বিশেষ নিবন্ধঃ লক্ষ্য হোক নারীর নির্ভয় নিরাপদ অবস্থা এবং স্বাবলম্বন - সন্তোষ ভট্টাচার্য

 লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্য হোক নারীর নির্ভয় নিরাপদ অবস্থা এবং স্বাবলম্বন 

সন্তোষ ভট্টাচার্য
(আজ রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৬০তম জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা এই বিশেষ নিবন্ধ। ১০০ বছর আগে তাঁর লেখা আজও সমান প্রাসঙ্গিক। আজকের দিনে সশ্রদ্ধ প্রণাম এই মহামানবকে।)

একশ বছর আগে ১৩৩১ সালে ‘প্রবাসী’র একটি সংখ্যায় রামানন্দবাবু লিখলেন – “স্বাবলম্বন নারীদের পক্ষেও মঙ্গলজনক। শৈশব হইতে বার্ধক্যে মৃত্যু পর্যন্ত নারীর পরমুখাপেক্ষী থাকা ভাল নয়। কোন প্রকৃতিস্থ পিতা, স্বামী, ভ্রাতা বা পুত্র মনে করেন না যে, তিনি অনুগ্রহ করিয়া কন্যা, পত্নী, ভগিনী বা মাতার ভরণপোষণ করিতেছেন, ইহা সত্য। কিন্তু সকল পিতা, স্বামী, ভ্রাতা বা পুত্র প্রকৃতিস্থ বা আদর্শ স্থানীয় নহে। ……… সুতরাং নারীর স্বাবলম্বী হইবার জন্য তাঁহার উপার্জনের ক্ষেত্র বিস্তৃত হওয়া ভাল। পরিবারের সহিত যুক্ত থাকিয়া উপার্জন করিতে পারা নারী ও পুরুষ উভয়ের পক্ষে মঙ্গলকর। …… যুদ্ধ করা যে নারীর কাজ নয়, সে বিষয়ে আমাদের সন্দেহ নাই। ভরণপোষণের জন্য যাঁহাদের উপার্জনের প্রয়োজন নাই, তাঁহারও অর্থকর কোন কাজ করিলে তাঁহাদের নিজেদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও সম্মান বাড়ে এবং তাঁহাদের সম্বন্ধে অন্যদের ধারণা উচ্চতর হয়।” রামানন্দ বাবুর সময়ে 'রূপশ্রী' বা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প ছিল না, কাজেই এসম্পর্কে তার বক্তব্যও নাই। রামানন্দ চট্টোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত সাংবাদিকরা মনে করেন কর্মসংস্থানের পথ রুদ্ধ করে উপার্জনহীন নারীদের হাতে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ১০০০/১২০০ টাকা অনুদান দিয়ে ভোটের রাজনীতি করা যায় আত্মনির্ভর বা স্বাবলম্বী করা যায় না, বরং তাদের পরমুখাপেক্ষী হয়ে থাকতেই উৎসাহ যোগায় ।
রামানন্দের চট্টোপাধ্যায় বলতেন ‘কন্যাদায় কথাটা বাংলা ভাষার অভিধানে অপ্রচলিত শব্দের পর্যায়ভুক্ত হউক’। তিনি লিখলেন- "সমুদয় পৃথিবীতে নরমাংস ভোজনের বিরুদ্ধে যেমন একটি সুপ্রতিষ্ঠিত সংস্কার ও লোকমত জন্মিয়াছে, নারীর উপর অত্যাচারের বিরুদ্ধেও তেমনি একটি প্রবল সংস্কার ও লোকমত বদ্ধমূল হইলে বুঝিব যে পৃথিবীর লোক সভ্য হইয়াছে।" রামানন্দ চট্টোপাধ্যায় এই লেখা যখন লেখেন তার আগেই এদেশে সতীদাহ প্রথা বিলোপ আইন ও বিধবা বিবাহ আইন চালু হয়েছে। সতীদাহ বন্ধ হলেও বিধবা বিবাহে তখনও সেভাবে উৎসাহিত করা যায়নি। বিধবা বিবাহের পথটি এখনও