শেষ বিকেলের আলোয়
স্বপন কুমার পাল
সুচরিতার বিকেল বেলাটা কাটতে চায় না, যদিও এখানে সব ধরনের ব্যবস্থা আছে, কেউ মন্দিরে বসতে পারে, কারন এই বৃদ্ধাশ্রমের ভিতরেই মন্দির আছে, পার্কের মত ফাঁকা জায়গা, যেখানে বেদী করা আছে বড় গাছের নিচে। সে রকমই একটা বকুল গাছের নিচে সুচরিতা বসে ছিল, সবে মার্চের শুরু, দুপুরে রোদের তীব্রতা বেড়েছে, যদিও ভোর বেলায় পাতলা একটা চাদর গায়ে নিতে হয়। এই বকুল গাছের তলায় বসলে অন্যদের থেকে একটু বিচ্ছিন্ন রাখতে পারে নিজেকে, বলা যেতে পারে এটি তার নিজের সময়। কল্যানীর এই বৃদ্ধাশ্রমটিতে সব ধরনের সুবিধা রয়েছে, টাকাটা একটু বেশি লাগে, লিসা তবুও এটাতেই ব্যাবস্থা করেছে ।আসলে লিসার প্রচন্ড আপত্তির বিরুদ্ধে গিয়ে সুচরিতা এখানে এসেছে, কারন ও কিছুতেই চায় না ওর জন্য মেয়ের সংসারে অশান্তি হোক।
লিসা নিজে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, জামাই রুপনজিত বড় ডাক্তার, সবই ঠিকঠাক চলছিল, সুচরিতার স্বামী মারা যাওয়ার পর দেশের বাড়িতে মাকে একা না রেখে লিসা ওকে ওর কাছেই নিয়ে এসেছিল।
যমুনাদির ডাকে ওর ভাবনায় ছেদ পড়ল। আজ মন্দিরে তোমাকে গাইতে হবে না, একটু পরেই প্রার্থনা শুরু হবে তারপরেই তো তোমার গান, আজ কিন্তু রজনীকান্তের ঐ গানটা ... , আমি কত আশা করে বসে আছি, এই গানটা গাইতে হবে। তুমি যে আবেগ দিয়ে গাও, সকলের চোখে জল চলে আসে। সুচরিতারও কি চোখে জল আসে না? আসে কিন্তু বুঝতে দেয় না।
খুকু, বাবা বলে উঠল - হ্যাঁ রে হায়ার সেকেন্ডারির রেজাল্ট তো বেরোনোর সময় হয়ে এল, কলেজে কি করে পড়বি রে? নিস্তারিনী কলেজ তো অনেকটা পথ যেতে হয়, দেখি একবার তোর বড়মামাকে বলে যদি কোলকাতার কোন হোস্টেলে ব্যাবস্থা করে দিতে পারে। হোস্টেলে ব্যাবস্থা হয়েছিল বড়মামার দৌলতে আর নামী কলেজ লেডি ব্রেবোর্নে।
ঘড়ির কাঁটায় নটা বেজে গেছে। এখানে দুরকম ব্যাবস্থাই আছে, ইচ্ছে করলে নিচে ডাইনিং হলে আর বলে দিলে ঘরে খাবার পৌঁছে দেয়। সুচরিতার আজকে আর ডাইনিংএ যেতে ইচ্ছে করল না, ওকে যেন পুরানো চিন্তায় পেয়ে বসেছে।
কি সুন্দর দিনগুলো ছিল ব্রেবোর্ন থেকে পাশ করে ওর কোলকাতা ছাড়তে ইচ্ছে করছিল না, কিছুটা কোলকাতার পরিবেশ, প্রোফেসরদের ভালবাসা আর কিছুটা পলাশের জন্য। আসলে পলাশকে দেখেছিল বড়মামার বাড়িতেই, কোন ধরনের আত্মীয় হবে হয়তো, আলাপও হয়েছিল, হঠাৎই একদিন কলেজের গেটে ওকে দেখে একটু অবাকই হয়েছিল, আপনি? কেন আসতে নেই?পলাশ বলেছিল, তুমি তো বাড়ি যাবে, চল একটু কফি হাউসে কফি খাই।
না,না,আমি বাইরে কোথাও খাই না,,
'আরে বাবা আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসব আর বলব আমিই নিয়ে গিয়েছিলাম, হল তো। আর বাধা দেওয়া যায় নি।
কিন্তু এই দেখা করার তীব্রতা একটু বেশি হয়ে যাচ্ছিল কি? পলাশ গেটের কাছে না আসলে ওর ফাঁকা ফাঁকা লাগে কেন, ও কি জালে জড়িয়ে পড়ছে?
