জন্মদিনের শ্রদ্ধাঞ্জলিঃ রামকিঙ্কর

রামকিঙ্কর শান্তিনিকেতনের কালোবাড়ির দেওয়ালে মাটি দিয়ে মূর্তি গড়ছেন। দুপুরবেলা আচার্য নন্দলাল বসু শিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের স্টুডিও ঘরে এসে উপস্থিত। বললেন - "বিনোদ দেখে এসো কিঙ্কর মাটির কাজ করছে, তার হাতের dexterity (নৈপুণ্য ) দেখে বুক কেঁপে যায়। অনেক জন্মের সাধনা নিয়ে কিঙ্কর জন্মেছে।" আর রামকিঙ্কর নিজের সম্বন্ধে বলেছেন - "মূর্তিটারই উপরে আমার ঝোঁক, মূর্তিটাই আমার বিশেষত্ব একটা। এটা আমার নিজস্ব, এখানে নন্দবাবু নেই।" এই সত্যিটা একমাত্র রামকিঙ্করই বলতে পারেন,  প্রখ্যাত আর এক শিল্পী সৌমেন অধিকারীর মন্তব্য রামকিঙ্করের এই উক্তিকে আরও দৃঢ় করে। সৌমেন অধিকারী লিখেছেন - "খাজুরাহো, কোনার্কের ভাস্কর্যের পর একমাত্র রামকিঙ্কর ছাড়া এতবড় ভাস্কর ভারতে আর জন্মায়নি।" রামকিঙ্কর ছিলেন প্রকৃত ভারতীয় আধুনিক শিল্পী ও ভাস্কর, যিনি বিদেশী আধুনিকতার অনুকরণ বা অনুসরণ করেননি। ১৯০৬ সালের ২৫ মে বাঁকুড়া শহরের যুগীপাড়ায় জন্ম এই কিংবদন্তি শিল্পীকে আর এক কিংবদন্তি সাংবাদিক সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনে কবিগুরুর আশ্রমে সঁপে দিয়ে এসেছিলেন। তারপর ইতিহাস। আলো আঁধারে ভরা রামকিঙ্করের শিল্পী জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। তাই তাঁকে নিয়ে চর্চা ও গবেষণার কাজ নিরন্তর চলছে এবং চলবেও। নিজের সম্পর্কে যিনি বলতেন "আমি চাক্ষিক রূপকার মাত্র", জন্মদিনে সেই কিংবদন্তি শিল্পীকে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।   


২টি মন্তব্য:

  1. গতবছরও এই দিনে আপনি শিল্পী রামকিঙ্করের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি লেখা উপহার দিয়ে ছিলেন, এবছরও পেলাম ভালো লাগলো। 🙏🏼

    উত্তরমুছুন
  2. মতামতের জন্য ধন্যবাদ 🌹

    উত্তরমুছুন