খুব মসৃন হয়েছে সেকথাও জোর দিয়ে কেউ দাবি করতে পারি না। শতবর্ষ আগে প্রবাসীতে রামানন্দের এই লেখা একুশ শতকেও সমান প্রাসঙ্গিক। বর্তমান সময়ে আমাদের দেশ সহ সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে নারীর প্রতি অবজ্ঞা, অশালীন আচরণ, যৌন হেনস্থা সহ নানা অন্যায় অত্যাচারের সংবাদ প্রতিনিয়ত যেভাবে উঠে আসছে তা আমাদের ভাবিয়ে তুলেছে।
আমরা জানি যে মাত্র ২১ বছর বয়সে বাঁকুড়ার ওন্দা গ্রাম নিবাসী হারাধন মিশ্রর কন্যা মনোরমার সাথে রামানন্দ চট্টোপাধ্যায়ের বিয়ে হয়। হারাধন সেসময় শহরের লালবাজার এলাকায় বসবাস করতেন। সেই সময় মনোরমার বয়স ছিল ১২ বৎসর ৭ মাস। রামানন্দ বাবু নারী জাতির শিক্ষা ও স্বাবলম্বন নিয়ে শুধু চিন্তিতই ছিলেন না, সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিতেন। আর গুরুত্ব দিতেন বলেই তিনি তাঁর জীবনসঙ্গী বালিকা মনোরমাকে সুশিক্ষিত করে নিজের সুযোগ্য সহযোগী করে তুলেছিলেন। অল্পবয়েসে বালিকা বিয়ে করার ইচ্ছা তাঁর ছিল না।  মা ও ভাইদের অনুরোধ মেনে এ বিয়েতে তিনি রাজি হন।
আমরা জানি ১৩০৮ বঙ্গাব্দে এলাহাবাদ থেকে ‘প্রবাসী’ প্রকাশের মাধ্যমে রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাময়িক পত্রের নতুন যুগের সূচনা হয়। যোগ্য সহধর্মিণী মনোরমা দেবী ‘প্রবাসী’-র মোড়ক করা, ডাকটিকিট লাগানো থেকে শুরু করে পত্রিকার সমুদয় হিসাবপত্র যেমন রাখতেন, তেমনি যে সকল অতিথি অভ্যাগতরা আসতেন তাঁদের আতিথেয়তার প্রতিও ছিলেন সমান যত্নবান। আগেই উল্লেখ করা হয়েছে যে রামানান্দবাবু তাঁর জীবনসঙ্গিনীকে সুশিক্ষিত করে নিজের সুযোগ্য সহযোগী করে তুলেছিলেন। এ প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন যে রামানন্দবাবু মনে করতেন বাঙালিরা যেখানেই থাকুন না কেন, সেখানকার ভাষা না শিখলে স্থানীয় ভাষায় কথা না বলতে পারলে উভয়ের মধ্যে আত্মীয়তাবোধ গড়ে ওঠতে পারে না। রামানন্দবাবু নিজে হিন্দি ভাষা ভাল করে আয়ত্ত করেন।  শুধু তাই নয় মনোরমা দেবীও এমন হিন্দি শিখেছিলেন যে শুধু অনর্গল হিন্দিতে কথা বলা নয়, হিন্দি পুস্তকাদি পাঠ করে তার রস আস্বাদনেও সক্ষম ছিলেন তিনি।
প্রবাসী পত্রিকার ১৩৩৬ সালের বৈশাখ সংখ্যায় রামানন্দ বাবু লিখলেন - “প্রাণ পর্যন্ত পণ করিয়া নারীদিগকে রক্ষা করা এবং তাঁহাদিগকে আত্মরক্ষায় সমর্থ করিবার জন্য শিক্ষা দেওয়া আমাদের সর্বোচ্চ কর্তব্য বলিয়া মনে করি। ….. যদি কেহ আমাকে জিজ্ঞাসা করে - বিদেশীর প্রভুত্ব হইতে মুক্তি ও বীরপুরুষ ও বীরাঙ্গনার শৌর্যে ভারত নারীর সম্মান, দেহ ও প্রাণের নিরাপদ অবস্থা- দুটির মধ্যে কেবল একটি বাছিয়া লও, ….  তাহা হইলে আমি নারীর নির্ভয় নিরাপদ অবস্থাই  নির্বাচন  করিব”। 