না আর এগোন হয় নি, জানে না বড়মামার কানে উঠেছিল কি না, পরীক্ষা হয়ে যাওয়ার পরই বাবা এসে ওকে নিয়ে চলে গিয়েছিল। পলাশের রঙ কিছু দিন মনের ভেতর ছিল না এটা বলে কি করে?
সারদা বৃদ্ধাশ্রমের একটা ব্যাপার ওর খুব ভাল লাগে, ব্যাক্তি স্বাধীনতা । গান যেটা ও চিরদিন ভালবেসে এসেছে সেটা এখানে ও অবাধে করতে পারে, আসার সময় হারমোনিয়ামটা সাথে নিয়ে এসেছিল, মন খারাপ হলেই হারমোনিয়ামটা নিয়ে বসে যায়, গান করে আর নিজের জীবনের না পাওয়াগুলো, তিক্ত স্মৃতিগুলো ভুল থাকতে চেষ্টা করে। বেশ ছিল মেয়ে লিসার কাছে, কিন্তু যখন লিসার শ্বশুর মারা যাওয়ার পর ওর শ্বাশুড়ি এখানে এসে থাকতে লাগল, সুচরিতা বুঝতে পারল কোথাও একটু তাল কাটছে। ও বেশ বুঝতে পারল লিসার শ্বাশুড়ি এই গান গাওয়াটা পছন্দ করছে না।কি আশ্চর্য ! ওর শ্বাশুড়িও তো গান পছন্দ করত না, নবেন্দুর হয়েছিল শ্যাম রাখি না কুল রাখি, ও নিজে গানের কিছু না বুঝলেও সুচরিতার গান গাওয়াটাকে কোনদিন অপছন্দ করে নি। আর সুচরিতার দোষ, গুণ যাই থাক নিজের ভাললাগাটা, আর যদি সেটা সত্যি ভাল হয় সেটার সাথে আপোষ করতে পারতো না। ওদের শ্বশুর বাড়িটা অনেকটা জায়গা জুড়ে। পুরুলিয়ার হুচুক পাড়াতে ওদের শ্বশুর বাড়ির নামটাই ছিল মিত্তির বাড়ি। এই বাড়ি দেখেই সুচরিতার বাবা ওর বিয়ের ঠিক করেছিল। সুচরিতা সদ্য একটা কো এড হাই স্কুলে চাকরি পেয়েছে, স্কুলটা টাউনের কাছাকাছি, ওর গ্রাম রাঙামাটি থেকে আসতে একটু কষ্টই হত আর সেই সময়েই নবেন্দুর খোঁজ পেয়েছিল ওর বাবা। নবেন্দু তখন কোর্টের পেশকার, জমি জমা প্রচুর। সুচরিতার বাবা আর দেরি করেনি, শুধু সুচরিতা বলেছিল, আর কিছুদিন চাকরি করি না বাবা।" তোকে চাকরি করতে কে মানা করছে, তোর তো চাকরি করতে সুবিধাই হবে, ওদের চাকরি করা নিয়ে কোন আপত্তি নেই।
বিয়েটা হয়ে গিয়েছিল, নবেন্দু সত্যি ভাল ছেলে, কোন নেশা নেই, পাড়ার সকলের সাথে ভাব ভালবাসা,একটাই নেশা ছিল তাস খেলা। সুচরিতার নজরে পড়েছিল যাদের সাথে ও তাস খেলে, তাদের সাথে ওদের স্ট্যাটাসে মেলে না, ঘরে এসে বলেছিল, দেখ আমি একজন টিচার, তুমিও কোর্টের পেশকার, ওদের সাথে তাস খেলা তোমার মানায় না।' ও মা ওরা পাড়ার ছেলে তাস খেলতে কি দোষ?'দোষ নয়, কিছু দিন পর তোমার মেয়ে বড় হবে, রাস্তার ধারে বসে তাস খেলতে দেখলে ও কি মনে করবে ভাব। তাস খেলাটা তারপর থেকে নবেন্দু এড়িয়ে যেতো, যদিও বন্ধুদের কাছে প্যাক খেয়েছে খুব।
