয়ে এ হেন অপবাদ ! আমার বিশ্বাস হচ্ছে না, এটা রবীন্দ্র নাথের ভাষণ ! একটু আলোকিত করলে ভালো হয় ।
    কেতকী বাগচী, সল্টলেক, কলকাতা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ। আপনি অবহিত আছেন যে ১৯৪০ সালে মার্চ মাসে কবিগুরু বাঁকুড়া এসেছিলেন এবং ১-৩ মার্চ তিনি হিল হাউসে ছিলেন। তাঁর এই সফরে সঙ্গী ছিলেন সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। ৩ মার্চ ছাত্রদের সভায় দেওয়া তাঁর এই ভাষণ ১৩৪৭ এর বৈশাখ সংখ্যা 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাঁকুড়া মেডিকেল স্কুলের ছাত্ররা "বন্দেমাতরম" সঙ্গীতটি ভুল সুর ও ভুল উচ্চারণে গাওয়াতে কবি ক্ষুব্ধ হন এবং তিনি নিজে প্রথম স্তবক গেয়ে শোনান। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী বাঁকুড়ার অগ্নিকন্যা উমা দেবী তাঁর স্মৃতিকথা "খোলা জানালা" গ্রন্থে উল্লেখ করেছেন।

      মুছুন