আজকের দিনে রামানন্দ চট্টোপাধ্যায়ের আদর্শ সামনে রেখে সত্যনিষ্ঠ সাংবাদিকের কলম থেকে বেরিয়ে আসুক লক্ষ্মীর ভাণ্ডার নয়, নারীর নির্ভয় নিরাপদ অবস্থা এবং স্বাবলম্বনই লক্ষ্য হোক নির্বাচিত গণতান্ত্রিক কল্যাণকামী শাসকের। 

৫টি মন্তব্য:

  1. নারীর কর্ম, উপার্জন, ইত্যাদি নিয়ে অনেক কথাই বলার আছে, তবে এর একটা দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই । মেয়েরা গৃহস্থালির কাজে যে সময়, শ্রম ও মনোযোগ দেয়, সেটাকে যেন কোন কাজ বলেই ধরা হয় না সমাজে । এবং তার জন্য কোন পারিশ্রমিকও দেওয়া হয়না । মেয়েরা নিজেই বলে আমি কিছু করিনা, আমি হাউস ওয়াইফ । বেশির ভাগ মেয়েই তাদের নিজস্ব খরচের জন্য কোন অর্থ উপার্জনশীল সদস্যের থেকে পায়না, পারিশ্রমিক তো দূরের কথা । তারা যেন শুধু ভাত কাপড়ের জন্যই চুক্তিবদ্ধ । এটা নিয়ে অন্য দেশে আন্দোলন হয়, সরকার চিন্তা ভাবনা করে, কিন্তু এ দেশে হয়না । সেক্ষেত্রে, সংসার সমাজ যে কর্তব্য টা পালন করেনা, রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়, সেটা করার জন্য । আমি এই গৃহিণী ভাতার মধ্যে কোন অন্যায় দেখতে পাচ্ছি না । মেয়েরা তাদের পছন্দমত কাজ আলাদা করে করতেই পারে, কিন্তু সেটা অর্থকরী হবার বাধ্যবাধকতা কেন থাকবে ?
    অর্থনীতিকদের মতে রাষ্ট্রের বাজারে যখন পর্যাপ্ত ধন আছে কিন্তু পর্যাপ্ত কর্ম সংস্থান নেই, (অনেক সময়ই এই ভারসাম্যহীনতা হতে পারে), তখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর জন্য অনুদানের সাহায্য নিতে হয়, সাময়িকভাবে, নাহলে অচলাবস্থা হয় । উগ্র ধন বৈষম্য দূর করারও এটা একটা উপায় । - কেতকী বাগচী, সল্টলেক কলকাতা।

    উত্তরমুছুন
  2. মতামতের জন্য ধন্যবাদ। শহর নগরের সঙ্গে থাকুন।🙏

    উত্তরমুছুন
  3. রামানন্দ সম্বন্ধিত এক অসাধারণ লেখা। রামানন্দ চট্টোপাধ্যায়কে গভীর ভাবে ভালবাসলে পরেই লেখকের কাছে এই রকম লেখা পাওয়া যায়। লেখক কে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই ।

    উত্তরমুছুন
  4. মতামতের জন্য ধন্যবাদ 🌹। নিয়মিত শহর নগরের সঙ্গে থাকুন।

    উত্তরমুছুন
  5. আসলে আমরা পিছিয়ে যাচ্ছি, অদ্ভুত এক উলট পুরাণের দেশে আমাদের বাস,যে দেশে বিদ্যাসাগর, রামমোহন জন্ম গ্রহণ করেছিলেন সে দেশে সমস্ত কুস়ংসকার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা কর হচ্ছে সচেতন ভাবে, রাজনৈতিক বাগাড়ম্বর সৃষ্টি করে মেয়েদের ভোলানো হচ্ছে কিন্তু ক্ষমতার রাশ হাতে থাকছে পুরুষের উপর, তাই রামানন্দ চট্টোপাধ্যায়ের মত ব্যাক্তি দের জীবনালেখ্য বেশি বেশি করে চর্চিত হওয়ার দরকার। এই প্রবন্ধে সঠিক ভাবে সেটি প্রকাশিত হয়েছে।

    উত্তরমুছুন