সুচরিতার স্বভাব মতো ও হুল্লোড় করতে খুব পছন্দ করত, এখানে ও আবাসিকদের জন্মদিন পালন করার রেওয়াজ শুরু করেছিল।আজ এক আবাসিকের জন্মদিন, ডাইনিং রুম সাজানো হয়েছে, কেক আনা হয়েছে, কিন্তু যার জন্ম দিন তার দেখা নেই। সবাই খোঁজাখুঁজি করছে রুম, বাগান সর্বত্র, কিন্তু দেখা নেই। সুচরিতার মনে পড়ে গেল, ও যে বকুল গাছটার নিচে বসে থাকে তারও পরে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে একদিন ভদ্রলোককে বসে থাকতে দেখেছিল এখন সেখানে থাকলেও থাকতে পারে। সুচরিতার অনুমান ঠিক ভদ্রলোক ওখানেই ছিল। ওদের দেখে একটু লজ্জা পেয়ে বললো, আপনাদের কষ্ট দিলাম আসলে সব ভুলতেই এখানে চলে আসা, শুধু জন্মদিন এলেই বাবুর কথা মনে পড়ে, আমি নিজের জন্মদিন পালন করতে না চাইলেও ও দারুন হৈচৈ করত, আর আজ ও কোন আকাশের তারা হয়ে আমাকে দেখছে কে জানে!
মাঝে মাঝে এমনও হয়, এখানের কৃষ্ণচূড়া গাছটায় হলুদ ফুল ফুটেছে, অনেকেই বলে রাধাচূড়া, কেন বলে কে জানে, তবে সুচরিতা কিন্তু কৃষ্ণচূড়াই বলে। রুমের জানালা থেকে গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল লিসা যখন ছোট, ওর মামাবাড়িতে গিয়ে ওদের বাড়ির কৃষ্ণচূড়া গাছটার নিচ থেকে আসতে চাইত না ছোট ছোট হাতে ফুল কুড়িয়ে এনে বলত, কৃষ্ণকে দোব। ওর দাদু ছিলেন পরম বৈষ্ণব, সুচরিতাও হয়তো বাবার গুণ পেয়েছিল, এখনো কৃষ্ণ ভক্ত, এখানেও একটি রাধাকৃষ্ণের ফটো ওর ঘরের দেয়ালে রাখা আছে। মনে পড়ছে ওর শাশুড়ি চেয়েছিল, একটি নাতি হোক। কিছুটা নিজের প্রতি আত্মবিশ্বাস আর যৌবনের ধর্মও বলেছিল, দেখবেন আপনার নাতনিকে এমন মানুষ করব তখন বলবেন। সত্যি মেয়ের জন্য ও এমন কাজ নাই যে করেনি, নিজে মেয়ের টিউশন ঠিক করা, ব্যায়াম স্কুলে ভর্তি করা, ঠিক সময়ে খাওয়া, ঘুমোতে যাওয়া সবের ওপর নজর রাখত। নবেন্দুকে বলেছিল, ওকে কোলকাতায় প্রেসিডেন্সি কলজে পড়াব। নবেন্দু বলেছিল, খেয়ে দেয়ে কাজ নেই, কোলকাতায় পড়াব, থাকবে কোথায়?' কেন, এখনো বড়মামা আছে, হোস্টেলে ব্যাবস্থা করে দেবে।
