এই সময়ের কবিতাঃ জাগ্রত শক্তি () মিনতি পাত্র

জাগ্রত শক্তি

(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি মিনতি পাত্রর কবিতা। - সম্পাদক)


মিনতি পাত্র

হে ৭৮ তম স্বাধীনতা, তোমাকে বলছি -

 হাড়হিম করা সন্ত্রাস নিয়ে বাস করা

 সম্মিলিত নারী শক্তি  বলছে- 

তুমি যদি অন্ধ না হও, মুক ও বধির না হও

তুমি যদি পাগলরূপী শয়তান না হও

তাহলে জর্জরিত হতেই হবে বিবেকের দংশনে। 

 তুমি কি জানো, তোমার ৭৮ তম জন্মদিনের 

রাতে রাত দখল করতে নারী জোয়ার এসেছিল-

মহানগরী তথা এ বঙ্গের জেলায়, ব্লকে, গ্রামেগঞ্জে, মাঠে ময়দানেই শুধু নয়-

সে প্লাবন সুনামী রূপে ছড়িয়েছে

দেশ থেকে দেশান্তরে -

তুমি ভাবছো নারী শক্তির খুব বড়াই করছি?

 ভুল ভাবছো।

বড়ো লজ্জা, বড়ো ঘৃণা, বড়ো ব্যথা হৃদয় জুড়ে --

কতো মন্দভাগ্য হলে  

এমন ধিক্কার মিছিলে নামতে হয়

তা বলে বোঝাতে রুচিতে বাধে যে!


সেও তো আমাদের  ভারতমাতার অংশ ছিল গো.. 

আমার, তোমার, সবার, সারা দেশের -

বড়ো আদরের তিলোত্তমা। 

এ পোড়া দেশে সততা আর সাহসিকতা 

পুড়িয়ে ফেলতে পারেনি বলে

কী নির্মম, পৈশাচিক, বর্বরোচিত ভাবে 

তাকে খুন করা হলো!

প্রাণহীন নিথর শরীরটা নিয়েও ধর্ষকেরা উল্লাস করলো। 

আমাদের  কেবলই মনে হচ্ছে চিৎকার করে 

বলি-- ওরে সোনা মেয়ে, এ পোড়া দেশে

এই নাম সর্বস্ব স্বাধীন দেশে, আর জন্ম নিস না মা-- 

জন্মিস না এ দুর্ভাগা দেশে। 

দু হাজার চব্বিশের চোদ্দ আগস্ট আমাদের দখলীকৃত 

রাতের আঁধারে দেখেছি আরো অনেক অনেক তিলোত্তমার প্রেতাত্মা --

ফিনিক্স পাখির মতো  মিছিলে যোগ দিয়েছে তারাও--

তারাও জানে- নারী মানে অর্ধেক আকাশ, নারী মানে সৃজনশক্তি, নারী মানে মা,বোন, সহযাত্রী

তারা এও জানে লাঞ্ছিত নারীর চোখের জলে

 তৈরি হয় ম হা ভা র ত!


এবার তুমি সাবধান হও স্বাধীনতা--

নইলে -'সব ঝুট হ্যায়-- সব ঝুট হ্যায়-- সব ঝুট হ্যায়--'

 "সারে জাহাঁ সে আচ্ছা---" শুনে অট্টহাসি  হাসবে  সবাই--

শুধরে নাও, নিজেকে শুধরে নাও 

নইলে, এই লিখলাম -- ৭৮ তম পরাধীনতা!  তোমার জয়গানের সুর কেমন করে তুলবো বলো হৃদয় বীণায়! 

শুনতে পাচ্ছো রক্তাক্ত স্বাধীনতা কেমন বজ্র  কণ্ঠে ধ্বনিত হচ্ছে--

নারী শক্তি জিন্দাবাদ!

সঙ্গের ছবিঃ ১৪ আগস্ট নারীশক্তির রাতদখল

৩টি মন্তব্য:

  1. ভালো লাগলো কবিতাটি। নারিশক্তি এভাবেই প্রতিবাদে গর্জে উঠুক।

    উত্তরমুছুন
  2. বেশ ভালো হয়েছে।

    উত্তরমুছুন
  3. ভালো হয়েছে কবিতাটি।

    উত্তরমুছুন