বিকেল কিছু ক্ষণ আগে হয়ে গেছে, রুমে চা দিয়ে গেছে, চা খেয়ে বাইরে বাগানে নামতে গিয়ে দেখল অফিসে একজন গাড়ি থেকে নামল, অফিসে ঢোকার মুখটাতে ঘাড় ঘোরাতে ওর মুখে এক ঝলক রক্ত খেলে গেল ।
সেদিন টিচার্স রুমে বসেছিল অফ পিরিয়ডে, বঙ্কিম স্কুলের পিয়ন এসে বলে গেল, সুচরিতা দি, অবিনাশ বাবু আপনাকে একবার ডাকছেন। অবিনাশ বাবু এখন হেড স্যারের চার্জে আছেন, কারন এখনও নতুন হেডস্যার জয়েন করেন নি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অনেকদিন নেই তাই S.I.অবিনাশ বাবুকেই চার্জ দিয়েছেন। খুব একটা বয়েস নয়, সুচরিতার চেয়ে বছর দশকের বড় হবে হয়তো কিন্তু পরিশ্রম করতে পারেন খুব, সব টিচারের সাথে সমান সম্পর্ক, কিছুটা আদর্শবাদী, তিনি হঠাৎ সুচরিতাকে ডেকে পাঠাবেন কেন, এটা সে বুঝতে পারলো না। তবুও ডেকে পাঠিয়েছে যখন তখন সুচরিতা ঢুকলো,'আমাকে কি কিছু দরকার ছিল? একটা ফাইল দেখতে দেখতে মুখ তুলে তাকিয়ে অবিনাশ বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ,বসুন। দেখুন সুচরিতা, আপনাকে কি ভাবে কথাটা বলব বুঝতে পারছি না',
'বলুন না এত হেসিটেট করার কি আছে, সুচরিতা বলে ওঠে।'
আসলে, একজন স্কুল কমিটির মেম্বার মানে পঞ্চায়েত সদস্য বলছিলেন, ঠিক অভিযোগ নয়, জীবন শৈলীর নতুন সিলেবাস অনুযায়ী আপনি ছাত্রীদের শারিরীক পরিবর্তনের কথা যেভাবে বলছেন সেভাবে না বললেই ভাল।
সুচরিতার রাগ দপ্ করে জ্বলে উঠলো, বলল - ঐ মেম্বারকে বলবেন তাঁকে ক্লাসটা নিতে, তাছাড়া সরকার প্রয়োজনীয়তা বুঝেছে বলেই এটা সিলেবাসে রেখেছে, সরকারকে বলুক এটা তুলে দিতে।'
'না, না আপনি রাগ করবেন না, একে কো এড স্কুল তায় গ্রাম, মেয়েরা হয়তো মায়েদের কাছে বলেছে।
'তো কি, আমি মেয়েদের আলাদা ভাবে বলেছি, শারীরিক পরিচ্ছন্নতার কথা এখন থেকে না শিখলে ওরাই তো ভুগবে, দেখুন আমাকে যদি জীবন শৈলীর ক্লাস নিতে হয় তাহলে আমার মতো করেই নিতে দিতে হবে, নচেৎ অন্য কোনো টিচার কে দায়িত্ব দিন।' অবিনাশ বাবু জানেন অন্য কোন টিচার এই সাবজেক্টের ক্লাস নিতে চাইবে না, তাই আরো একটু নরম করে বললেন, আসলে আপনার মতো সাবলীলভাবে এই বিষয়টা ছাত্রছাত্রী দের কাছে বোঝাতেই পারবে না, একেবারে নতুন এবং বিতর্কিত আর সদস্যটিও অন্য রাজনৈতিক মনোভাবাপন্ন, যারা বিরোধিতা ছাড়া কিছুই জানে না।'
এখানে রাজনীতির কি হোলো? আমি এগুলো পছন্দ করি না। আসছি, বলেই গটগট করে সুচরিতা বেরিয়ে এসেছিল।
আসলে অবিনাশ বাবু নির্বিরোধী লোক, কিন্তু আজকের যুগে এই মানসিকতা অচল তাই, অনেকে পছন্দ করলেও কেউ কেউ পছন্দ করবে না, এটা তো হতে পারে না। স্কুলটা পুরুলিয়ার কাছে হলেও গ্রাম তো, কাজেই সবাই যে প্রগতিশীল মনোভাবাপন্ন হবে এটা আশা করা ভুল। স্কুলে পাঁচ জন শিক্ষিকা, সবাই ঘোরতর সংসারি, স্কুলে এসে পড়ানো ছাড়া স্কুল নিয়ে আর কোন ভাবনা ওদের মাথায় থাকে না। কিন্তু সুচরিতা দিদিমনির স্কুল নিয়ে একটু চিন্তা ভাবনা আছে, আর গ্রামের লোকের স্কুলের ব্যাপারে নাক গলানো তার পছন্দ নয়। কিন্তু যুগ পাল্টেছে,আগে মাস্টার মশাই বা দিদিমনিদের কথা শুনতে একটা সমীহ ছিল, এখন মনোভাবটা অন্যরকম, এত মোটা মাইনে পাচ্ছে আর আমাদের কোন কথা শুনবে না মানে? অবিনাশ বাবুর সাথেও একবার হয়েছিল, সার্টিফিকেটে বয়স কম করে দেবার জন্য। অবিনাশ বাবু সেটি করেন নাই , অনেক নেতাকে ধরেও যখন কিছু হল না তারপর থেকে অবিনাশ বাবুর সাথে একটু বুঝেশুনেই চলত ।
অবিনাশ বাবুও শহর থেকেই আসতেন, কিন্তু সংগঠন সূত্রে গ্রাম জীবন সম্পর্কে ধারনার সাথে ওদের সাথে মেলামেশাও ছিল, তাই এতদিন একটা স্কুলেই কাটিয়ে দিতে পেরেছে, এরপর সিনিয়রিটি অনুসারে হেডমাস্টার হলে অন্য স্কুলে যেতেই হবে। আহলে ওর জীবন দর্শন হোল - একটাই তো জীবন, তুচ্ছ কারনে আর একটু আপোষ করলে যদি সকলের কাছে ভাল ব্যাবহার পাওয়া যায় তাতে আর কি ক্ষতি, তাই সুচরিতাকে বোঝাতে গিয়েছিল। সিলেবাসের মধ্যে থেকেই বোঝান, আলাদা করে আর কিছু বোঝাতে হবে না। কিন্তু সুচরিতা উল্টো বুঝে রাগ দেখিয়ে চলে গেল।
বৃদ্ধাশ্রমের গেটে অটো থেকে অবিনাশ বাবুকে নামতে দেখে খুব অবাক হয়ে গিয়েছিল, একটি ছেলে আর স্ত্রী নিয়ে তার সুখের সংসার, সুচরিতা ওনার বাড়িতে সত্যনারায়ণ পূজো উপলক্ষে গিয়েছিল, কিন্তু এখানে কেন? থাকতে?
অফিস ঘরের দিকে যাব কি যাব না ভাবতে ভাবতে কখন যে পায়ে পায়ে অফিসে পৌঁছে গেছে সুচরিতা বুঝতেও পারেনি। অফিসে এখন আছে দীপা নামে একটি মেয়ে, সেই সুচরিতাকে দেখতে পেয়ে বললো, এই যে সুচরিতাদি, ইনি অবিনাশ বাবু আজ থেকে আশ্রমের নতুন আবাসিক, কাল সকলের সাথে পরিচয়ের একটা গ্র্যান্ড সেলিব্রেশনের ব্যাবস্থা করুন। অবিনাশ পেছন দিকে ঘাড় ঘোরাতেই সুচরিতাকে দেখতে পেয়ে বলে উঠলো, আপনি এখানে? সুচরিতা বলল, আমারো তো সেই প্রশ্ন? কথার মাঝখানে দীপা বলে উঠলো, আপনার পূর্ব পরিচিত,তাহলে তো ভালোই হল, দুজনেই পুরানো বন্ধু কে ফিরে পেলেন। দীপার কথায় সুচরিতা আর অবিনাশ বাবু দুজনেই দুজনের দিকে তাকালেন।
চলুন অবিনাশ বাবু আপনাকে আপনার রুমে নিয়ে যাই, সুচরিতা দি আপনারা পরে গল্প করবেন, এই কথা বলে দীপা অবিনাশ বাবুকে নিজের রুমের দিকে নিয়ে গেল।
আজ মন্দিরে প্রার্থনা সভার পর সুচরিতা আর গান করে নাই, অন্যরা সবাই মিলে, 'ভব সাগর তারণ' গুরু বন্দনা করেছিল। সুচরিতা নিজের রুমে এসে বসে একটু আনমনা ভাবে টিভির রিমোটে চ্যানেল পাল্টাতে লাগল, লিসা জেদ করে একটা ছোট এল ই ডি টিভি কিনে দিয়েছে। সুচরিতা বলেছিল মোবাইলে তো সব আছে, কেন টিভি দিচ্ছিস।
'তা হোক, একটু আধটু খবর শুনবে, সব সময় মোবাইল স্ক্রল করতে ইচ্ছে যাবে না, তখন দেখবে।' আজ টিভি খুলতেই দেখতে পেল কোন একটা স্কুলে গার্জেনরা হেডমাস্টারকে খুব অপমান করছে। কি কাকতালীয়ভাবে আজকে টিভির খবরে এটা দেখাল, সুচরিতার মনে পড়ে গেল, এই ধরনের একটা ঘটনা ওদের স্কুলেও ঘটতে যাচ্ছিল, অবিনাশ বাবু কি সুন্দর ভাবে ঘটনাটা সামলে নিয়েছিলেন। একজন নতুন শিক্ষিকা খুব অল্প বয়সী স্কুলে জয়েন করেছে, দিন কয়েক পরেই সেই দিদিমনি চুড়িদার পরে স্কুলে এসেছে। সদ্য সদ্য ক্লাস নাইনে উঠলেই শাড়ি পরার ফরমান তুলে নেওয়া হয়েছে, ছাত্রীরা চুড়িদার পরে স্কুলে আসছে, কিন্তু সাধারণতঃ দিদিমনিরা শাড়ি পরেই আসে। কিন্তু নতুন দিদিমনির এই চুড়িদার পরে আসা গার্জেনদের পছন্দ নয়, তারা বলতে এসেছে যে দিদিমনিকে শাড়ি পরে স্কুলে আসতে হবে। জনা দশেক গার্জেন স্কুলে এসেছে, সেই বিরোধী নেতা টিও এসেছে, তাদের অভিযোগ শুনে অবিনাশ বাবু বলেছিলেন, এখন স্কুল চলছে, এতজন গার্জেন একসাথে অফিসে ঢুকলে ছাত্র ছাত্রীদের অসুবিধা হবে, অনুগ্রহ করে দুই বা তিন জন থাকুন, তা ছাড়া সবাইকে একসাথে বসতে দিতে পারব না।
কথা শুনেছিলেন অন্যরা, অবিনাশ বাবু তাদের বলেছিলেন, - 'দেখুন আগে ক্লাস নাইনে উঠলেই শাড়ি পরে স্কুলে আসতে হত, কিন্তু বাচ্চা মেয়েদের সাইকেলে চেপে স্কুলে আসতে বেশ অসুবিধা হয় বলে এই ব্যাবস্থা শিথিল করা হয়, এখন তো স্কুলের ড্রেস পরেই ওরা আসে।আর দিদিমনির চুড়িদার পরা নিয়ে আপত্তি করছেন, আপনাদের মেয়েরাও তো ঘরে বাইরে চুড়িদার পরে, আর বাঙালি ছাড়া অন্যান্যরা চুড়িদার পরে। শিক্ষকতা করতে গেলে পোশাক নিয়ে বলতে গেলে আমাদেরও তো ধুতি পরে আসতে হয়, আপনারাও দেখুন সবাই প্যান্ট সার্ট পরে এসেছেন আসলে সুবিধা অসুবিধা নিয়ে কথা। উনি একটু দুর থেকে স্কুটিতে আসেন, ফিজিক্সের টিচার, এই সাবজেক্টের টিচার স্কুলে নেই, ভাল পড়ান, আপনারা ছাত্রছাত্রীদের ভাল পড়াশোনা চান, না কি পোশাক নিয়ে মাথা ঘামাতে চান, আপনারাই বলুন।'
একটু কিন্তু কিন্তু করে ওরা বলেছিল, ঘরের মেয়েছেলেগুলো বলছিল তাই, ঠিক আছে, ঘরে বোঝাব।
ঘটনাটা স্কুলের ক্লার্ক বিজয় বাবুর কাছে শুনেছিল, কিন্তু সেই দিনই টিফিনের সময় টিচার্স রুমে এসে অবিনাশ বাবু বলেছিল, একটা কথা আপনাদের জানাতে এসেছি, একদল গার্জেন নতুন দিদিমনির পোশাক মানে চুড়িদার পরে আসা নিয়ে আপত্তি জানাতে এসেছিলেন, আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছি, নতুন দিদিমনিকে পোশাক পরিবর্তনের কথা আমি বলছি না, কিন্তু পুরানো দিদিমনিদর অনুরোধ আপনারা আবার শাড়ি পরে আসাটা বন্ধ করবেন না, তাহলে ওরা ভাববে আমি সবাইকে প্রশ্রয় দিচ্ছি। সবাই চুপ করে রইলো, কিন্তু আশ্চর্য্যের ব্যাপার হলো পরের দিন থেকে নতুন দিদিমনিও শাড়ি পরে স্কুলে আসতে লাগল। অবিনাশ বাবু জিজ্ঞেস করেছিলেন, অসুবিধা হচ্ছে না তো?ৎজবাবে দিদিমনি বলেছিল,আমি ম্যানেজ করে নেব, কিন্তু আপনি অসুবিধায় পড়ুন এটা চাইনি।
পুরানো দিনের কথা মনে পড়াটা আর সেটা নিয়ে কখনো ঠোঁটের কোনে মুচকি হাসি আবার কোন ব্যাপারে হতাশা মনকে গ্রাস করলে মৃদু দীর্ঘশ্বাস, বেশ সময় টা কেটে যায়। কিন্তু এমন জীবন তো সুচরিতা চায় নি।সারা জীবন কোন না কোন কাজে নিজেকে জড়িয়ে রাখা ছিল ওর প্রেরণা।মনে পড়ে গেল, সেবার রবীন্দ্রনাথের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে স্কুলে একটু বড়সড় আয়োজন করে ডি আই সাহেবকে আনার উদ্যোগ নিয়েছিলেন অবিনাশ বাবু। কিন্তু উদ্যোগ নিলেই তো হবে না, একটা নতুন কিছু তো করতে আর ছাত্রছাত্রীদের দিয়ে করাবার জন্য টিচার্স মিটিং ডাকা হলো, অবিনাশ বাবুই বললেন গান কবিতা তো থাকবেই আর আমি খবর পেয়েছি নতুন দিদিমনি ভাল নাচ জানে, তাই ছাত্রীদের দিয়ে যদি কোনো নৃত্যনাট্য করানো যায় তাহলে কেমন হয়? সবাই বলে উঠল, দারুন হবে। সুচরিতা বলেছিল, শ্যামা নৃত্যনাট্যের গান গুলো আমার জানা আছে, নতুন দিদিমনিও বলল, হ্যাঁ নাচটা আমি শিখিয়ে নিতে পারব।
অবিনাশ বাবু বলেছিলেন হ্যাঁ সেটা ঠিক আছে, তবে অংশ বিশেষ তো করতে হবে, তাছাড়া স্কুলের ছাত্রীরা করবে তো সে ক্ষেত্রে চণ্ডালিকা নৃত্যনাট্যের যদি অংশ বিশেষ করা যায় যেখানে ভিক্ষু-কে চন্ডাল কন্যা জল দান করছে, সেই অংশ করলে কেমন হয়? শিপ্রা দিদিমনি সাথে সাথেই বলে উঠলো, দারুন, এটা তে জাতিভেদের বিরুদ্ধে একটা বার্তা দেওয়া যাবে। কি সুচরিতাদি তাই না? সুচরিতা একটু মৃদু হেসে বলল, ঐ অংশের গানগুলো তো আমার তোলা নেই।'
সে আপনাকে আমি রেকর্ড থেকে শুনিয়ে দেব, আপনি ঠিক পারবেন। সুচরিতা মেনে নিল, কিন্তু দ্বিধাগ্রস্ত মন নিয়ে এটা বুঝতে অবিনাশ বাবুর অসুবিধা হল না।
অনুষ্ঠান ভালই উৎরে গেল, ডি আই সাহেবের প্রশংসাও পেল, কিন্তু অবিনাশ বাবুর মনে হল সুচরিতা যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছে, বিশেষতঃ অনুষ্ঠান হওয়ার পর। ওর কি মনে হয়েছে, অবিনাশ বাবু শিপ্রাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে।
অবিনাশ বাবু আসার পর আশ্রমে পরদিন সন্ধ্যাবেলায় দীপা এসে পরিচয় করিয়ে দিল, বলল উনিও একজন রিটায়ার্ড টিচার, আপনারা সবাই এনার বন্ধু তবে সুচরিতাদির পূর্ব পরিচিত, তাই বন্ধুত্ব একটু ঝালিয়ে নিতে পারবেন।
দিন কয়েক কাটার পর এক বিকেলে সুচরিতা যখন সেই বকুল গাছের তলায় বসেছিলেন, অবিনাশ বাবু ওখানে এসেই বসলেন 'বলুন আপনার খবর, ঐ স্কুল থেকে আসার পর আপনার সাথে তো আর যোগাযোগ হয়নি, আপনার রিটায়ার্ড করাও তো আমার অনেক পরে, আপনার হাজব্যান্ড কতদিন হল নেই? সুচরিতা বলল, আসলে পুরানো জীবনগুলো বাদ দিয়ে বর্তমান জীবন, যেটুকু বাকি আছে সেটা নিয়ে পথ চললে হয় না?
একটু চুপ করে থেকে অবিনাশ বাবু বললেন, দারুন বলেছেন, অতীত আঁকড়ে বসে থাকতে আমরা এখানে আসিনি, তবুও এক একটা সময় আসে যখন কিছু কনফেস করতে মন চায়। আমি আশিতে এসে গেছি, আপনি আমার থেকে বছর দশেকের ছোট, কিন্তু আপনি প্রথম স্কুলে জয়েন করার পর যতদিন আমি ছিলাম ততদিন আপনার লড়াকু জীবনটার খোঁজ পেয়েছি, আপনার কালচারাল দিকটারও খোঁজ পেয়েছি, কিন্তু শিপ্রা আসার পর আপনার নিজেকে একটু গুটিয়ে নেওয়াটা আমার চোখ এড়ায়নি, এটা কেন, আজ জিজ্ঞেস করতে পারি? সুচরিতা একটু হাসলো, এটা আপনার ধারণা। অবিনাশ বাবু একটু শ্বাস ফেলে চুপ করে রইলেন।'উত্তর পছন্দ হল না, আপনার সেই রবীন্দ্রজয়ন্তীতে করা আবৃত্তিটা আর একবার করুন না, 'যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ কোরো না পাখা '।
কথাটা বলার সময় শেষ বিকেলের আলো সুচরিতার মুখের উপর এসে পড়েছিল, সেই আলোতে ওর মুখের দিকে তাকিয়ে অবিনাশ বাবু স্তব্ধ হয়ে বসে রইলেন।
চিত্র পরিচিতিঃ নারী কখনো "দেবী"
শিল্পী-স্বপন কুমার কর্মকার


জমে উঠেছে শহর নগর
উত্তরমুছুনদারুন লাগল।অসাধারন।কোথাও হোঁচট খেতে হল না।সাবলীল ভঙ্গিতে এগিয়েছে।বর্ণনার কোন বাড়াবাড়ি নেই,পাঠকের অন্তর সহজেই স্পর্শ করে।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়